বিমানবন্দরের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার বলার পরও আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থতার অভিযোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবর চিঠি লিখে ৩১ মার্চের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। অন্যথায় বাংলাদেশ থেকে সরাসরি ব্রিটেনে যাত্রী চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এর আগে অস্ট্রেলিয়াও একই পদক্ষেপ নিয়েছিল। উল্লেখ্য, ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইটও বন্ধ রয়েছে। যেখানে যুক্তরাজ্যের সঙ্গে এ বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা চলমান, সেখানে কেন এমন পরিস্থিতির উদয় হলো?
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রও ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার ঘাটতি নিয়ে উদ্বেগ জানিয়েছিল। তখনো তিন মাসের সময়সীমা দিয়ে যৌথ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বাধ্যবাধকতা ঠিক করা হয়েছিল। ক্যামেরনের চিঠি প্রমাণ করে, সেই কর্মপরিকল্পনা পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। এ ক্ষেত্রে যেসব ঘাটতি আছে, যুক্তরাজ্যের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তা পূরণ করতে হবে।
প্রশ্ন হচ্ছে, গত জানুয়ারিতে তৈরি পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরগুলোর নিরাপত্তার জন্য আলাদা বাহিনী, জনবলের প্রশিক্ষণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করার কাজ কত দূর এগিয়েছে? সরকার বলছে, গত ১১ জানুয়ারি কর্মপরিকল্পনাটি যুক্তরাজ্যের কাছে বিনিময়ের পর বিমানবন্দরে নিরাপত্তা বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু কার্যত তা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মানদণ্ড উন্নয়নে সক্ষম হয়নি।
যুক্তরাজ্য সরকারের পদক্ষেপের ফলে দেশটিতে সবজি ও ফল রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করেছেন ব্যবসায়ীরা। কমে যেতে পারে তৈরি পোশাক রপ্তানিও। অতএব, শাহজালালসহ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্ছিদ্র করতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই। নিরাপত্তার জন্য যেমন প্রযুক্তিগত সক্ষমতা দরকার, তেমনি বিমান প্রশাসনকে দক্ষ ও দুর্নীতিমুক্ত করার আবশ্যকতাও অস্বীকার করা যায় না।
বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য, যাত্রী চলাচল, নিরাপত্তা এবং ভাবমূর্তির স্বার্থে দ্রুত এ সমস্যার সমাধান জরুরি।