বিমানবাহিনী, জনগণের কণ্ঠস্বর শুনুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যি কি ভুলে গেছি আমাদের জন্মের ইতিহাস? গত শতকের একাত্তর সালে বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার রক্তাক্ত লড়াইয়ের মর্মকথা কি ভুলে গেছি আমরা? হাজার বছরের পরাধীন এ জনপদের স্বাধীন হয়ে ওঠার ইতিহাস তো আত্মোৎ সর্গের বিরল দৃষ্টান্ত। ভাবীকালে কোনো এক পালাকারের কণ্ঠে গীত হবে একাত্তরের জনযুদ্ধের কথা। জনতার মধ্য থেকে গড়ে ওঠা গেরিলা যোদ্ধার বীরগাথা এবং গেরিলা যুদ্ধের অভিজ্ঞতায় রণক্ষেত্র বাঙালির সশস্ত্র বাহিনীর গড়ে ওঠার অমর কাব্য!বিশ্বের প্রায় সব রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর জন্মের ইতিহাস তো প্রায় একই রকম। ইতিহাসের উষালগ্নে গোত্রপ্রধানের রক্ষার্থে, সামন্তকালে সামন্ত প্রভুর রক্ষার জন্য, জমিদার ও রাজতন্ত্রের কালে বা যুগে জমিদার, রাজা ও রাজন্যবর্গ রক্ষা এবং ঔপনিবেশিক শাসন অব্যাহত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর জন্ম। কিন্তু আধুনিককালে এর কিছুটা পরিবর্তন আমরা প্রত্যক্ষ করি। ধনতান্ত্রিক গণতন্ত্র ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের আদর্শে গড়ে ওঠা নতুন প্রজাতন্ত্রগুলোর সশস্ত্র বাহিনীর ইতিহাস গৌরবোজ্জ্বল হলেও তা ঔপনিবেশিক সেনাবাহিনীর মানসে গড়া ওঠা একটি সশস্ত্র বাহিনী। পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান ও মিয়ানমার এর প্রকৃত উদাহরণ। ঔপনিবেশিক শাসনের নির্দেশ পালন ও রক্ষাকারী সশস্ত্র বাহিনী হঠাৎ এক রাতের ব্যবধানে সদ্য স্বাধীন রাষ্ট্র মিয়ানমার ও পাকিস্তানের ক্ষমতাপ্রাপ্ত শাসকদের সশস্ত্র বাহিনীতে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী ঠিক এর বিপরীত মেরুতে জন্ম নেওয়া এক বিরল সশস্ত্র বাহিনী। আমাদের সামরিক বাহিনীর জন্ম জনগণের মধ্য থেকে—জনযুদ্ধের রণাঙ্গনের রক্তাক্ত পটভূমিতে। আমাদের সশস্ত্র বাহিনী শাসকের রক্ষার্থে নয়, জনগণের মুক্তি ও রক্ষার লক্ষ্যে ১৯৭১ সালে জন্ম নিয়েছিল। এ এক বিরল গৌরবের অধ্যায়। তাই পৃথিবীর অন্যান্য দেশের (হাতে গোনা কয়েকটি বাদে) সঙ্গে আমাদের সশস্ত্র বাহিনীর একটি সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে। রাজা বা শাসক নয়, জনগণ আমাদের সশস্ত্র বাহিনীর জন্মদাতা। এ গৌরবের অধ্যায় যেন আমরা বিস্মৃত না হই।কিন্তু অত্যন্ত বেদনার সঙ্গে বলতে হয়, কতিপয় উচ্চাভিলাষী বিপথগামী সেনাসদস্যের অদূরদর্শিতার কারণে আমাদের গৌরবোজ্জ্বল সশস্ত্র বাহিনীর ভূমিকা বিগত ৪০ বছরে নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। পাশাপাশি এ কথা বলতেই হবে যে, নানা প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক বিপর্যয়ের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসা ও শ্রদ্ধাও অর্জন করেছে।