সাতটি বন্য প্রাণী বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে বলে জানা ছিল এত দিন। প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক ইউনিয়ন (আইইউসিএন) এদের বিলুপ্ত বলে ঘোষণাও করেছিল। কিন্তু ওই অঞ্চলে চালানো বন্য প্রাণী জরিপ প্রতিবেদন জানাচ্ছে, সাঙ্গু-মাতামুহুরী প্রাকৃতিক বনাঞ্চলে তাদের অস্তিত্ব পাওয়া গেছে। বিলুপ্তপ্রায় অবস্থা থেকে তাদের ফিরিয়ে এনে প্রকৃতি আমাদের একটা সুযোগ দিয়েছে এই বিরল প্রাণীগুলো টিকিয়ে রাখার। আর এর উপায় হলো সাঙ্গু-মাতামুহুরী বনাঞ্চলকে সর্ব উপায়ে মানুষের ক্ষতিকর কার্যকলাপ থেকে রক্ষার ব্যবস্থা নেওয়া।
যে সাতটি বিলুপ্ত ঘোষিত বন্য প্রাণীর অস্তিত্ব মিলেছে এগুলো হলো—বনগরু বা গাউর, ছয় প্রজাতির বনবিড়াল—সোনালি বিড়াল, মরমর বিড়াল, লামচিতা, চিতা বাঘ ও বাঘ। এদের বর্তমান বিচরণ একমাত্র সাঙ্গু-মাতামুহুরী নদীর অববাবিহকার বনাঞ্চলে। শুধু এসব দুর্লভ প্রাণী নয়, এই বনাঞ্চলে রয়েছে আরও অজস্র বিরল প্রাণী, সরীসৃপ, উভচর ও পাখি। আইইউসিএনের পর্যবেক্ষণে কিন্তু যথারীতি এ দুটি প্রাকৃতিক বনাঞ্চল ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। সংরক্ষিত ঘোষিত হলেও কেন এটা ঘটছে? বন রক্ষা না পেলে বন্য প্রাণীগুলোও বাঁচানো যাবে না।
‘সাঙ্গু ও মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে প্রাথমিক বন্য প্রাণী জরিপ’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করেছে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ)। এখন তা বন অধিদপ্তরের কাছে হস্তান্তরিত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী বন ও বন্য প্রাণী রক্ষার দায়িত্ব এখন বন বিভাগের। বন রক্ষার সঙ্গে সাঙ্গু ও মাতামুহুরী নদী দুটি রক্ষা, এর অববাহিকায় পানির উৎস টিকিয়ে রাখা এবং পরিবেশবিরোধী সব কার্যকলাপ বন্ধের প্রশ্নটি জড়িত।
এই দুটি প্রাকৃতিক বনাঞ্চল রক্ষায় যারা বনের নিয়ম মেনে শত শত বছর ধরে সেখানে বসবাস করছে, এর বাইরে বহিরাগত ব্যক্তিদের সেখানে বসতি গাড়তে দেওয়া যাবে না। মনে রাখতে হবে, সাঙ্গু বনাঞ্চল সবচেয়ে প্রাণবৈচিত্র্যের আধার। এর গুরুত্ব কেবল পরিবেশ নয়, ভবিষ্যতের মানুষের বহু কল্যাণও এর সঙ্গে জড়িত।