বিমানের বোর্ড পুনর্গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান পরিচালনা পর্ষদ মাত্র এক বছরের জন্য গঠন করার যে আইনি উদ্দেশ্য, সেটা বিবেচনায় নেওয়া জরুরি। প্রতিবছর যেখানে নতুন ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের সুযোগ রয়েছে, সেখানে কেন ২০০৯ সাল থেকে অব্যাহতভাবে একই ব্যক্তিকে চেয়ারম্যান পদে রাখা হচ্ছে, তা বিরাট প্রশ্নের জন্ম দিয়েছে।
সংসদে বিরোধীরা নয়, সরকারি দলের মিত্ররাই বিমান বোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ এনেছে। বিমান চেয়ারম্যানের কথিত ধর্মপুত্রকে সোনা চোরাচালানের মামলায় গ্রেপ্তার হওয়ার পর সংসদে তাঁকে দুর্নীতিবাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংসদে যখন এ রকম নির্দিষ্ট অভিযোগ আনা হয়, তখন কীভাবে বিমান চেয়ারম্যান তদন্তের ঊর্ধ্বে থাকেন? আর এ বিষয়ে সরকারের দিক থেকে কোনো উপযুক্ত ব্যাখ্যা না দিয়ে অনেকটা রুটিনমাফিক একই ব্যক্তিকে আরও এক মেয়াদের জন্য নবায়ন করা হচ্ছে।
ধারাবাহিক লোকসানের মুখে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিমান বোর্ডকে ঢেলে সাজানো হয়েছিল। এর সুফলও মিলেছিল। পর পর দুই বছর বিমান লাভের মুখ দেখল। এরপর নির্বাচিত সরকারের শুরুতেই বর্তমান চেয়ারম্যানকে প্রধান করে বোর্ড পুনর্গঠিত হলো। এ ধরনের বোর্ড একটি প্রতিযোগিতামূলক এবং বিশেষজ্ঞ ও উপযুক্ত ব্যবসায়ীদের সমন্বয়ে গঠন করা উচিত। পদাধিকারবলে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের বোর্ডে রেখে যে সুফল মেলেনি, তা পরিষ্কার। ২০০৯ থেকে বিমান ধারাবাহিকভাবে লোকসান দিয়ে চলেছে। অথচ আবারও পরিচালনা পর্ষদের প্রায় সবাইকে বহাল রেখে প্রধানমন্ত্রীর দপ্তরে নতুন করে নথি পাঠানো হয়েছে।
আমরা আশঙ্কা করি, বিগত বছরগুলোর মতো এবারেও এটা গতানুগতিকভাবে অনুমোদন লাভ করতে পারে। এটা অনুমেয় যে, প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে বিমান মন্ত্রণালয় বিমানের বৈধ স্বার্থের পরিবর্তে প্রধানমন্ত্রীর দপ্তরের নীতিনির্ধারকের সংবেদনশীলতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকতে পারে। এটাও বিস্ময়কর যে ১৮ জানুয়ারি বিমানসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি বৈঠকে বসলেও এ বিষয়ে তারা নির্বিকার থেকেছে। এ বিষয়ে তাদের সরব হওয়া উচিত।