খুলনার ডুমুরিয়া উপজেলায় ভদ্রা নদীর ওপর একটি সেতুর নির্মাণকাজ ছয় দফা বাড়িয়ে সাড়ে পাঁচ বছরেও পুরোপুরি শেষ হয়নি। ফলে খুলনা ও সাতক্ষীরার কয়েকটি উপজেলার কয়েক লাখ মানুষের ভোগান্তি শেষ হচ্ছে না। দুই পারের নির্দিষ্ট দুটি পিলারের তুলনামূলক উচ্চতায় হেরফের হওয়ায় ‘নির্মাণত্রুটি’ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে স্থানীয় জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, কয়রা-পাইকগাছার সঙ্গে খুলনা ও ডুমুরিয়ার অভ্যন্তরীণ যোগাযোগ সহজ করতে ভদ্রা নদীর ওপর সেতু নির্মাণে প্রকল্প নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান এমএমবি-আইটি (জেভি) কাজ পায়। ৩১৫ দশমিক ৩ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৩ মিটার প্রস্থের সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় ২৮ কোটি ৫৫ লাখ টাকা। ২০১৭ সালের নভেম্বরে কাজ শুরু হয়ে ২০১৯ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল। পরে আরও ছয় দফা সময় বাড়িয়ে চলতি বছরের জানুয়ারির মধ্যে কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়। সপ্তমবারের মতো সময় বাড়ানোর আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
সেতুটির মূল অংশ দৃশ্যমান হওয়ার পর ১ ও ২ নম্বর স্প্যানের মাঝখানের অংশ পাশ থেকে নিচু দেখা যাচ্ছে। নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলছেন, সেতুর কাজ শুরুর আগে ভূসংস্থানিক জরিপের সময় কোনো এক পারের রিডিউস লেভেলের (আরএল) হিসাবে ভুল ছিল। এ কারণে দুই পারের নির্দিষ্ট দুটি পিলারের তুলনামূলক উচ্চতায় হেরফের হয়েছে। তাদের দাবি, এটা নির্মাণত্রুটি নয়। তবে এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ঢাকা থেকে বিশেষজ্ঞ দল সেতুটি দেখে গেছে। তারা লিখিত মতামত জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সেতুটি চালু হলে প্রত্যক্ষভাবে প্রায় পাঁচ লাখ মানুষের উপকার হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারার পেছনে করোনা মহামারির অজুহাত দেখিয়েছে। প্রশ্ন হচ্ছে, সাত দফা সময় বাড়ানো কতটা যৌক্তিক? সেতুটির পিলারে তুলনামূলক উচ্চতার যে হেরফের, সেটা ঝুঁকিপূর্ণ কি না, বিশেষজ্ঞ প্রকৌশলীদের সেটা গুরুত্ব দিয়ে যাচাই করতে হবে। যদি সেতুটির ত্রুটি সংশোধনের কোনো সুযোগ থাকে, সেটার পরামর্শও তাঁদের দিতে হবে। এর জন্য দায়ী কারা, সেটাও তদন্ত করে বের করা জরুরি। সর্বোপরি, নির্মাণত্রুটি সারিয়ে দ্রুত সেতুটি চালু করতে হবে।