বিশুদ্ধ দুধের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের নেতৃত্বে দেশটির ‘রূপকল্প ২০২০’ নামে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, সেখানে পুষ্টিসমৃদ্ধ হয়ে শিশুদের বেড়ে ওঠার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। কালামের নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রের পাঁচ শতাধিক বিশেষজ্ঞ কাজ করছিলেন।

তাঁদের বক্তব্য ছিল, আজ যে শিশুর বয়স ১০ বছর, আগামী ১০ বছর পর তারা কর্মক্ষম যুবক হবে। তাদের হাতেই দেশের সমৃদ্ধি আসবে। সেই প্রজন্ম যদি অপুষ্টি নিয়ে বেড়ে ওঠে, তাহলে জাতির জন্য তারা তেমন কিছুই করতে পারবে না। যেহেতু এই অঞ্চলের অধিকাংশ মানুষের নিয়মিত ফলফলাদি, মাছ-মাংস খাওয়ার সামর্থ্য নেই, সেহেতু অন্তত শিশুদের জন্য বিশুদ্ধ দুধের প্রাপ্যতা নিশ্চিত করাতেই তাঁরা জোর দিয়েছিলেন। এর কারণ, দুধ আদর্শ খাবার। এতে সব ধরনের খাদ্যপ্রাণ আছে। শিশুর দৈহিক ও মানসিক বিকাশে দুধের তুলনা নেই। শিশুরা পর্যাপ্ত পুষ্টি নিয়ে বেড়ে উঠলে সামগ্রিকভাবে দেশ এগিয়ে যাবে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ সম্প্রতি যে উদ্যোগ নিয়েছে, তার সঙ্গে এ পি জে আবদুল কালাম ও তাঁর বিশেষজ্ঞ দলের রূপকল্পের চেতনাগত সাদৃশ্য রয়েছে। এলাকার মানুষ যাতে বিশুদ্ধ দুধ পেতে পারে, সে জন্য শহরের পুরোনো জেলখানা এলাকায় তাঁরা গরুর দুধের বাজার চালু করেছেন। বাজারটির উদ্বোধন করার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসিম উদ্দীন জানিয়েছেন, এখানে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিয়মিতভাবে ৬০ টাকা লিটার দরে খাঁটি দুধ বিক্রি করা হবে। এখানে কোনো অবস্থাতেই পানি মেশানো দুধ বিক্রি করতে দেওয়া হবে না। এত দিন সঠিক বাজার ব্যবস্থাপনা না থাকায় এই এলাকায় দুধ উৎপাদনে সেভাবে আগ্রহ তৈরি হয়নি। ন্যায্যমূল্য ও বিক্রির নিশ্চয়তা পেলে এই খাতে বিনিয়োগে অনেকেই আগ্রহী হবেন বলে মনে করা হচ্ছে।

চুয়াডাঙ্গার এই উদ্যোগকে মডেল হিসেবে নিয়ে দেশের সব জেলা ও থানায় বিশুদ্ধ দুধের বাজার চালু করা যেতে পারে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন হয়তো সুদূরপ্রসারী কোনো ভাবনা থেকে উদ্যোগটি নেয়নি। কিন্তু তারা যা করেছে তা সরকারের সমর্থন পেলে এবং একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করা গেলে ভবিষ্যতে এর সুফল মিলবে। সারা দেশে বিশুদ্ধ দুধের প্রাপ্যতা নিশ্চিতে যদি সামাজিক আন্দোলন গড়ে তোলা যায়, তাহলে একটি পুষ্ট নতুন প্রজন্মের জাগরণ হবে।