বিশ্ব ইজতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাবলিগ জামাত একটি চলমান শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে যাঁরা শিক্ষক, তাঁরাই শিক্ষার্থী। এখানে শিক্ষার্থী হতে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। যেকোনো বয়সের যে কেউ এতে শরিক হতে পারেন। তাবলিগ জামাতে যাঁরা শরিক হন, তাঁরা নিজেরাই নিজেদের সব কাজ করেন। সেই সঙ্গে তাঁরা নিজেরাও নিজেদের আধ্যাত্মিক উৎকর্ষ সাধনের জন্য অনুশীলন করেন। আর চলে দিনি দাওয়াত বা আল্লাহর পথে আহ্বানের কাজ। দেশ-বিদেশের বহু উচ্চশিক্ষিত এবং নিজের কর্মজগতে সফল ও স্বনামধন্য ব্যক্তিরা তাবলিগ জামাতে শামিল হয়ে থাকেন। গ্রামাঞ্চলে এবং শহরেও দেখা যায় গাঁটরি-বোঁচকা নিয়ে রাস্তার পাশ দিয়ে সারিবদ্ধভাবে জিকির করতে করতে কিছু ধর্মপ্রাণ লোক নতুন গন্তব্যে, নতুন কোনো মসজিদের উদ্দেশে ছুটে চলেছেন। এঁরাই তাবলিগ জামাতের পুণ্যবান মুসল্লি। সারা বছর ধরে যাঁরা আল্লাহর পথে নীরবে-নিভৃতে মেহনত করেন, তাঁদের প্রায় সবাই প্রতিবছর বিশ্ব ইজতেমায় সমবেত হন। অন্যান্য ধর্মীয় সমাবেশ বা জমায়েত থেকে তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমা সম্পূর্ণ আলাদা। এখানে ওয়াজ নসিহত ইসলামি প্রশিক্ষণ পরিচ্ছন্ন নীতিকে অনুসরণ করে দেওয়া হয়—যার নাম হচ্ছে ‘বয়ান’। পবিত্র কোরআন, হাদিস ও শরিয়তের বিষয় সবিস্তারে বয়ান করা হয়। মহানবী (সা.)-এর জীবনাদর্শ, তাঁর সুযোগ্য সাহাবায়ে কিরামদের কর্মময় জীবনের নানা কথা এবং ইসলামের মৌল বিষয়: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত ও ইমানের নানা দিগ্দর্শন বয়ান করা হয়। এতে চমৎকার উপস্থাপনায় সাধারণ মানুষ যেন শেখা, বোঝা ও অনুধাবন করতে পারে এমনভাবে ইসলামের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করে ধর্মপ্রাণ মুসল্লিদের প্রশিক্ষিত ও তাঁদের আত্মাকে পরিশোধিত করে সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনে নিজেদের উৎসর্গিত করে তোলে। দেশি-বিদেশি ইসলামি চিন্তাবিদ, ওলামায়ে কিরামগণ ইমান, আকিদা, দিনের দাওয়াত, ইসলাম ধর্ম ও আখিরাত সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক মূল্যবান বয়ান রাখেন। প্রতিবছর জুমার নামাজের আগে সমবেত মুসল্লিদের উদ্দেশে অনানুষ্ঠানিকভাবে অরাজনৈতিক বিশ্ব ইজতেমার শীর্ষ মুরব্বিরা বয়ান করেন। এ ছাড়া ফজরের নামাজের পরও আমবয়ান করা হয়। মাঠের মূল মঞ্চ থেকে মুসল্লিদের উদ্দেশে ইমান ও আমলের ওপর বয়ানে বলা হয়, ‘আল্লাহর মেহেরবানি, সমগ্র পৃথিবীর মেহমান এখানে এসেছেন। আমার নামাজের হেফাজত করা আমার দায়িত্ব। এখান থেকে আমরা মহান আল্লাহর জামাতের উদ্দেশে বের হই এবং পুরো মজমায় নিয়ত করি। আমরা দোয়া করি আল্লাহর কাছে। জামাত যত বড় হবে, নেকি তত বাড়বে। প্রত্যেককে বেশি করে নেকি আদায় করতে হবে। তাহলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে।’ বয়ানে শীর্ষ মুরব্বিরা বলেন, ‘আল্লাহ তাআলা জন্ম ও মৃত্যুকে তৈরি করেছেন। যার আমল যত সুন্দর হবে, তার আমল তত বেশি গুণসম্পন্ন হবে।’ আমল ও হেদায়েতি বয়ানে বলা হয়, আল্লাহকে রাজি-খুশি করতে পারলে আল্লাহ একদিন গুনাহ মাফ করে দেবেন। সারা দুনিয়ার মানুষ সফলতা চায়। কামিয়াবির জন্য আল্লাহর কাছে সবাইকে প্রার্থনা করতে হবে। প্রকৃতপক্ষে বিশ্ব ইজতেমা মানুষের মধ্যে ব্যাপক ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যময় আবেগ তৈরি করে আধ্যাত্মিক প্রেরণার উন্মেষ ঘটায়। বিশ্ব ইজতেমা মূলত তাবলিগ জামাতের মহাসম্মেলন হলেও সর্বস্তরের মুসলমান, যাঁরা বছরের অন্য কোনো সময় তাবলিগ জামাতের কাজে ও কাফেলায় অংশগ্রহণ করতে পারেন না, তাঁরাও স্বতঃস্ফূর্ত এই বার্ষিক জমায়েতে শামিল হন। লাখো মুসলমানের এই মহাসমাবেশে এমন অনেক মুসল্লি আসেন, যাঁরা আল্লাহর পথে সম্পূর্ণ নিবেদিতপ্রাণ ও আত্মসমর্পিত। অনেকে হয়তো সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য ও আল্লাহর পথে মানুষকে আহ্বানের কাজে সারা জীবনের জন্য বেরিয়ে পড়েছেন। এমন অনেকে এখানে শামিল হন, যাঁরা আল্লাহর প্রেমে মশগুল থেকে, ত্যাগ ও সাধনার মাধ্যমে সালেহিন অর্থাৎ পুণ্যবানদের মর্যাদায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ব ইজতেমার প্রতি ওয়াক্ত নামাজের শেষে মোনাজাত এবং আখেরি মোনাজাতে এসব পুণ্যবানেরা আল্লাহর দরবারে হাত ওঠান। সেসব অচেনা-অজানা নেককার মানুষের সঙ্গে এক জামাতে সালাত আদায় এবং তাঁদের সঙ্গে পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনার হাত উত্তোলনের আশায় মুসলমান মাত্রই আবেগাপ্লুত বোধ করেন। বিশেষ করে শেষ দিনের আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য যেভাবে মানুষ টঙ্গীর ইজতেমা ময়দানের দিকে ছুটে যান, তা সত্যিই এক প্রচণ্ড আবেগ ও ধর্মীয় চেতনার বহিঃপ্রকাশ। সে কারণেই বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ এসে ভিড় করেন ইজতেমার ময়দানে। মানুষের মনের গহিন কোণে গভীর আশা, পুণ্যবান মানুষের অছিলায় দয়াময় আল্লাহ পাক হয়তো ঐশীপ্রেমের ঝরে পড়া অশ্রুধারায় সবাইকে ক্ষমা করে দেবেন। ন্যূনতম ইসলামি মূল্যবোধসম্পন্ন লোকজন পর্যন্ত এতে অংশ নেওয়ার জন্য তাগিদ অনুভব করেন। যেহেতু বৃহৎ মজমা এবং মজমার অধিকাংশ মানুষ মুসাফির আর মুসাফিরের দোয়া কবুল হয়। তা ছাড়া, দেশের প্রধান ব্যক্তিদের উপস্থিতি ও মজমার সামগ্রিক বিবেচনায় দীর্ঘ আখেরি মোনাজাত করা হয়। যেখানে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। যেহেতু সবার কথাই মোনাজাতে বলা হয়, সেহেতু সব পেশার মানুষ আখেরি মোনাজাতে শরিক হওয়ায় ইজতেমার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। ইসলামি সমাজ গঠনের ক্ষেত্রেও তাবলিগ ও বিশ্ব ইজতেমার একটি ইতিবাচক প্রভাব রয়েছে। যদিও চরিত্র, কর্মসূচি ও বক্তব্যের দিক থেকে তাবলিগ একটি নিছক অরাজনৈতিক ধর্মীয় আন্দোলন, তবু এর প্রভাবে সমাজে ধর্মীয় চিন্তাচেতনা বৃদ্ধি পাচ্ছে। ইবাদত-বন্দেগির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। সাধারণ জনগণের মধ্যে ইসলামের প্রাথমিক শিক্ষা প্রসারে তাবলিগের অন্য ভূমিকা রয়েছে। তা ছাড়া আধুনিক শিক্ষিত শ্রেণীর একটি অংশের মধ্যে দিন পালনের আগ্রহ জোগাতে তাবলিগ জামাতের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই। পৃথিবীতে মানবতার কল্যাণে মুসলমানদের দুনিয়াতে পাঠানো হয়েছে, এরই মহড়া ও দৃষ্টান্ত স্থাপন করা হয় এই বিশ্ব ইজতেমার মাধ্যমে। তাই বলা যেতে পারে, ইসলামের প্রচার ও প্রসারে তাবলিগ জামাত অগ্রণী ভূমিকা পালন করছে এবং বিশ্ব ইজতেমার মাধ্যমে দিন ইসলামের ব্যাপক বিস্তার লাভ হচ্ছে এবং দিনি দাওয়াত কার্যক্রম সব দেশেই পৌঁছে যাচ্ছে।ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কলাম লেখক। [email protected]