বিমানে আগাগোড়া দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত চোরাচালানের সোনা আটক হয়, কিছু চুনোপুঁটি ধরা পড়ে। এবার বোঝা গেল এই সোনা চোরাচালানিদের শিকড় কতটা গভীরে! বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত পাইলট থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িয়ে আছেন চোরাচালানের সঙ্গে। খোদ বিমানের পরিচালনা পরিষদের চেয়ারম্যানকেও এই দায় থেকে মুক্তি দেওয়া যাচ্ছে না। কারণ, এই চোরাচালান চক্রের নেতা হচ্ছেন তাঁর কথিত এক ‘ধর্মপুত্র’!
গত ২০ মাসে শাহজালাল বিমানবন্দরে আটক সোনার পরিমাণ এক হাজার কেজির বেশি। নিয়মিত সোনা আটক হওয়ার পরও যেহেতু সোনার চালান আসা অব্যাহত রয়েছে, তখন এটা পরিষ্কার যে এসব চালান ধরা পড়ার আড়ালে বড় বড় চালান পার হয়ে যায়। ১২ নভেম্বর বিমানের এক কেবিন ক্রু সোনাসহ আটক হওয়ার পর আদালতে যে জবানবন্দি দিয়েছেন, তাতে থলের বিড়াল বের হয়ে এসেছে। তিনি এর সঙ্গে জড়িত হিসেবে যে ৬৪ জনের নাম বলেছেন, তাঁরা সবাই বিমান ও সিভিল এভিয়েশনের সঙ্গে যুক্ত।
‘ধর্মপুত্রে’ কলঙ্কিত বিমান বোঝা যায় দিনে দিনে বিমান একটি স্বার্থান্বেষী চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে। বিমানের চেয়ারম্যান সোনা চোরাচালানের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার ঘটনায় যতই বিস্ময় প্রকাশ করুন না কেন, চেয়ারম্যান হিসেবে এর দায় তিনি অস্বীকার করতে পারেন না। অন্যদিকে, তাঁর কথিত ‘ধর্মপুত্রের’ অপকর্মের দায়ও ব্যক্তিগতভাবে তাঁকে নিতে হবে। দীর্ঘদিন ধরে বিমানের চেয়ারম্যানের পদে থেকে তিনি তাঁর অবস্থান ও শক্তি জোরদার করেছেন। আর এর ওপর ভিত্তি করেই জন্ম নিয়েছেন মাহমুদুল হক পলাশের মতো ধর্মপুত্র। চেয়ারম্যানের নাম ভাঙিয়ে বিমানবন্দরে পলাশ তাঁর রাজত্ব কায়েম করেছেন আর চেয়ারম্যান তা জানেন না, তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য হতে পারে না।
সব অভিযুক্তকে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার পাশাপাশি বিমান ও বিমানবন্দরকেন্দ্রিক বিভিন্ন সংস্থাকে (প্রায় ২৯টি সংস্থা এখানে কাজ করে) ঢেলে সাজানো ও শুদ্ধি অভিযান চালানো জরুরি হয়ে পড়েছে।