অতি সম্প্রতি সরকারের জনস্বার্থে প্রস্তাবিত মেট্রোরেল, যা মরণাপন্ন ঢাকা মহানগরের নবজন্ম দেওয়ার সম্ভাবনার একমাত্র আলোর রেখা বলে বিবেচিত। সেই মেট্রোরেলের যাত্রাপথ নিয়ে বিমানবাহিনীর আপত্তি জনগণকে আশাহত ও হতাশ করেছে। গণতান্ত্রিক বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১-এর মানচিত্রে ঢাকা মহানগর মেট্রোরেল ও উড়ালপথ একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব। বিরতিহীন ত্বরিত যোগাযোগব্যবস্থা একটি জাতির অর্থনৈতিক তথা সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি। সেই পরিপ্রেক্ষিতে মেট্রোরেল একটি গুরুত্বপূর্ণ ও অর্থসাশ্রয়ী ভূমিকা পালন করবে। এ ছাড়া যানজটের কারণে দুর্বিষহ ঢাকাবাসী এবং প্রতিদিন রাজধানী ঢাকায় আগত জনগণের জন্য এটি কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।মেট্রোরেলের যাত্রাপথ পুরোনো বিমানবন্দর তেজগাঁও দিয়ে মূল প্রস্তাবে রয়েছে এবং বিমানবাহিনীর আপত্তি জনমনে স্পষ্ট নয়। অর্থসহায়তাকারী জাইকা এই আপত্তির কারণে মেট্রোরেল প্রকল্প বিলম্ব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে। সরকার জাতীয় সংসদ ভবনের পাশ দিয়ে নতুন যাত্রাপথ নেওয়ার নতুন প্রস্তাব পেশ করেছে।কিন্তু জনমনে প্রশ্ন (১) পরিত্যক্ত এবং প্রায় অব্যবহূত তেজগাঁও বিমানবন্দরের পাশ দিয়ে মেট্রো রেলপথ হলে কীভাবে বিমানবাহিনী ক্ষতিগ্রস্ত হবে?(২) আমাদের জাতীয় গৌরব ‘জাতীয় সংসদ’, যা বিশ্বের আধুনিক স্থাপত্যকলায় এক বিস্ময়কর দৃষ্টান্ত। তার পাশ দিয়ে মেট্রো রেলপথ নিয়ে এর মূল পরিবেশ বিনাশ সাধন করে আমরা কি নিজের গৌরব ভূলুণ্ঠিত করছি না? জাতীয় সংসদ বাংলাদেশের ‘সার্বভৌমত্বের প্রতীক’ এবং আধুনিক স্থাপত্যকলার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। আমরা কী এর ক্ষতি করে মেট্রোরেলের পথ ঠিক করব নাকি প্রায় অব্যবহূত বিমানবন্দরের পাশ দিয়ে মেট্রোরেলের যাত্রাপথ নির্মাণ করে জনগণকে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেব? কোনটি আমাদের করণীয়? এখনই সময় এর সিদ্ধান্ত নেওয়া।পুরোনো তেজগাঁও বিমানবন্দরের কোল ঘেঁষে মেট্রোরেলের মূল প্রস্তাবিত যাত্রাপথ নির্মাণ করা হোক, এটাই আমাদের চাওয়া। জনগণের কণ্ঠস্বর শুনুন, তারাও এটাই চায়। অন্যথায় জনগণের মনে নতুনভাবে সংশয় দেখা দেবে। সবশেষে দেশপ্রেমিক বিমানবাহিনীর প্রতি সনির্বন্ধ আহ্বান, আপনারা জনগণের সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ বাহিনী। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে জনগণকে রক্ষার প্রতিজ্ঞায়, জনকল্যাণ এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়নে ভূমিকা পালনে আপনাদের জন্ম। এই গৌরবোজ্জ্বল ইতিহাস ও দায়িত্ব মনে রেখে বিমানবাহিনী তাদের আপত্তি প্রত্যাহার করে নির্দিষ্ট সময় মেট্রোরেলের কাজ শুরু ও যথাসময়ে তা শেষ করার কাজে সহায়তা করবে, সেটাই প্রত্যাশা। জনকল্যাণই আমাদের সবার একমাত্র কাম্য। মঙ্গল হোক সবার। নাসির উদ্দীন ইউসুফ: নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা।