বিশ্বজিতের রক্তবীজ
বিশ্বজিৎকে আমরা সবাই মিলেই হত্যা করেছি। আশপাশে জনতা ছিল, পুলিশ ছিল, সাংবাদিক ছিল; কিন্তু সবাই সেদিন অক্ষম-অবশ হয়ে গিয়েছিল। এত সাক্ষী থাকার পরও তাঁর খুনিরা এখনো অধরা। তাঁর মৃত্যুর মধ্যে আমরা আমাদের সামষ্টিক মৃত্যুর স্বাদ পেয়েছি। দেখেছি নিরীহের প্রতি দলীয় জল্লাদদের নৃশংসতার সীমা। দেখেছি ক্ষমতার বর্বরতা। দেখেছি ভয়ংকর সরকারি দায়িত্বহীনতার মুখে জনগণের সীমাহীন অসহায়ত্ব। যখন তিনি প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছিলেন, যখন তাঁর ধূসর শার্ট রক্তে লাল হয়ে উঠছিল, যখন ফানা ফানা দেহ নিয়ে চাপাতিধারীদের পায়ে পড়ছিলেন, তখন তাঁর মুখে ভয়ভীতির চিহ্ন ছিল না। নিরেট প্রাণী হয়ে গিয়েছিলেন তিনি এবং প্রাণবিক জীবনের সহজাত তাড়নায় আমৃত্যু চেষ্টা করেন বাঁচতে। হ্যাঁ, বিশ্বজিৎকে ওরা বন্য প্রাণী শিকারের মতো করে ধাওয়া করছিল। শিকার বধের পর আনন্দ মিছিলও করেছিল, কোনো বিকার বা অনুশোচনা ছিল না। টেলিভিশনের পর্দায় এ দৃশ্য দেখে বিশ্বজিতের সঙ্গে আমরাও যেন মরে গেছি আজ। আমরা যে কেউই যেকোনো সময়ই বিশ্বজিতের মতো শিকার হতে পারি। বিশ্বজিতের মৃত্যু তাই আমাদের সামষ্টিক নিরাপত্তাহীনতা আর ভয়ের প্রতীক। আমিও ভীত। ভেবেছিলাম, বিনা কারণে বা বিনা বিচারে নিশ্চয়ই নিহত হব না। কিন্তু সপ্তাহ দুয়েক আগে সেই বিশ্বাসও টলে যায়। রাত সাড়ে ১১টায় মোহাম্মদপুরের আদাবরের কাছে দাঁড়িয়ে ছিলাম আমরা চারজন। বাড়ির সামনে এক চায়ের দোকানে চা খাচ্ছি। হঠাৎ একটি সাদা গাড়ি থেকে চার-পাঁচজন ৪০-৪৫ বছর বয়সী লোক নেমেই লাথিঘুষি মারতে থাকল। তারা বলছিল, ‘অ্যারা শিবির, শ্যাষ কইরা ফালা।’ আমাদের তিনজন ছিলাম সাংবাদিক। সবাই পরিচয়পত্র দেখালাম, বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু তারা উত্তেজিত। আগের দিন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর যুবলীগের প্রতি শিবির প্রতিরোধের আহ্বান জানিয়েছিলেন। আদাবর এলাকার এই গ্রুপটি সম্ভবত সেই জোশের বশেই ‘যেখানেই পাইবে ঝোপ, সেখানেই মারিবে কোপ’ নীতিতে টগবগ করছিল। ক্যাডার, ছিনতাইকারী আর সরকারি বাহিনীর সঙ্গে তর্ক করলে বিপদ বাড়ে, এই হুঁশ থাকায় উচ্চবাচ্য না করে প্রহার সইলাম। ভাবছিলাম, ক্যাম্পাসে শিবির প্রতিরোধ করেছি, জীবননাশের হুমকির মুখেও সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছি; এই তার পুরস্কার! বা শিবির হলেই কি কাউকে এভাবে মারা যায়? দেশপ্রেমিক সৈনিকদের ধন্যবাদ, তারা আমাদের প্রাণে মারেনি। ব্যাপারটা ভুলে যেতে চাইছিলাম। ব্যক্তিগত মান-অপমান নিয়ে পড়ে থেকে কাজ নেই। দেশের অনেক মানুষকেই এমন অত্যাচার নীরবে সইতে হয়।কিন্তু বিশ্বজিতের মৃত্যুদৃশ্য এক ধাক্কায় জানিয়ে দিল, আমল বদলায় কিন্তু জনগণের ভাগ্যনামা বদলায় না। সেদিন রাতে আমরাও বিশ্বজিৎ হয়ে যেতে পারতাম। সেই একই ছাত্রলীগ, সেই একই উন্মাদনা এবং এবারও স্বরাষ্ট্রমন্ত্রী রাজপথে শিবির প্রতিরোধের ভার দলীয় নেতা-কর্মীদের ওপর ন্যস্ত করেছিলেন। তাঁর আহ্বানের এমনই তেজস্ক্রিয়তা! আমাকে প্রহূত হয়ে আর বিশ্বজিৎকে ছিন্নভিন্ন হয়ে সেই তেজের শিকার হতে হয়! তার পরও তিনি সম্পূর্ণ দায়মুক্ত। তার পরও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলতে দ্বিধা করেননি, ‘বিশ্বজিৎ দাসের মৃত্যুর দায়দায়িত্ব আওয়ামী লীগের নয়।’ ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুবকর নিজ কক্ষে গুলি খেয়ে প্রাণ হারানোর পরও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, এটা ‘বিচ্ছিন্ন ঘটনা’। বলেছিলেন, ‘এমন ঘটতেই পারে’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যার পরও এমন রোমহর্ষক কথাবার্তা সরকারের কর্তাব্যক্তিরা বলেছেন। তিনটি ঘটনাতেই ছাত্রলীগ জড়িত, অথচ আজ পর্যন্ত কারও শাস্তি হয়নি। আজ আইন প্রতিমন্ত্রীও ‘বিশ্বজিৎ হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা’ করে দিয়েছেন। ক্ষমতা কি মানুষের বোধশক্তি লোপ করে দেয়? যাঁদের কারবার রাজক্ষমতা নিয়ে, যাঁদের রাজনীতি লাশের রাজনীতি, তাঁদের চোখে একটি লাশ কেবল একটি ইস্যু। তাঁদের কাছে স্বদলীয় খুনি দলের খুঁটি। কিন্তু যার যায় তার সর্বস্বই যায়। নিহতের প্রাণ আর ফিরে আসে না। সন্তানহারা মায়ের আর্তনাদ যেমন এসব রাজনীতিবিদদের বিবেককে স্পর্শ করতে পারে না, তেমনি বিশ্বজিতের মৃত্যু নিয়ে লীগ-বিএনপির বাগ্যুদ্ধ, ষড়যন্ত্র তত্ত্বের তির ছোড়াছুড়িও বিশ্বজিতের মায়ের হূদয় স্পর্শ করবে না। এই নেতারা যতই অনুশোচনাহীন হবেন, মানুষ ততই তাদের প্রতি আস্থা হারাবে। সবাই আজ আক্রমণের নিশানায়। কে কোথায় কখন কীভাবে কার হাতে আক্রান্ত হবে, তা কেউ বলতে পারে না। এই ভয় সংক্রামক। বিশ্বজিৎ হত্যার চিহ্নিত অপরাধীদের দেখেও না দেখে অন্য আটজনকে ধরাধরিতে তাই ভরসা আসবে না, আতঙ্ক ও ঘৃণা আরও বাড়বে। আশুলিয়ায় নিহত শ্রমিকদের মৃত্যুর দায়দায়িত্ব চিহ্নিত না হওয়ার প্রতিক্রিয়াও তাই। রাষ্ট্র, সরকার, মন্ত্রীবর্গ এক অর্থে মানুষের জীবন-মৃত্যুর ম্যানেজার। যতভাবে যত বীভৎস উপায়ে মানুষ হত্যা চলছে, তার বিচারের দায় না নিলে তাঁরা কিসের শাসক? কী তাঁদের শাসনের বৈধতা? তাঁরা কি সবকিছুর ঊর্ধ্বে? ভোটের বিনিময়ে লাশ হতে বা দেখতে আর চাই না আমরা। বিশ্বজিতের একটি স্বপ্ন ছিল। ভাইকে সেই স্বপ্নের কথা তিনি বলতেন। আপন টেইলার্সকে দাঁড় করিয়েছিলেন। আশা ছিল, বাবা-মাকে নিজের কাছে এনে রাখবেন। সেদিন আর তাঁর কোনো দুঃখ থাকবে না। নিম্নবিত্তের নিম্নবর্গীয় যুবকের এই স্বপ্ন প্রাগৈতিহাসিক। নিজ কানে, সংবাদে, আর গল্প-উপন্যাসে বারবার এই স্বপ্নের কথা আমরা শুনি। এসব মৃদু ও পারিবারিক স্বপ্নগুলোই তাঁদের জীবন, সেটাই তাঁদের আশার আসমানের ধ্রুবতারা। সেদিনের আবুবকরের আর আজকের বিশ্বজিতের মতো মানুষদের স্বপ্নযাত্রার পথে হাঁটি হাঁটি করে এগিয়ে যাওয়ার ভরসার ওপরই দেশ ও সমাজ টিকে থাকে। উনসত্তরে আসাদের মৃত্যুতে আইয়ুব শাহি টলে উঠেছিল, শামসুর রাহমান লিখেছিলেন, ‘আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা’। ভাষাশহীদ বরকতের মৃত্যুতে ফেটে পড়েছিল ঢাকাবাসী। শহীদের রক্তে ভেজা শার্ট নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ লিখেছিলেন, ‘চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা’। বিশ্বজিতের মৃত্যুতে আজ আমাদের ভয়: আশার সমাধিপাশে জীবনের জয় হবে তো? অসুরের রক্তবীজ থেকে অসুর জন্মায়, বিশ্বজিতের রক্ত থেকে অসুর বধের বীজ জন্মাবে তো?ফারুক ওয়াসিফ: লেখক ও সাংবাদিক। faৎ[email protected]