বিমানবন্দরের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সব দেশেই বিমানবন্দরে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এর সামান্য ত্রুটি বা বিচ্যুতি ভয়াবহ ঘটনা-দুর্ঘটনা ঘটাতে পারে। কিন্তু বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা যে কতটা নড়বড়ে, সেটি অতি সম্প্রতি এবং নিকট অতীতের বেশ কিছু ঘটনা থেকে সহজে অনুমান করা যায়।

গত ফেব্রুয়ারিতে ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ছিনতাইচেষ্টার পরও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি লক্ষ করা যায়নি। এটি দুর্ভাগ্যজনক। ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি বলেছে, ছিনতাইকারীর হাতে একটি খেলনা পিস্তল ও শরীরে বোমাসদৃশ বস্তু ছিল। কিন্তু কীভাবে তিনি নিরাপত্তাবলয় ভেদ করে নিরাপদে উড়োজাহাজে উঠলেন, সেই প্রশ্নের উত্তর নেই। খেলনা পিস্তল কিংবা বোমাসদৃশ বস্তু তল্লাশিতে ধরা পড়ার কথা। ওই ছিনতাইকারীর সঙ্গে বিমানবন্দরের কারও যোগসাজশ ছিল কি না, তা আর কখনোই জানা যাবে না। কেননা, ছিনতাইচেষ্টায় জড়িত ব্যক্তি কমান্ডো হামলায় নিহত হন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক টার্মিনালের নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত সুসংহত, নিরাপদ ও নির্ভরযোগ্য। সেখানে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য, বিজিবির ডগ স্কোয়াড টিমসহ র‌্যাব, পুলিশ ও এপিবিএনের অতিরিক্ত বিশেষ নিরাপত্তা টিম নিয়োগ করা হয়েছে। যদি বিমানবন্দর এতটাই সুরক্ষিত থাকবে, তাহলে কীভাবে চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের বহন করা পিস্তলটি প্রথম তল্লাশিতে ধরা পড়ল না? দ্বিতীয়বার স্ক্যানিংয়ে পিস্তলের বিষয়টি ধরা পড়ে। এ নিয়ে দুই পক্ষের কাছ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ মানতে নারাজ যে তিনি পিস্তলটি স্বেচ্ছায় কর্তৃপক্ষের কাছে তুলে দিয়েছেন। তাদের দাবি, স্ক্যানারের দায়িত্বে থাকা সুপারভাইজার উঠে এসে ব্যাগে অস্ত্র থাকার বিষয়টি জানালে তিনি ভুলক্রমে এটি ল্যাপটপের ব্যাগে নিয়ে এসেছেন। ইলিয়াস কাঞ্চন বলেছেন, প্রথমবার স্ক্যানিংয়ে ধরা না পড়ায় তিনিই বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন এবং সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্নও তুলেছেন।

এর আগেও ছুরি নিয়ে এক ব্যক্তি বহির্গমন টার্মিনালে ঢুকে পড়ে মানুষ হত্যার মতো ঘটনা ঘটিয়েছে। বছর দুই আগে এক পুলিশ কর্মকর্তা কোনো কাগজপত্র ছাড়াই বিমানবন্দর দিয়ে উড়োজাহাজে উঠে পড়েছিলেন। এসব ঘটনা দেশের প্রধান বিমানবন্দরের নিরাপত্তার ভঙ্গুরতারই প্রমাণ। আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা বিমানবন্দরের নিরাপত্তা, র‌্যাঙ্কিং পর্যালোচনা করে থাকে। সেই র‌্যাঙ্কিংয়ে শাহজালাল বিমানবন্দর এখনো দ্বিতীয় ক্যাটাগরিতে। কর্তৃপক্ষ স্বীকার করুক আর নাই করুক বিমানবন্দরের অনেক যন্ত্রপাতিই সেকেলে। এগুলোকে যুগোপযোগী করতে হবে। দ্বিতীয়ত, যাঁরা এসব যন্ত্রপাতি চালাবেন, তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। সেই সঙ্গে যাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেই দায়িত্ব তিনি পালন করছেন কি না, সে জন্য কঠোর নজরদারি প্রয়োজন। যেকোনো পর্যায়ে সামান্য ত্রুটি বা অনিয়ম হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে, তার প্রমাণ কয়েক দিন আগেই দেশবাসী পেয়েছেন।

কোনো কোনো ক্ষেত্রে বহিরাগতরাও টাকার বিনিময়ে বিমানবন্দরে প্রবেশের নিরাপত্তা পাস পেয়ে যান বলেও অভিযোগ আছে। এই পাস ব্যবহার করে চোরাচালানিরা নানা ধরনের অপরাধমূলক কাজে লিপ্ত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বিমানবন্দরের নিরাপত্তার দুর্বলতার কারণেই যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া কার্গো বিমান পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নিষেধাজ্ঞা তুলতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। নতুন করে দুর্ঘটনা ঘটনার আগেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শুধু শাহজালাল নয়, দেশের সব কটি বিমানবন্দরের নিরাপত্তা জোর করবে বলে আশা করি।