বিল্ডিং কোড মূলত প্রকৌশলগত বিষয়। কোনো বিল্ডিংকে যেকোনো ঝুঁকি সহনীয় করে গড়ে তুলতে এই কোড প্রয়োগ করা হয়। ১৯৯৩ সালে হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউশনের মাধ্যমে সকল পর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে পূর্ণাঙ্গ বিল্ডিং কোড প্রণীত হয়, যা মাঠপর্যায়ে প্রয়োগের জন্য ২০০৬ সালে আইনগত ভিত্তি পায়। কিন্তু বিল্ডিং কোড প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে অদ্যাবধি কোনো প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হয়নি।ঢাকা শহরে প্রতিবছর ৬ শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য শহরে এই বৃদ্ধি প্রায় ৪ শতাংশের মতো। বড় বড় শহরের পাশাপাশি উপজেলা শহর, এমনকি গ্রামগঞ্জের হাটবাজারেও এখন উঁচু ভবন নির্মিত হচ্ছে। আবাসনশিল্প দ্রুত ছোট শহরগুলোতে প্রসারিত হচ্ছে। অথচ ছোট শহর তো দূরের কথা, ঢাকাসহ বড় শহরগুলোতেও বিল্ডিং কোডের প্রয়োগ সীমিত। কিন্তু কোডের বিধানগুলো অনুসরণ না করলে ভবনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিল্ডিং কোডের যথাযথ প্রয়োগের অভাবে ২০০৪ সালে শাঁখারীবাজার, ২০০৫ সালে স্পেকট্রাম ভবন, ২০০৬ সালে ফিনিক্স ভবন ও ২০১৩ সালে সাভারে রানা প্লাজার মতো ভবনধসের ঘটনা ঘটেছে।এমতাবস্থায় বিল্ডিং কোডের প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আর্থিক ও কারিগরি সহযোগিতায় সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুরে চারটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাগুলো থেকে পাওয়া সুপারিশগুলো নিম্নে তুলে ধরা হলো।১.বিল্ডিং কোড বাস্তবায়নের জন্য দেশব্যাপী একটি ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষ গঠন:দেশব্যাপী বিল্ডিং কোড প্রয়োগ ও অনতিবিলম্বে ভবন নির্মাণ কর্মকাণ্ডের তদারকির জন্য একটি নিয়ন্ত্রক বা নীতিনির্ধারণী (রেগুলেটরি) কর্তৃপক্ষ প্রতিষ্ঠার ব্যাপারে কর্মশালাগুলোয় সবার মাঝে একটি ঐকমত্য পরিলক্ষিত হয়। প্রস্তাব নীতিনির্ধারণী কর্তৃপক্ষ বিল্ডিং কোড প্রয়োগ ও ভবন নির্মাণসংক্রান্ত সব নীতিমালা (কর্মপরিকল্পনা, নীতিমালা, বিধিবিধান ইত্যাদি) প্রণয়ন করবে। এই নীতিনির্ধারণী কর্তৃপক্ষ স্থান ও এখতিয়ারভেদে মাঠপর্যায়ে বিল্ডিং কোড বাস্তবায়নের জন্য বিভিন্ন নির্বাহী সংস্থাকে দায়িত্ব দিতে পারে, যেমন ঢাকায় রাজউক, অন্যান্য মহানগরে সংশ্লিষ্ট নগর উন্নয়ন কর্তৃপক্ষ এবং এর বাইরের (জেলা, উপজেলাসহ গ্রামগঞ্জের হাটবাজার) এলাকাগুলোতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সোজাসুজি তদারকের কাজ করবে।২.বিল্ডিং কোড বাস্তবায়নে বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের (OUTSOURCED CONSULTANCY FIRM) সম্পৃক্ততা ও Occupancy Certificate প্রদান: এসব নিবন্ধনকৃত বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের দ্বারা ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান/ব্যক্তি সয়েল টেস্ট রিপোর্ট এবং ভবনের ভিত্তি ও কাঠামোগত ডিজাইন তৈরি/পরীক্ষা করাতে পারে। বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে নির্মিত ভবনের গুণগত মান পর্যবেক্ষণের জন্য তদারকির কাজও করানো যেতে পারে।যে কোম্পানি কাঠামোগত নকশা প্রণয়ন করবে, তারাই ভবনের নির্মাণ সুপারভিশনের দায়িত্ব নেবে। তাদের দাখিল করা রিপোর্টের ভিত্তিতে, রাজউক এবং অন্যান্য নগর উন্নয়ন কর্তৃপক্ষ Occupancy Certificate প্রদান করবে।৩.ঝুঁকি সন্নিবেশিত পরিকল্পিত নগরায়ণ:প্রত্যেক বড় শহরের দুর্যোগ-ঝুঁকি নিরূপণ করা। অতঃপর দুর্যোগ-ঝুঁকি ভৌত পরিকল্পনার সঙ্গে সন্নিবেশ করে ক্রমবর্ধমান নগরায়ণের জন্য পরিকল্পিত ভূমি ব্যবহার মানচিত্র তৈরি এবং এর প্রয়োগ নিশ্চিত করা। ৪. কারিগরি দক্ষতা বৃদ্ধি করা:সকল পর্যায়ে সংশ্লিষ্ট সব প্রকৌশলীকে বিল্ডিং কোডের কারিগরি বিষয়ে যথাযথ প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা নেওয়া। উপরন্তু রডমিস্ত্রি ও রাজমিস্ত্রিদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সনদ প্রদানপূর্বক সংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের তালিকাভুক্তির আওতায় নিয়ে আসা। এই বিষয়ে দেশের সব ভোকেশনাল প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোয় সার্টিফিকেট কোর্স চালু করা যেতে পারে। নির্বাহী প্রতিষ্ঠানের মাধ্যমে সমপর্যায়ে প্রশিক্ষিত রড-রাজমিস্ত্রির অংশগ্রহণে ভবন নির্মাণ নিশ্চিত করা। ৫. গণসচেতনতা বৃদ্ধি করা:বিল্ডিং কোড প্রয়োগের বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট, পোস্টার, বিলবোর্ড স্থাপন করা। সরকারি ও বেসরকারি টেলিভিশন ও পত্রপত্রিকার মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো। ৬. নির্মাণসামগ্রীর গুণগত মান নিশ্চিত করা:নির্মাণসামগ্রীর গুণগত মান উৎসস্থলে নিয়ন্ত্রণ করা। এ বিষয়ে বিএসটিআইয়ের দক্ষতা, লোকবল ও ক্ষমতা আরও বাড়ানো যেতে পারে। ৭. বিল্ডিং কোডকে আইনে পরিণত করা এবং কোড অমান্যকারীদের শাস্তি নিশ্চিত করা। প্রয়োজনে বর্তমান আইনকানুনের পরিবর্তন-পরিবর্ধন করা।মেহেদী আহম্মদ আনসারী: অধ্যাপক, পুরকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।