বিশৃঙ্খল উন্নয়নকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা হচ্ছে তা ভালো হচ্ছে এবং এটাই উন্নয়নের একমাত্র পথ; এমন কথায় আর আস্থা রাখা যাচ্ছে না। অনাস্থা উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে নয়, অনাস্থার কারণ নির্মাণকাজে নিয়ম না মানার বিশৃঙ্খলা ও মানুষের প্রতি অবহেলা। সম্প্রতি নির্মাণ বিধিমালা না মানার কারণে উড়ালসড়কের গার্ডার পড়ে একজনের মৃত্যু ও দুজনের পঙ্গু হওয়ার ঘটনা সবাইকে ব্যথিত করেছে। বৃহস্পতিবারের প্রথমআলোর সংবাদ: দুই সিটি করপোরেশন ও সেবা সংস্থা মিলে ঢাকার মূল সড়ক ও অলিগলির মোটামুটি পাঁচ শতাধিক জায়গায় খোঁড়াখুঁড়ির কারণে মানুষের চলাচলে ভীষণ অসুবিধা ঘটছে। গর্তে পড়ে, কাদা-ধুলায় ভুগে এবং স্বল্পপথ দীর্ঘ সময়ে পাড়ি দিয়ে মানুষ জেরবার। যেসব এলাকার সড়কের পাশে এসব নির্মাণকাজ চলছে, সেসব এলাকার ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ-হাসপাতালও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ফুটপাত-সড়কের অংশ উপড়ানো, চলাচলের জায়গায় নির্মাণসামগ্রী কিংবা খুঁড়ে তোলা মাটি স্তূপ করে রাখা, এক মাসের কাজ ছয় মাসে শেষ করার বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি। তারা কেন ঠিকাদারদের নিয়ম মানাতে পারছে না, নাগরিক সেবা প্রতিষ্ঠানগুলো কেন জনভোগান্তি কমিয়ে এসব কাজ করতে অনিচ্ছুক।

এসব দেখে মনে হয়, সরকারি বরাদ্দ খরচ করা, ঠিকাদারদের খুশি রাখা এবং ‘উন্নয়ন হচ্ছে’ বলে গর্ব করার দিকে যত মনোযোগ, মানুষের ভালোর দিকে তত নজর নেই। এ পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবারের প্রথমআলোয় এক ভুক্তভোগী নারী যথার্থই বলেছেন, ‘সাধারণ মানুষকে কষ্ট না দিয়ে কি কাজ করা যায় না।’ সরকারের উন্নয়ন দর্শনের গলদ যখন জনগণই ধরিয়ে দেয়, তখন সরকারের উচিত কর্মপন্থা বদলানো।