ঠিক করেছিলাম, লেখাটা শুরু করব ইদানীং দেশের রাজনীতিতে কীভাবে জামায়াত বিএনপিকে গ্রাস করে ফেলেছে, সে সম্পর্কে দুই কথা দিয়ে এবং এও ঠিক করে রেখেছিলাম, তা লিখতে গিয়ে আমার কয়েকজন ছাত্র, যারা কিনা ছাত্রদল করত, তারা কীভাবে শিক্ষাঙ্গনে ছাত্রশিবির কর্তৃক নিগৃহীত হয়েছে বা তাদের কী নৃশংসভাবে হত্যা করেছে, সে সম্পর্কে উল্লেখ করে। কিন্তু লেখার সেই পরিকল্পনায় বাদ সাধল গত রোববার পুরান ঢাকায় সংঘটিত বিশ্বজিৎ দাস নামের এক যুবকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা টিভিতে দেখে এবং পরদিন পত্রিকায় পড়ে। বিশ্বজিতের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। সে সাধারণ ছাপোষা একজন দর্জি। বিশ্বজিৎ যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন অনেকটা হঠাৎ করেই একটি ককটেল বিস্ফোরণ নিয়ে অবরোধের পক্ষ-বিপক্ষদের মধ্যে সংঘর্ষ বাধে। অবরোধের বিপক্ষ দল মনে করে, ককটেল বিস্ফোরণের জন্য দায়ী বিশ্বজিৎ। সুতরাং তার ওপর ছাত্রলীগ নামধারী কিছু সশস্ত্র দুর্বৃত্ত ঝাঁপিয়ে পড়ে চাপাতি আর লোহার রড নিয়ে। আঘাতের পর আঘাতে রক্তাক্ত হয় বিশ্বজিৎ। বাঁচার আকুতি জানিয়ে বিশ্বজিৎ শেষ পর্যন্ত তার ধর্মীয় পরিচয় জানিয়ে বলে, ‘আমি হিন্দু’। বিশ্বজিতের ধারণা হয়েছিল, তার ধর্মীয় পরিচয় জানলে সে হয়তো রেহাই পাবে। আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা তাদের শুভাকাঙ্ক্ষীরা এখনো ভ্রান্তভাবে মনে করে, হিন্দুরা হচ্ছে তাদের ভোটব্যাংক। বর্তমান যুগে ভোটব্যাংক বলতে কিছু নেই। তা যদি থাকত, তাহলে চট্টগ্রাম আর কুমিল্লার সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা শোচনীয়ভাবে পরাজিত হতেন না। আমার হাতে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র নির্বাচনের কেন্দ্রওয়ারি সব ফলাফল আছে। সেটি দেখলে বোঝা যাবে, যাঁরা ভোটব্যাংক তত্ত্বে বিশ্বাস করেন, তাঁরা কতটুকু বোকার স্বর্গে বাস করেন।পশ্চিমবঙ্গের গত রাজ্য বিধানসভা নির্বাচনে মুসলমানরা দল বেঁধে তৃণমূলকে ভোট দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদের ইমামদের নিয়ে জনসংযোগ করেছেন। একসময় বামফ্রন্টও মনে করত, রাজ্যের মুসলমানরা তাদের ভোটব্যাংক। নির্বাচনের পর তাদের সেই ভুল ভেঙেছে। বিশ্বজিৎও সেই ধরনের এক ঘোরের মধ্যে ছিল; যদিও ধর্মীয় পরিচয় তার কাজে আসেনি। বিশ্বজিতের নির্মম হত্যাকাণ্ডের পুরো দায়দায়িত্ব গিয়ে পড়েছে মূল দল আওয়ামী লীগের ওপর, যদিও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিশ্বজিতের মৃত্যুর দায়ভার আওয়ামী লীগ নেবে না। আর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বলেছেন, যারা বিশ্বজিৎকে হত্যা করেছে, তারা ছাত্রলীগ নামধারী হতে পারে, তবে তারা ছাত্রলীগের কেউ নয়। প্রশ্ন হচ্ছে, হত্যাকারীদের পরিচয় যা-ই হোক, তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার করতে বাধা কোথায়? সিটি করপোরেশনের ময়লার গাড়ি পোড়ানোর মামলায় যদি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হতে পারেন, তাহলে বিশ্বজিতের হত্যাকারীরা, যাদের সবার পরিচয় ও ছবি প্রায় সব গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে, তাদের কেন গ্রেপ্তার করা হবে না? ঘটনার ৪৮ ঘণ্টা পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরই মহানগর পুলিশ বলছে, কাউকে গ্রেপ্তার করা হয়নি। সরকারের মধ্যে সমন্বয়হীনতার একটি উৎকৃষ্ট প্রমাণ। আর বিশ্বজিৎকে যখন সবাই মিলে পাগলা কুকুরের মতো পিটিয়ে হত্যা করছিল; তখন ২০-২৫ গজ দূরে দাঁড়িয়ে পুলিশের নীরব দর্শকের ভূমিকা প্রশ্ন জাগায়, তারা কার পক্ষ হয়ে কাজ করছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর সাধারণ মানুষ যে আস্থা স্থাপন করেছিল, সেই আস্থা এখন অনেকটা ফিকে হয়ে আসছে। বিশ্বজিতের হত্যাকাণ্ডের সচিত্র বিবরণ এখন ফেসবুকের বদৌলতে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তা দেখে নিউইয়র্ক-প্রবাসী আমার অনুজপ্রতিম সাংবাদিক শহিদুল ইসলাম লিখেছে, এখন থেকে আমি ছাত্রশিবিরকে যেমনভাবে ঘৃণা করতাম, ছাত্রলীগকেও ঠিক তেমনভাবে ঘৃণা করব। বিশ্বজিতের ওপর হামলাকারী ছাত্রলীগের কেউ নয়—নেতাদের এ ঘোষণায় হয়তো শহিদ আশ্বস্ত নয়। মাস কয়েক আগে আমি ছাত্রলীগের নাম ব্যবহার করে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানা অপকর্মে লিপ্ত থাকে, তাদের সম্পর্কে প্রথম আলোতে একটি কলাম লিখেছিলাম। তার ফলে আমি আমার আগের কর্মক্ষেত্রে অবাঞ্ছিত ঘোষিত হয়েছিলাম। অবশ্য পরে নেতারা তাদের ভুল বুঝতে পেরে আমার কাছে দুঃখ প্রকাশ করেছিল। তাদের বলেছিলাম, তোমাদের শত্রু হচ্ছে ওই ছাত্রলীগের নাম ব্যবহার করে যারা অপকর্ম করে, তারা। বিশ্বজিতের নির্মম হত্যাকাণ্ড আমাদের সবাইকে অপরাধী করে গেল।রোববারের বিশ্বজিতের হত্যাকাণ্ডের পর এখন সরকারি দলের এবং সাবেক ছাত্রলীগের অনেক নেতা-নেত্রীর দায়িত্ব হয়ে পড়েছে, ওই দিনের ঘটনা সম্পর্কে মিডিয়ার সামনে তাদের বক্তব্য তুলে ধরা এবং ওই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত, তারা ছাত্রলীগ হোক বা না-ই হোক, অবিলম্বে আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করা। যারা বঙ্গবন্ধুর হাতে গড়া এই ঐতিহ্যবাহী সংগঠনের নাম ভাঙিয়ে খায়, তারা শুধু তাদের নিজ সংগঠনের নয়, আওয়ামী লীগেরও সর্বনাশ করছে, তা হয়তো ওই বুদ্ধি-বিবেকহীনেরা সময় থাকতে বুঝতে পারছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে অনেক নেতা-নেত্রী ইদানীং প্রায়ই বলে থাকেন, ছাত্রলীগের মধ্যে অনেক ছাত্রশিবির-ছাত্রদল ঢুকে পড়েছে। তা সত্য হলে শুদ্ধি অভিযানের মাধ্যমে ছাত্রলীগকে শুদ্ধ করা তো তাঁদেরই দায়িত্ব। অন্য কেউ এসে করে দেবে না।পঞ্চম এক দিনের ক্রিকেট খেলায় বাংলাদেশের ঐতিহাসিক বিজয়ের পর গত শনিবার রাতে যাচ্ছিলাম একটি টিভি টক শোতে অংশ নিতে। রাস্তায় তখন বাঁধভাঙা জোয়ারের মতো হাজার হাজার তরুণ বিজয়ের আনন্দে মাতোয়ারা। আমাকে বহনকারী গাড়িটি খুবই ধীরগতিতে চলছিল। চালকের আবার আশঙ্কা সময়মতো টিভি স্টেশনে পৌঁছানো নিয়ে। একাধিক জায়গায় দেখি কিছু তরুণ আবার মুখে পেট্রল নিয়ে আগুনের বলয় সৃষ্টি করছে, কিন্তু কোনো গাড়িতে অগ্নিসংযোগ করছে না অথবা কোথাও ইট-পাটকেলও ছুড়ছে না। কিন্তু তার কয়েক ঘণ্টা আগে এদের বয়সী কিছু তরুণ রোববারে ১৮ দলের ডাকা অবরোধকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর আর অগ্নিসংযোগ শুরু করে দিয়েছিল। তখন মনে হলো, তারুণ্যের কী ভয়াবহ অপচয়। টিভি স্টেশনে গিয়ে দেখি, আমার সঙ্গের আলোচক বিএনপির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তাঁর সঙ্গে আমার এই প্রথম সাক্ষাৎ। কুশল বিনিময়ের পর তিনি জানালেন, পত্রিকায় আমার লেখা পড়েন। বেশ সজ্জন মানুষ। সব টক শোরই মূল বিষয় থাকে রাজনীতি। এদিনও তার ব্যতিক্রম ছিল না। আর যেহেতু পরদিন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ, সেহেতু সেটা নিয়েই মূল আলোচনা। রফিকুল ইসলাম যথারীতি তাঁর দলের অবস্থান ব্যাখ্যা করলেন। তাঁকে বলি, আসলে যদিও বলা হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এটা ১৮ দলীয় অবরোধ, বাস্তবে এ অবরোধের মূলে রয়েছে জামায়াত। বলি, এখন বিএনপির রাজনীতি আর তাদের হাতে নেই; তা ছিনতাই হয়ে জামায়াতের হাতে চলে গেছে এবং তাদের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে, একাত্তরে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের দায়ে তাদের যেসব নেতা অভিযুক্ত হয়ে এখন বিচারের মুখোমুখি হয়েছেন, দেশে একটা চরম অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তাদের রক্ষা করা। বর্তমানে এ কাজে বিএনপিও তাদের সঙ্গী হয়ে পড়েছে। বলি, জামায়াত কখনো ডিসেম্বর মাসে অতীতে মিছিল-সমাবেশ করার সাহস করেনি; এখন বিএনপি তাদের সে সুযোগ করে দিল। আরও বলি, পরদিন হয়তো আমাদের দুজনের এ বিষয়ে কথা বলার কোনো সুযোগ হবে না, তবে আমি বলে দিতে পারি, অবরোধের দিন সারা দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ হবে এবং তা করবে মূলত জামায়াত-শিবির কিন্তু তার পুরো দায়দায়িত্বটা নিতে হবে বিএনপিকে। অবশ্য রফিকুল ইসলাম তাঁর দলের বাইরে গিয়ে আমার কথা মানবেন কেন?শুধু রোববার নয়, মঙ্গলবারেও যত হামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগ হয়েছে; হলফ করে বলতে পারি, তার বেশির ভাগই করেছে জামায়াত-শিবিরের কর্মীরা। দায়টা পড়েছে বিএনপির ওপর। এবার অন্য আর একটি মাত্রা যোগ হয়েছে বিরোধী দলের অবরোধ-হরতালে; আর তা হচ্ছে বিদেশি কূটনীতিকদের গাড়িতে হামলা করা। রোববারের অবরোধে তারা মার্কিন ও জার্মান দূতাবাসের গাড়িতে হামলা করেছে। এর প্রতিবাদ জানিয়ে জার্মান দূতাবাস চিঠি লিখে খালেদা জিয়ার কাছে ঘটনার প্রতিবাদ জানিয়েছে। অবরোধ-হরতালের নামে বর্তমানে বিএনপির ছায়াতলে জামায়াত-শিবির যে তাণ্ডব শুরু করেছে, তাতে মনে হওয়ার যথেষ্ট কারণ আছে, হয়তো কিছুদিনের মধ্যে তারা দেশের বিভিন্ন পাড়া-মহল্লায় বাড়িঘরে আগুন লাগানো শুরু করবে বা বাড়িতে পার্ক করা গাড়িতে আগুন দেবে। যেকোনো মূল্যে গোলাম আযম-নিজামী গংয়ের মুক্তি চাইবে। এখন থেকে বিএনপি সতর্ক না হলে অস্তিত্বসংকটে পড়ে যাবে।যে কয়েকজন ছাত্রের কথা বলব বলে শুরু করেছিলাম, তাদের কথা বলে শেষ করি। শিবিরের উত্থান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ১৯৮৬ সালের ২৬ নভেম্বর তারা ছাত্রদল থেকে ছাত্রসমাজে আসা আবদুল হামিদের হাতের কবজি পর্যন্ত কেটে কিরিচের মাথায় গেঁথে সারা ক্যাম্পাসে প্রদক্ষিণ করে তাদের হিংস্রতার মাত্রা জানান দেয়। জাতীয়তাবাদী শিক্ষকনেতা ড. এনামুল হকের ছেলে ছাত্রদলের কর্মী মুসাকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছিল শিবিরের ঘাতকেরা। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেলালিকে টেবিলে ১০ জনে চেপে ধরে দুজনে তার চোখ উপড়ে ফেলতে চেষ্টা করেছিল। সেযাত্রায় প্রক্টরের হস্তক্ষেপে সে রক্ষা পেয়েছিল। চট্টগ্রাম পলিটেকনিকের ছাত্রদলের কর্মী জমীর আর জসিমকে জবাই ও গুলি করে নৃশংসভাবে হত্যা করেছিল এই শিবিরকর্মীরা। যাদের নিয়ে বিএনপি এখন আন্দোলন আন্দোলন খেলছে, সময় হলেই তারা বিএনপিকে ঠিক ছোবলটি মারবে ।সব শেষে প্রধানমন্ত্রীর কাছে একটা বিনীত আবেদন, ছাত্রলীগে প্রকৃত অর্থে দ্রুত শুদ্ধি অভিযান প্রয়োজন। তা না হলে ক্ষতি আপনার এবং দলের। মাঝেমধ্যে মনে হয়, আপনি একাই একটা পাহাড় ঠেলছেন; আর আপনার চারপাশে যাঁরা আপনাকে ঘিরে আছেন, তাঁরা বেশ আনন্দে তামাশা দেখছেন। আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।