‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’, উত্তমকুমার অভিনীত কমেডি ছবি ধন্যি মেয়ের এই গানের যথার্থতা আশির দশকের শেষ দিক পর্যন্ত টিকে ছিল। সে আমলে যেদিন আবাহনী-মোহামেডানের খেলা থাকত, সেদিন মাঠ হয়ে উঠত কুরুক্ষেত্র। কোনো দল গোল দিলে স্টেডিয়ামের দশ মাইল দূর থেকেও ‘কানে খাটো’ লোকটা পর্যন্ত শুনতে পেত সম্মিলিত উল্লাসধ্বনি, ‘গো...ও...ও...ল!’ সেদিন পথেঘাটে সবখানে ফুটবল নিয়ে আলাপ, অপলাপ, তর্ক, কুতর্ক, মারামারি—কোনোটা হতে বাকি থাকত না। গ্রামেগঞ্জে এমন কোনো মাঠ ছিল না, যেখানে বিকেলবেলায় ফুটবলযুদ্ধ হতো না। বাংলাদেশ তখন যথার্থই ফুটবল উন্মাদনায় ছিল।
এখন বিশ্বকাপ এলে বোঝা যায়, সেই উন্মাদনা শেষ হয়ে যায়নি। বাড়িতে বাড়িতে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও মেক্সিকোর পতাকা ওড়ে। কিশোর-তরুণেরা দেয়ালে দেয়ালে মেসি, নেইমারের নামে চিকা মারে। মহল্লার মোড়ে মোড়ে বিশাল বিশাল মনিটর লাগিয়ে তুমুল উন্মাদনায় খেলা দেখা হয়। এই উন্মাদনাকে কাজে লাগিয়ে পতাকা আর জার্সি ব্যবসায়ীরা ‘টু পাইস’ কামিয়ে নেন।
এটা ঠিক, এই উন্মাদনা কোথাও কোথাও বাড়াবাড়ির পর্যায়ের হয়েছে। ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের কথা-কাটাকাটি শেষ পর্যন্ত গোষ্ঠীগত লড়াইয়ে গড়িয়ে পড়ার খবরও পাওয়া যাচ্ছে।
এই উন্মাদনার আতিশয্য যতই অযৌক্তিক হোক, তর্কাতর্কি ছাপিয়ে যতই হাতাহাতি হোক, এর মধ্য দিয়ে একটা বিষয় পরিষ্কার। সেটি হলো এই হুজুগের মধ্যেও এই জনগোষ্ঠীর একটা বিরাট অংশ ফুটবলের প্রতি তাদের নির্জলা প্রেম এখনো ধরে রেখেছে। ফলে সাধারণ মানুষের উপলব্ধির অন্তর্লোকে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক, ফুটবলের প্রতি প্রেম যদি থেকেই থাকে, তাহলে কেন আগের মতো ঘরোয়া লিগের বিষয়ে মানুষের কোনো আগ্রহ নেই? আবাহনী-মোহামেডান শুনলে কেন আগের মতো বাংলাদেশিদের রক্ত দুলে ওঠে না? ফুটবলপ্রেমী ১৬ কোটি মানুষের দেশে ১১ জন বিশ্বমানের ফুটবলার কেন তৈরি হচ্ছে না? আর্থসামাজিক, শিক্ষাসহ প্রায় সব খাতে অগ্রগতি হলেও ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কেন একেবারে নিচের দিকে?
সবাই জানে, ফুটবল দলগত খেলা। ১১ জন খেলোয়াড় মিলে মাঠে যুদ্ধ করতে হয়। কোচের সুচিন্তিত রণকৌশল এবং খেলোয়াড়দের ব্যাকরণমাফিক সেই কৌশল বাস্তবায়নের ওপর হার-জিত নির্ভর করে। নিয়মানুবর্তিতার বাইরে গেলেই ‘ফাউল’ সাব্যস্ত হয়ে সর্বনাশে ছিটকে পড়তে হয়।
যদ্দুর বোঝা যায়, বাংলাদেশের মানুষের ফুটবল খেলার জন্য প্রয়োজনীয় দমের কমতি নেই; ভালোবাসাও যথেষ্ট আছে। যেটা নেই সেটা হলো যথার্থ ব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতা। সুশৃঙ্খল নিয়মের এই খেলার মান সামনে এগিয়ে নিতে হলে ব্যবস্থাপনার মাঠে ‘ফাউল’ করা যাবে না। ‘গোলের’ লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে অনেক কিছুই করা যেতে পারে।