বিমানসেনাদের যৌথ অপারেশনের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে একটি ঘটনা নতুন মাত্রা যোগ করে। সেটি হলো, ৩ ডিসেম্বর মুক্তিবাহিনীর বিমানসেনাদের একযোগে অপারেশন পরিচালনা। তাঁদের চকিত উদ্ভাস বাংলাদেশের মানুষকে তখন বিপুলভাবে প্রাণিত করেছিল। এতে পাকিস্তানিদের দাম্ভিক অবস্থান টলে ওঠে। স্বাধীনতার পর তাঁদের কীর্তিকথা জানতে দেশের মানুষের অনেক সময় লাগে। মানুষের কাছে পরিপূর্ণভাবে তা যে ফুটে উঠেছে, তেমনটি বলা যায় না।মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সমর্থন নিয়ে মুক্তিবাহিনীর উপপ্রধান গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারের (বীর উত্তম, পরে এয়ার ভাইস মার্শাল, বর্তমানে বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী) প্রচেষ্টায় ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ড রাজ্যের ডিমাপুরে গঠিত হয় বাংলাদেশ বিমানবাহিনী।ভারত সরকার মুক্তিবাহিনীকে তিনটি আকাশযান দেয়—একটি ডাকোটা, একটি অ্যালুয়েট-৩ হেলিকপ্টার ও একটি এক ইঞ্জিনের অটার। বেসামরিক কাজে ব্যবহূত তিনটি বিমানই ছিল বেশ পুরোনো। সেগুলো যুদ্ধের উপযোগী করা হয়। ডাকোটাকে পাঁচ হাজার পাউন্ড বোমা বহনক্ষম করে বোম্বার বিমানে রূপান্তর করা হয়। অ্যালুয়েট হেলিকপ্টারকে ১৪টি রকেট ও একটি হেভি মেশিনগান দিয়ে সজ্জিত করা হয়। অটার প্লেনে ১৪টি রকেট, একটি হেভি মেশিনগান ও ২০টি ২০ রাউন্ড ওজনের বোমা বহন করার ব্যবস্থা করা হয়।হেলিকপ্টার চালানোর জন্য নির্বাচিত হন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ (বীর উত্তম, পরে এয়ার ভাইস মার্শাল ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান), ফ্লাইট অফিসার বদরুল আলম (বীর উত্তম, পরে স্কোয়াড্রন লিডার) ও ক্যাপ্টেন সাহাবউদ্দীন আহমেদ (বীর উত্তম)। অটার প্লেন চালানোর জন্য নির্বাচিত হন ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম (বীর উত্তম), ক্যাপ্টেন আকরাম আহমেদ (বীর উত্তম) ও ক্যাপ্টেন শরফুদ্দিন আহমেদ (বীর উত্তম)। ডাকোটা প্লেনের জন্য নির্বাচিত হন ক্যাপ্টেন আবদুল খালেক (বীর প্রতীক), ক্যাপ্টেন আবদুল মুকিত (বীর প্রতীক) ও আমি ক্যাপ্টেন কাজী আবদুস সাত্তার (আলমগীর সাত্তার [বীর প্রতীক])।বিমানবাহিনী আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর আগেই পাইলটদের প্রশিক্ষণ কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু হয়ে যায়। এ প্রশিক্ষণ ছিল রাতের আঁধারে আধুনিক দিগ্দর্শন যন্ত্র ছাড়া বিমান চালনা। রাডার ফাঁকি দিয়ে মাত্র ২০০ ফুট উচ্চতায় উড়ে যাওয়া। শত্রু-বিমানের আক্রমণ মোকাবিলা। রকেট নিক্ষেপ, বোমা ফেলা ও মেশিনগান দিয়ে গুলি করা ইত্যাদি।প্রশিক্ষণ হয় ভারতের পরিত্যক্ত ডিমাপুর বিমানক্ষেত্রকে কেন্দ্র করে। ঘন বৃক্ষরাজিতে ভরা পাহাড়ি এলাকায় উঁচু পাহাড়ের চূড়া পরিষ্কার করে এর ওপর সাদা প্যারাসুট বিছিয়ে টার্গেট তৈরি করা হয়। সেখানে সবাই সঠিক নিশানায় বোমাবর্ষণের প্রশিক্ষণ নেন। স্বল্প প্রশিক্ষণেই বিশেষত রাতের বেলা অভিযান পরিচালনার সব কৌশল সবাই সফলতার সঙ্গে রপ্ত করেন।