বিশ্বজিৎ দাস হত্যার ঘটনার দৃশ্য ও ভিডিওচিত্র গণমাধ্যমে যাঁরা দেখেছেন, হাইকোর্ট বিভাগের গত রোববারের রায় তাঁদের হতাশ করবে, এটাই স্বাভাবিক। এই মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া ছাত্রলীগের আট নেতা-কর্মীর মধ্যে ছয়জন হাইকোর্টের রায়ে সর্বোচ্চ দণ্ড থেকে অব্যাহতি পেয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে যে তথ্যপ্রমাণ হাজির করা হয়েছে, সেখানে অসংগতির কথা বলেছেন উচ্চ আদালত। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে যথাযথ ও বিভ্রান্তিহীন তথ্যপ্রমাণ হাজির করা পুলিশের দায়িত্ব। এর ওপর ভিত্তি করেই আদালতকে রায় দিতে হয়। সেখানে সমস্যা বা গাফিলতি থাকলে ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন।
বিশ্বজিৎ হত্যাকাণ্ডে উচ্চ আদালতের যে রায় পাওয়া গেল এবং তাতে বিশ্বজিতের পরিবারসহ নানা মহলে যে হতাশা দেখা যাচ্ছে, তার দায় আসলে পুলিশ বিভাগকে নিতে হবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণে ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদনের সঙ্গে ঘটনা ও অন্যান্য সাক্ষ্য-প্রমাণের অসামঞ্জস্য ধরা পড়েছে। দুটি ক্ষেত্রে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও চিকিৎসক কোনো ধরনের অবহেলা বা অসদাচরণ করেছেন কি না, তা দেখতে আদালত পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আদালতের এই ভালো উদ্যোগ থেকে কিছু সুফল মিলবে এই অাস্থা আমরা রাখতে চাই।
এটা দুর্ভাগ্যজনক যে ঘটনার ছবি ও ভিডিওচিত্রে যেখানে ৮ থেকে ১০ জন লোক বিশ্বজিৎকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন, সেখানে সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদনে একটি আঘাতের কথা বলা হয়েছে। অথচ আদালতের কাছে সাক্ষ্য-প্রমাণে প্রতীয়মান হয়েছে যে একাধিক ব্যক্তির একাধিক আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা সবাই ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা ও কর্মী। এর ফলে সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন তৈরির ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বা অসদাচরণ কাজ করেছে কি না, তা খুবই জরুরি প্রশ্ন।
বিশ্বজিৎ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আটজনের মধ্যে চারজনের সাজা কমা ও দুজন খালাস পাওয়ার বিষয়টি তাঁর মা-বাবার কাছে গ্রহণযোগ্য হয়নি। যদি সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন তৈরিতে কোনো গাফিলতি বা অসদাচরণের কারণে এমনটি হয়ে থাকে, তবে এই রায় তাঁরা কীভাবে মেনে নেবেন? আমরা আশা করব, আদালতের নির্দেশ মেনে পুলিশ ও চিকিৎসা প্রশাসন বিষয়টির যথাযথ তদন্ত করে দেখবে।
বিশ্বজিৎ হত্যায় দণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন এখনো পলাতক। দীর্ঘদিন ধরে তাঁদের ধরতে না পারাও পুলিশের একটি বড় ব্যর্থতা। আমরা আশা করব পলাতক দণ্ড পাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ পদক্ষেপ নেবে।