বিশেষ বিধান থাকার দরকার কী

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কথা সবাই স্বীকার করবেন যে বাল্যবিবাহ বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। অতীতে দেশের ৮০ শতাংশ মেয়ের বিয়ে হতো ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। গত তিন দশকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো উদ্বেগজনক অবস্থায় আছে। এর পেছনে যেমন আর্থিক ও ধর্মীয় কারণ আছে, তেমনি আছে নিরাপত্তাহীনতাও।

অনেক মা–বাবা মনে করেন, অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে পারলে তঁারা দায়মুক্ত হলেন। কিন্তু তঁাদের এ ভাবনা কতটা আত্মঘাতী, তা বলার অপেক্ষা রাখে না। ১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া মানে কেবল তাকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলা নয়, ভবিষ্যৎ প্রজন্মকেও ভয়াবহ পরিস্থিতিতে ঠেলে দেওয়া।

এসব বিবেচনা থেকে ২০১৭ সালে যে বাল্যবিবাহ নিরোধ আইনটি পাস হয়, নীতিগতভাবে আমরা অপ্রাপ্তবয়স্কদের সর্বোত্তম স্বার্থে বাল্যবিবাহের অনুমতিসংক্রান্ত বাল্যবিবাহ নিরোধ আইনে যে বিশেষ বিধান রাখা হয়, তা প্রবলভাবে তার বিরোধিতা করেছি। আইনের ১৯ ধারা ও বিধিমালার ১৭ বিধিতে উল্লিখিত ‘উপযুক্ত আদালত’ বাল্যবিবাহের বিষয়ে অনুমতি দিতে পারবে। কিন্তু এ উপযুক্ত আদালতের সংজ্ঞা নির্ধারণ করা হয়নি। ফলে নানা জটিলতা দেখা দেয় এবং বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়।

প্রথম আলোর খবর থেকে জানা যায়, ১৬ বছর বয়সী ঢাকার বাসিন্দা এক কিশোরী ও ২৫ বছর বয়সী নারায়ণগঞ্জের বাসিন্দা এক যুবকের সঙ্গে বিয়ে দিতে ইচ্ছুক তাঁদের অভিভাবকেরা। তাই উভয়ের বাবা বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা অনুসারে আইনগত অনুমতি চেয়ে গত ২০ মার্চ ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরাবর আবেদন দেন।

সেখানে বিফল হয়ে তাঁরা উচ্চ আদালতে রিট করেন। বিশেষ বিধানসংক্রান্ত ১৯ ধারা অনুসারে অপ্রাপ্তবয়স্কদের সর্বোত্তম স্বার্থে অভিভাবকদের সম্মতিতে আদালতের নির্দেশে বিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। তবে আইনের ১৯ ধারায় ও বিধিমালার ১৭ ধারায় উপযুক্ত আদালত বলতে কোন আদালত বোঝাবে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই।

এই প্রেক্ষাপটে একটি রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি সরকার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বুধবার সরকারের প্রতি এই মর্মে রুলনিশি জারি করেন যে ‘উপযুক্ত আদালত’ বলতে কোন আদালত বোঝাবে? রুলে অপ্রাপ্তবয়স্কদের স্বার্থে বিশেষ বিধানসংক্রান্ত ১৯ ধারার পাশাপাশি বিধিমালার ১৭ বিধিতে উল্লিখিত ‘উপযুক্ত আদালত’ সুনির্দিষ্ট করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আইনসচিব, স্বরাষ্ট্রসচিব এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই বিশেষ বিধানের বিপক্ষে আমাদের যুক্তি ছিল দেশে জন্মনিবন্ধন শতভাগ নিশ্চিত করতে না পারায় বিয়ের ক্ষেত্রে অভিভাবকেরা পাত্র ও পাত্রীর বয়স এমনিতেই বাড়িয়ে দেখিয়ে থাকেন। বিশেষ বিধান সেই সুযোগকে অবারিত করে দিয়েছে। বিশেষ বিধানের সুযোগ নিয়ে অনেকেই অপ্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়েকে বিয়ে দিচ্ছেন। এসব বিয়ে যে সব সময় ‘দুর্ঘটনাজনিত’ কারণে ঘটে থাকে, তা–ও নয়।

আমরা আশা করব, উচ্চ আদালতের নির্দেশনা মেনে সরকার অবিলম্বে উপযুক্ত আদালতের সংজ্ঞা সুনির্দিষ্ট করবে। এ বিষয়ে ধোঁয়াশা রাখা যাবে না। একই সঙ্গে আবারও বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান বাতিল করার দাবি জানাই।