রোহিঙ্গা শরণার্থী সমস্যা কতটা ভয়াবহ রূপ নিয়েছে, তার কিছুটা আভাস তুলে ধরা হয়েছে গত দুই দিনে বিদেশি কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বৈঠকে। এর আগে বাংলাদেশের উদ্বেগ ও অসহায়ত্বের কথা বিচ্ছিন্নভাবে জানানো হলেও এই প্রথম আনুষ্ঠানিকভাবে ঢাকায় দায়িত্বরত প্রায় সব কূটনীতিককে জানানো হলো। একই সঙ্গে খোলাখুলিভাবে তাঁদের মনোভাব জানা গেল।
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী যে হত্যা, নারী ধর্ষণ ও ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটাচ্ছে, তা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশে চলতে পারে না। বিদেশি কূটনীতিকেরা একে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন। আমরা এই হত্যাযজ্ঞ ও জাতিগত নিপীড়ন বন্ধের আহ্বান জানাই।
বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের প্রশংসা করেছে, আমাদের পাশে থাকার কথা বলেছে। আমরা তাদের এই মনোভাবকে স্বাগত জানাই। একই সঙ্গে এটাও পরিষ্কার করতে চাই যে এই বিপুলসংখ্যক শরণার্থীকে বেশি দিন আশ্রয় দেওয়া জনবহুল ও নানা সমস্যাকবলিত দেশটির পক্ষে সম্ভব নয়। ইতিমধ্যে রোহিঙ্গা আশ্রয়প্রার্থীর সংখ্যা ৭ লাখে পৌঁছেছে। এ মুহূর্তে তাদের খাইয়ে বাঁচানো ও আশ্রয় দেওয়াটাই বড় সমস্যা। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা হয়তো কিছুটা স্বস্তি দেবে।
কিন্তু রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেওয়ার বিষয়ে কোনো অগ্রগতি না হলে তা বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিদেশি কূটনীতিকেরাও সমস্যার গভীরতা সম্পর্কে ওয়াকিবহাল। জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে সমস্যাটি নিয়ে আলোচনা হবে বলেও কেউ কেউ ইঙ্গিত দিয়েছেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটি আসতে হবে নিরাপত্তা পরিষদ থেকে। সে কারণেই নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী ও ১০টি অস্থায়ী সদস্যদেশের প্রতি আমাদের জোরালো দাবি থাকবে, তারা এমন সিদ্ধান্ত নিক, যাতে মিয়ানমার জাতিগত নিপীড়ন বন্ধ করে এবং বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী শরণার্থীদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। এ ব্যাপারে বিশ্ব সম্প্রদায়ের দায় আছে।
সেই সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রাখতে হবে। পররাষ্ট্রমন্ত্রী যেমন বলেছেন, ‘আমরা যুদ্ধ চাই না।’ রোহিঙ্গা সমস্যার যে বোঝা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, তার অবসান হোক। এ ক্ষেত্রে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন তার ভিত্তি হতে পারে বলে আমরা মনে করি।