বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা, বিরোধী দলকে সভা-সমাবেশ করতে না দেওয়া, উপরন্তু তাদের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালানো ও গ্রেপ্তার করার মধ্য দিয়ে সরকার স্বৈরতান্ত্রিক মনোভাবের পরিচয় দিচ্ছে। বিরোধী জোটের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারগুলো খর্ব করার পেছনে সরকারের দেওয়া কোনো যুক্তিই ধোপে টেকে না। সরকার শান্তি ও জনশৃঙ্খলার দোহাই দিয়ে বিরোধী জোটের সভা-সমাবেশ-মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করে অথচ সরকার–সমর্থক বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা ‘গণতন্ত্র রক্ষা’র নামে সভা-সমাবেশ-মিছিল করে এবং বিরোধী জোটের নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, আর তাদের সহযোগিতা করে সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিরোধী জোটের গণতান্ত্রিক অধিকারের প্রতি সরকার শ্রদ্ধাশীল না হলে এই সংঘাতময় পরিস্থিতি ক্রমেই আরও বিপজ্জনক মোড় নিতে পারে, এমনকি সামগ্রিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অতএব বিরোধী জোটের সংবিধানপ্রদত্ত রাজনৈতিক অধিকারগুলো প্রয়োগের ওপর থেকে সরকারি বাধানিষেধ অবিলম্বে তুলে নেওয়া উচিত। খালেদা জিয়ার ‘অবরুদ্ধ’ অবস্থার নিরসন ঘটানো দরকার; একজন স্বাধীন নাগরিক হিসেবে তাঁর চলাফেরার স্বাধীনতা এবং সভা-সমাবেশসহ বৈধ সব পন্থায় বক্তব্য তুলে ধরার অধিকার ফিরিয়ে দেওয়া হোক। একইভাবে বিরোধী জোটেরও উচিত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে জনগণের জন্য ভোগান্তিপূর্ণ নয় এমন শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়া।