বিশ্বজিৎ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎকে হত্যার যে দৃশ্য পত্রপত্রিকায় ছাপা হয়েছে, গণমাধ্যমে দেখানো হয়েছে, তাতে যে কেউই চাইবে এমন দুঃসহ ও নৃশংস দৃশ্য ভুলে যেতে। তবে যাঁরা এই বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তাঁদের শাস্তি ও বিচারের মুখোমুখি করা গেলে অন্তত কিছুটা স্বস্তি মিলবে জনমনে। কিন্তু সেখানেই দেখা দিয়েছে বড় সংশয়। কারণ, যাঁরা এই নৃশংসতা ঘটিয়েছেন, তাঁরা সবাই সরকারি দলের সমর্থক ছাত্রলীগের নেতা-কর্মী। সরকার ও পুলিশের তরফ থেকে যা-ই বলা হোক না কেন, এই দুর্বৃত্তদের যথাযথ শাস্তি হবে কি না, সে সংশয় দূর হওয়া কঠিন। কারণ, দুর্বৃত্তরা যখন প্রকাশ্যে বিশ্বজিৎকে কুপিয়ে মারছিল, তখন কাছাকাছি দাঁড়িয়েই সেই দৃশ্য দেখছিলেন পুলিশ সদস্যরা। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিশ্বজিৎ হত্যায় জড়িতদের কেউই ছাত্রলীগের সঙ্গে যুক্ত নন।এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও আমরা বিভ্রান্তিকর তথ্য পাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী সূত্রে এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তারের কথা জানা যাচ্ছে। তিনি জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কথাও বলেছেন। অন্যদিকে পুলিশ বলছে, এখনো কেউ গ্রেপ্তার হয়নি, ছয়জনকে শনাক্ত করা হয়েছে। হামলার ঘটনার যেসব ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে হামলাকারীদের চিহ্নিত করা কঠিন কিছু নয়। এই হামলার আগে ছাত্রলীগের ব্যানার নিয়ে যে মিছিল হয়েছে, তার সামনের সারিতে ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা গেছে। এখন যতই বলা হোক এঁরা কেউ ছাত্রলীগের কর্মী নন, বা তাঁরা বহিষ্কৃত, তা হাস্যকর। হামলাকারীদের নামধাম আর ছবি যখন সারা দেশের মানুষ জেনে গেছে, তখন পুলিশ মামলার আসামি হিসেবে উল্লেখ করেছে অজ্ঞাতনামা ব্যক্তিদের!বিশ্বজিৎ হত্যার সঙ্গে কারা জড়িত, তা নিয়ে লুকোচুরি করার সুযোগ নেই। চিহ্নিত এই হামলাকারীদের, যাঁদের হামলার ফলে বিশ্বজিৎ নিহত হয়েছেন, তাঁদের যদি ছাত্রলীগ বিবেচনায় ছাড় দেওয়ার চেষ্টা করা হয়, তবে তা সরকারের জন্য আত্মঘাতী। এমন একটি মর্মান্তিক ঘটনায় যখন দেশবাসী ক্ষুব্ধ ও মর্মাহত, তখন আইন প্রতিমন্ত্রীর একটি বক্তব্য আমাদের চরম হতাশ করেছে। তিনি ঘটনাটিকে একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে বর্ণনা করে কার্যত দেশবাসীর অনুভূতির প্রতি পরিহাসই করলেন!আমরা বক্তৃতা-বিবৃতির চেয়ে বিশ্বজিতের খুনিদের যত দ্রুত সম্ভব গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।