প্রশিক্ষণ শেষে আমরা অপেক্ষা করতে থাকি অভিযানে যাওয়ার জন্য। প্রথমে সিদ্ধান্ত হয়, বিমানসেনারা ৩ নভেম্বর বালাদেশের তিনটি স্থানে একযোগে আক্রমণ চালাবেন। কিন্তু পরিস্থিতির কারণে তারিখ পিছিয়ে ২৮ নভেম্বর করা হয়। পরে সেটাও পিছিয়ে ৩ ডিসেম্বর চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়।ঘটনাক্রমে তারিখটি ভারত-পাকিস্তানের আনুষ্ঠানিক যুদ্ধ শুরুর দিন হয়ে যায়। ৩ ডিসেম্বর সন্ধ্যাবেলায় ভারতের পশ্চিম সীমান্তের বিভিন্ন স্থানে বিমান আক্রমণের মাধ্যমে পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের সূচনা করে। ভারত ৪ ডিসেম্বর ভোররাত থেকে শুরু করে প্রতি-আক্রমণ।ভারতীয় বিমানবাহিনীর প্রতি-আক্রমণের আগেই মুক্তিবাহিনীর অটার প্লেন চট্টগ্রামের পতেঙ্গার জ্বালানি তেলের ডিপোর ওপর এবং অ্যালুয়েট হেলিকপ্টার নারায়ণগঞ্জের গোদনাইলের জ্বালানি তেলের ডিপোর ওপর আক্রমণ পরিচালনা করে। এই দুটি অভিযানই ছিল এমন দুঃসাহসী যে অল্প কথায় এর বর্ণনা দেওয়া যাবে না।এরপর ১২ ডিসেম্বর পর্যন্ত বিমানসেনারা ৪৬টি চরম দুঃসাহসী অভিযান পরিচালনা করে মুক্তিযুদ্ধে যে অবিস্মরণীয় অবদান রেখেছিলেন, তা অল্প পরিসরে বলা সম্ভব নয়। এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে মেজর (অব.) কামরুল ইসলাম ভূঁইয়ার লেখা বিহঙ্গের ডানা এবং শ জামানের একাত্তরের যুদ্ধে বিমানবাহিনী বইখানা অবশ্যপাঠ্য। আমি শুধু দুটি বিষয় উল্লেখ করতে চাই।পাকিস্তান সেনাবাহিনীর সাত থেকে আট হাজার সেনা সিলেট অঞ্চলে নিয়োজিত ছিল। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে সিলেটে নিয়োজিত পাকিস্তানি সেনারা পিছিয়ে এসে আখাউড়া অঞ্চলে শক্ত প্রতিরোধব্যবস্থা গড়তে চেয়েছিল। বিশাল সংখ্যার এই পাকিস্তানি সেনাদের সিলেট অঞ্চলে বিচ্ছিন্ন করে রাখতে মিত্র বাহিনীর যুদ্ধবিমানের সঙ্গে মুক্তিবাহিনীর অটার প্লেনও খুব কার্যকর ভূমিকা পালন করেছিল।মিত্র বাহিনী যখন টাঙ্গাইলসহ আরও কয়েক স্থানে ছত্রীসেনা অবতরণ করায় তখন সেটা বাধাগ্রস্ত করার জন্য পাকিস্তানি সেনারা অগ্রসর হওয়ার চেষ্টা করে। অসীম দুঃসাহসিকতার সঙ্গে মুক্তিবাহিনীর হেলিকপ্টার পাকিস্তানিদের সে চেষ্টা নস্যাৎ করে দেয়।ডাকোটা প্লেন দিয়ে ঢাকার তেজগাঁও বিমানবন্দরের ওপর আক্রমণ পরিচালনা করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এ পরিকল্পনা পরিত্যক্ত হয়। কারণ হিসেবে বলা হয়, ওই বিমানে ব্যবহূত জ্বালানি (১০০ অকটেন) পেছনে অগ্নস্ফুিলিঙ্গের সৃষ্টি করে। রাতের আঁধারে অনেক দূর থেকে তা দেখা যায়। এতে বিমানটি সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।পরে প্রধান সেনাপতি ও উপপ্রধানের বিভিন্ন সেক্টর পরিদর্শনের জন্য ডাকোটা ব্যবহূত হয়। তবে মিত্র বাহিনী তাদের ক্যারাভু প্লেনের সাহায্যে যেসব স্থানে বোমাবর্ষণ করেছিল, সে কাজটা ডাকোটা প্লেনের সাহায্যে আমরাও করতে পারতাম।সর্বশেষে একটা কথা উল্লেখ করতে চাই, আমাদের মুক্তিযুদ্ধে সর্বকনিষ্ঠ বীর উত্তমের নাম সাহাবউদ্দীন আহমেদ।আলমগীর সাত্তার: বীর প্রতীক।