প্রথম আলোয় চট্টগ্রাম পুলিশ কমিশনারের বিলবোর্ড শুভেচ্ছাসংক্রান্ত খবরটি প্রকাশিত হওয়ার পর গতকাল অধিকাংশ ব্যানার তুলে নেওয়া হলেও সম্ভবত কোনো দিনই জানা যাবে না যে কেন এবং কী উপায়ে তিনি এগুলো বসিয়েছিলেন। পুলিশ বিভাগের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কমিশনার আবদুল জলিল জানেন না, তা নয়। তারপর কেন তিনি নিজের নাম জাহিরের জন্য এই কাজটি করলেন, সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তিনি বলেছেন, নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশে এই কাজ করেননি। তাহলে কেন করেছেন? তাঁর দাবি, নগরবাসীকে শুভেচ্ছা জানাতে।
নগরবাসীকে শুভেচ্ছা জানানোর উত্তম উপায় ছিল নগরের আইনশৃঙ্খলা ঠিক রাখা এবং অপরাধীদের হাত থেকে নিরীহ মানুষকে রক্ষা করা। সেই কাজটি যে তিনি বা তাঁর সহকর্মীরা যথাযথভাবে করতে পরেননি, তার প্রমাণ ঈদের ছুটিতে বন্দরনগরে বেশ কিছু অপরাধ সংঘটিত হওয়া।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ বিভাগের দায়িত্ব, কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। দেশের অন্যান্য শহরের মতো চট্টগ্রামেও বহু অননুমোদিত সাইনবোর্ড, বিলবোর্ড ও ব্যানার, ফেস্টুন রয়েছে, যা নিয়ে সম্প্রতি একজন মন্ত্রীও ক্ষোভ প্রকাশ করেছেন। এসব অবৈধ বিলবোর্ড–ফেস্টুন–ব্যানার উচ্ছেদ করার কাজে যেখানে পুলিশ কমিশনারের সহায়তা করার কথা, সেখানে তিনি নিজেই সেই কাজ করেছেন। এটি যেমন পুলিশ বিভাগের শৃঙ্খলাবিরোধী, তেমনি আইনবিরোধীও। পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এক হাজারেরও বেশি ব্যানার টানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এর খরচ নাকি সিএমপির নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়েছে। সিএমপির অর্থ জনগণেরই অর্থ এবং তা এভাবে কেউ অপচয় করতে পারেন না। ভবিষ্যতে যাতে আইনের মানুষ হয়ে কেউ বেআইনি কাজ না করেন, সে জন্যই অন্তত এই অতি উৎসাহী পুলিশ কর্মকর্তার বিলবোর্ড–বিলাসের তদন্ত হওয়া প্রয়োজন।