রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত বা খুব বেশি ক্ষয়ক্ষতি না হলেও এ ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে।
গত শুক্রবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার অফিসে আগুন লাগার ঘটনায় ওই অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র, পাঁচ-ছয়টি কম্পিউটার, প্রিন্টার ও আসবাব পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডের কারণে প্রায় চার ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ ছিল।
বিমানবন্দর অত্যন্ত স্পর্শকাতর একটি স্থান। প্রতিদিন এখানে হাজার হাজার দেশি-বিদেশি লোকের আগমন ঘটে। একটি দেশের বিমানবন্দরের যেকোনো ঘটনা-দুর্ঘটনা আন্তর্জাতিকভাবে প্রচার পায়। এ রকম একটি স্থানে আগুন লাগার ঘটনায় সেখানকার অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। পত্রপত্রিকার খবর অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফায়ারম্যান আছে। তারপরও আগুন নেভানোর জন্য বাইরে থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটকে আসতে হয়েছে। ফলে বিমানবন্দরের বর্তমান অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথেষ্ট কি না, তা ভেবে দেখা জরুরি। একই সঙ্গে বর্তমান ব্যবস্থায় কোনো ব্যবস্থাপনাগত ত্রুটি, সরঞ্জামের অভাব বা লোকজনের দায়িত্বে অবহেলা রয়েছে কি না, তাও খতিয়ে দেখতে হবে। বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ব্যবস্থা হওয়া উচিত স্বয়ংসম্পূর্ণ, যাতে নিজেদের সামর্থ্যেই যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা যায়।
কীভাবে এই আগুন লেগেছে, তা জানা যায়নি। এ ব্যাপারে ইতিমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করব, কমিটি দুটি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের পাশাপাশি সামগ্রিকভাবে বিমানবন্দরের নিরাপত্তায় কোনো ঘাটতি বা ফাঁকফোকর
আছে কি না, সেটাও বিবেচনায় নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয় সুপারিশও করবে।
আমরা মনে করি, আগুন লাগার এই ঘটনা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের জন্য একটি সতর্কবার্তা। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে তাদের বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এখানে গাফিলতির কোনো সুযোগ নেই। দেশের ভাবমূর্তি রক্ষার জন্যও এটা জরুরি।