বিমানের ঢিলা নাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো উড়োজাহাজের উড্ডয়নের আগে তার সব কারিগরি দিক পরীক্ষা করে দেখা এমনিতেই বাধ্যতামূলক। তদুপরি, ফ্লাইটটি প্রধানমন্ত্রীকে বহনের জন্য নির্ধারিত হওয়ার পর তা কীভাবে অনিষ্পন্ন থেকে যায়, সেটা আমরা বুঝতে অক্ষম। নিয়মিত যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করলে এমন সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজে এ ধরনের যান্ত্রিক ত্রুটি ঘটার কথা নয়। এই ক্ষেত্রে যে বিরাট ঘাটতি ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। সেই ঘাটতি সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্ব পালনে অবহেলা হতে পারে, দক্ষতা-যোগ্যতার অভাবও হতে পারে। দুটো বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা এ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করতে চাই: দায়িত্ব পালনে অবহেলা ও প্রকৌশল-কারিগরি ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতার অভাব নিয়ে কোনো বিমান কোম্পানি চলতে পারে না, চালানো উচিত নয়। এবার সৌভাগ্যক্রমে জরুরি অবতরণের মাধ্যমে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে; কিন্তু ভাগ্যের ওপর নির্ভর করা চলে না।

প্রাথমিক তদন্তে ‘হিউম্যান ফেইলর ফ্যাক্টর’ চিহ্নিত হয়েছে—এ কথা বিমানমন্ত্রী সংবাদমাধ্যমে বলেছেন। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজটির ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্টের সঞ্চালন লাইনের নাট ঢিলে হয়ে গিয়েছিল। বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ‘ব্যর্থতা’র কারণে এটা ঘটেছিল। প্রথমত, এই ‘ব্যর্থতা’ সুনির্দিষ্টভাবে নিরূপণ করা দরকার। দ্বিতীয়ত, ‘দায়িত্বপ্রাপ্ত’ ব্যক্তি কি বাংলাদেশ বিমানের প্রকৌশল শাখার শুধু ওই পাঁচ কনিষ্ঠ কর্মকর্তা ও একজন কর্মী, যাঁদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে? নাকি উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ তদারকির মূল দায়িত্বে ছিলেন যে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, তাঁর দায়ই বড়? বর্তমান প্রকৌশল বিভাগের পরিচালকের আমলে বিমানের রক্ষণাবেক্ষণের মান নেমে গেছে—এমন অভিযোগ বাংলাদেশ বিমানের সূত্রেই পাওয়া গেছে। এখন তাঁদের জবাবদিহি চাওয়ার পরিবর্তে কনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ভবিষ্যতের বিপদ এড়ানো যাবে না।

উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের মান উন্নয়ন, দক্ষ ও দায়িত্বশীল লোকবল নিয়োগসহ বাংলাদেশ বিমানের সার্বিক ব্যবস্থাপনা উন্নত করা একান্ত জরুরি।