বিমানে আবারও অনিয়মের পাহাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজ ফ্লাইটে উড়োজাহাজ ভাড়ায় আবারও গুরুতর অনিয়মে জড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গত বুধবারের প্রথম আলোর সংবাদ জানাচ্ছে, লাভজনক প্রস্তাব থাকা সত্ত্বেও ত্রুটিপূর্ণ বিদেশি উড়োজাহাজ ভাড়া করে লোকসান বাড়ানো হয়েছে। এর আগে মিসর থেকে উড়োজাহাজ ভাড়া করার বেলাতেও অনিয়মের অভিযোগ উঠেছিল। প্রতিষ্ঠানের লোকসান ও যাত্রীদের ভোগান্তির অর্থ কি বিমানকে শুষে ছিবড়ে করে ফেলা? বিমানের প্রতীক বলাকার ডানা আর কত ভাঙা হবে?
বলা হয়েছিল, গত বছরের মতো এবারও নিজস্ব বাহনে হজ ফ্লাইট চালাচ্ছে বিমান। অথচ ভাড়া করা হলো মালয়েশিয়ার অখ্যাত কোম্পানির ২০ বছরের জরাজীর্ণ উড়োজাহাজ। গোড়াতেই যান্ত্রিক ত্রুটির জন্য একাধিকবার থমকে গেছে এর উড়াল আর মেরামত বাবদ গেছে প্রচুর অর্থ। দায়িত্বহীন মালদ্বীপের কোম্পানির জাহাজ বেশি ভাড়ায় আনা হলো তাহলে কার স্বার্থে? মিসর থেকে ভাড়া করা অন্য দুটি উড়োজাহাজের বেলাতেও একই রকম নয়ছয় চলছে। গত পাঁচ মাসে অভ্যন্তরীণ রুটের চলাচলেও অথর্বতা ও লোকসানি বরণ করেছে বিমান।
উড়োজাহাজ ভাড়ায় এবারও অনিয়মঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, ‘অদক্ষতা ও অব্যবস্থাপনার জন্য অনেক আগেই বিমানকে বিলুপ্ত করা উচিত ছিল।’ তা হয়নি, বরং বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ‘পাবলিক লিমিটেড কোম্পানি’ করা ছাড়া বিমান ব্যবস্থাপনা নিয়ে বড় কোনো সিদ্ধান্ত এযাবৎ নেওয়া হয়নি। পরিচালক নিয়োগ নিয়েও বারবার বিতর্ক ও অচলাবস্থা সৃষ্টি করা হয়েছে। ২০ বছরে গত তত্ত্বাবধায়ক সরকারের অল্প কিছু সময় ছাড়া বিমান সর্বদা ছিল রুগ্ণ, অদক্ষ ও লোকসানি প্রতিষ্ঠান।
কোনো সরকারই বিমান সম্পর্কে কোনো তদন্ত কমিশন গঠন করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করেনি। বরং দুর্নীতির নতুন নতুন মওকা বানাতে ক্রয় ও ব্যয়ের বহর বাড়ানো হয়েছে। যে দেশের কোটি মানুষ প্রবাসী, প্রতিবছর যেখানে লাখের বেশি হজযাত্রী—ব্যবসার এমন বিপুল সুযোগ থাকার পরও বিমান অসমর্থ ও অলাভজনক থাকা সত্যিই রহস্যজনক।