বিশ্বজিৎ হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বিশ্বজিৎ দাস হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ পাঠানোর খবরটি বিচারপ্রার্থীদের কতটা আশান্বিত করবে, তা নির্ভর করছে মামলার পরবর্তী কার্যক্রমের ওপর। উদ্বেগের বিষয় হলো, যে আদালতে মামলাটি পাঠানো হয়েছে সে আদালতে বর্তমানে বিচারকই নেই। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন অনুসারে ১৩৫টি কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করার বিধান রয়েছে। সাধারণ আদালতে সেই বাধ্যবাধকতা নেই। তবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনে এও বলা আছে যে রাষ্ট্রপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করতে না পারলে মহানগর দায়রা জজ আদালতে ফিরে যাবে। সে ক্ষেত্রে বিচার দ্রুত না হয়ে আরও প্রলম্বিত হবে। গত বছরের ৯ ডিসেম্বর বাহাদুর শাহ পার্কের সামনে ছাত্রলীগের কর্মীদের হাতে দরিদ্র দরজি দোকানদার বিশ্বজিৎ দাসের খুন হওয়ার ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। প্রথমে সরকার ও ক্ষমতাসীন দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এই হত্যাকাণ্ডের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা ছাত্রলীগের কেউ নন। কিন্তু তাদের সেই দাবি ধোপে টেকেনি। গত ৫ মার্চ বিশ্বজিৎ হত্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ কর্মীকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ এই ২১ জনের মধ্যে আটজনকে আটক করতে পারলেও অন্যরা পলাতক। বলার অপেক্ষা রাখে না যে সরকার তথা সংশ্লিষ্ট সবার সদিচ্ছা ও সহযোগিতা ছাড়া কোনো মামলার বিচারকাজ সুষ্ঠুভাবে চলতে পারে না। কিন্তু শুরু থেকেই বিশ্বজিৎ হত্যা মামলা পরিচালনার ক্ষেত্রে নানা রকম অসংগতি ও ত্রুটি লক্ষ করা গেছে। সর্বশেষ দ্রুত বিচার আদালতে পাঠানোর সিদ্ধান্ত যথাসময়ে দায়রা জজ আদালতে না পৌঁছানোয় সাক্ষ্য গ্রহণের তারিখ দুই দফা পিছিয়েছে। অবিলম্বে দ্রুত বিচার আদালত-৪-এ বিচারক নিয়োগ করা না হলে আরেক দফা পেছানোর আশঙ্কা রয়েছে। পলাতক আসামিদের ধরার ব্যাপারেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা লক্ষণীয়। এত কিছুর পরও দেশবাসীর প্রত্যাশা, বিশ্বজিৎ হত্যা মামলার বিচারকাজ নির্ধারিত ১৩৫ কার্যদিবসের মধ্যেই শেষ হোক এবং অপরাধীরা সর্বোচ্চ শাস্তি পাক। অন্যথায় দ্রুত বিচার আদালতে মামলাটি স্থানান্তর সরকারের লোক দেখানো কাণ্ড হিসেবেই প্রতীয়মান হবে।