বিশেষ বিবেচনায় মন্ত্রিসভার একজন সদস্য, একাধিক বর্তমান ও সাবেক সাংসদ ও ছাত্রলীগ নেতাদের প্লট বরাদ্দের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম ঘনবসতিপূর্ণ এবং ভূমিস্বল্পতার দেশ হিসেবে পরিচিত। সেই দেশের রাজধানী, যেখানে রাষ্ট্রীয় আবাসননীতি প্রণয়ন ও তা বাস্তবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা ও নীতিনৈতিকতা মেনে চলাটা স্বাভাবিক এবং প্রত্যাশিত, সেখানে ব্যক্তি বা মহলবিশেষের পছন্দ-অপছন্দের এতটা প্রাধান্যনির্ভর একটি ব্যবস্থাপনার বাস্তবতা আমাদের স্তম্ভিত করে।
নিরপেক্ষ সচেতন মহল অবশ্য রাষ্ট্রের পক্ষ থেকে এভাবে শ্রেণি ও পেশা বিবেচনায় জমি ও প্লটের মতো সম্পদের বিলিবণ্টন সংবিধানে বর্ণিত আইনের চোখে সবাই সমান এবং সমতার নীতিকে আঘাত করে কি না, সেই প্রশ্নও তুলে থাকে। এটা অপ্রিয় সত্য যে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দের যে নীতিমালা ১৩-এ তে বর্ণিত আছে সেটা জেনারেল এরশাদের সামরিক আমলে প্রণীত এবং তখন তা সংযোজনের উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা সংহত করতে বিশেষ ব্যক্তিদের সুবিধা বণ্টন। অবশ্য তার আওতায় যোগ্য ব্যক্তিরা একেবারেই বঞ্চিত থেকেছেন, তা নয়। কিন্তু ওই বিধানটি বলছে, যাঁরা ‘রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে’ অবদান রেখেছেন তাঁদের প্লট বরাদ্দ দেওয়া যায়। অথচ কে কী করলে ‘গুরুত্বপূর্ণ’ কাজ করা হবে, তার কোনো নির্দেশনা নেই। এমনকি এ ক্ষেত্রে যদি কোনো উপযুক্ত কমিটি এবং সেখানে ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছাকে নিরঙ্কুশ না করা হলে বা কোনো সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে নেওয়ার শর্ত থাকলে হয়তো একটি গ্রহণযোগ্য পরিস্থিতি নিশ্চিত করা যেত। কিন্তু সেটাও কার্যকর নেই।
আওয়ামী লীগের মতো একটি দলে বিপুলসংখ্যক নেতা ‘গুরুত্বপূর্ণ’ ভূমিকা রাখতে পারেন। তাঁদের পুরস্কৃত করার উপায় দলকে বের করতে হবে, এটা রাষ্ট্রের ওপর চাপানো বৈধ নয়। উপরন্তু বণ্টনব্যবস্থাটি পক্ষপাতদুষ্ট ও বৈষম্যমূলক, তাই প্রশাসন ও দলের ‘সব গুরুত্বপূর্ণ’ ব্যক্তিকে খুশি রাখা সম্ভবও নয়। সুতরাং সার্বিক বিবেচনায় আলাপ-আলোচনার ভিত্তিতে প্লট বরাদ্দের আইনে সংশোধনী আনাই সমীচীন।