পাইকারি কাঁচাবাজার স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে নেওয়া প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০১০ সালের জুনে; কিন্তু ২০১৪ সালের সেপ্টেম্বরেও যদি কাজ শেষ না হয়, তবে এই কাজের গতিকে কী বিশেষণ দেওয়া যায়! এই প্রকল্পের আওতায় সুযোগ-সুবিধাসহ তিনটি বাজার তৈরি ও সেগুলোতে কারওয়ান বাজারের বর্তমান পাইকারি কাঁচাবাজার সরিয়ে নেওয়ার কথা। বাজারগুলোর নির্মাণকাজ শেষ না হওয়ায় পুরো বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।
যানজট কমাতে রাজধানীর কারওয়ান বাজারের মতো একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকা থেকে পাইকারি কাঁচাবাজারটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য মহাখালী, আমিনবাজার ও যাত্রাবাড়ীতে তিনটি আধুনিক মার্কেট নির্মাণে ‘ঢাকা শহরের তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণ প্রকল্প’ হাতে নেওয়া হয়। এরপর আট বছর পার হয়েছে কিন্তু একমাত্র মহাখালীর বাজারটির নির্মাণকাজে অগ্রগতি ছাড়া বাকি দুটোর কাজে অগ্রগতি খুবই হতাশাব্যঞ্জক। আর এই দেরির খেসারত হিসেবে খরচ বেড়েছে ১৫০ কোটি টাকা। নতুন সময়সীমা হচ্ছে ২০১৫ সালের জুন।
কারওয়ান বাজার থেকে কাঁচাবাজার সরবে কবে?

যথাসময়ে কাজ শেষ না হওয়ার জন্য ঢাকা সিটি করপোরেশনের বিভক্তিকে এ জন্য দায়ী করেছেন ঠিকাদারদের কেউ কেউ, যাঁরা সবাই কোনো না কোনোভাবে সরকারি দলের সঙ্গে জড়িত। এই দীর্ঘসূত্রতা ও খরচ বেড়ে যাওয়ার পেছনে কোনো ধরনের ভাগ-বাঁটোয়ারার ব্যাপার আছে কি না, সে প্রশ্ন তাই খুবই সংগত। ফলে এই প্রকল্পটি পর্যালোচনা ও দেরির কারণ চিহ্নিত করতে একটি তদন্ত জরুরি।
তবে এই বাজারগুলো তৈরি হলেই যে কারওয়ান বাজার থেকে পাইকারি কাঁচাবাজারটি সরানো সহজ হবে, তা-ও নয়। অনেক ব্যবসায়ী কারওয়ান বাজার ছাড়তে নারাজ। অথচ সিটি করপোরেশন থেকে বলা হচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যেই নাকি বাজার স্থানান্তর শুরু করা সম্ভব। আমরা মনে করি, ব্যবসায়ীদের সঙ্গে জরুরি ভিত্তিতে আলাপ-আলোচনা করে বিষয়টির একটি যুক্তিসংগত সমাধান জরুরি। কাজটি এখনই শুরু করতে হবে।