৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে পুরান ঢাকায় নিহত বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই মামলায় গ্রেপ্তার ও আটক ব্যক্তির মোট সংখ্যা দাঁড়াল ১০। গত শনিবার ভোরে গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে শাকিল বিশ্বজিৎ হত্যার অন্যতম অভিযুক্ত। চাপাতি দিয়ে তিনি বিশ্বজিৎকে কোপাচ্ছেন—এমন ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাঁকে গ্রেপ্তার করার পর তাঁর সহযোগিতায় সেই চাপাতিটি উদ্ধার করা হয়েছে বলেও পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমে বলা হয়েছে। বিশ্বজিতের হত্যাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশেষে তৎপর হয়েছে, এটা জনগণের মনে ইতিবাচক আশার সঞ্চার করবে। বিশ্বজিৎ হত্যাকাণ্ড সাম্প্রতিক সময়ের সবচেয়ে নৃশংস ও সর্বাধিক নিন্দিত রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর অন্যতম, যার দায় সরকারের ওপরই বর্তায়। হত্যাকারীরা সরকারপন্থী ছাত্রলীগের কর্মী—এ কথা স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকার ও সরকারি দলের একাধিক নেতা অস্বীকার করেছেন। কিন্তু এতে জনগণের ঘৃণা ও ধিক্কার মোটেও হ্রাস পায়নি; বরং অনেকেই হতাশা ও আশঙ্কা বোধ করেছেন এই ভেবে যে, বিশ্বজিতের হত্যাকারীদের কিছুই হবে না। অনেকে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন সরকার কতটা ত্বরিত গতিতে কী পদক্ষেপ নেয়, তা দেখার জন্য।রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে সহিংস আচরণ বেড়ে চলেছে—এটা যেমন উদ্বেগের বিষয়, তেমনি উদ্বেগের বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাজনৈতিক ব্যবহার বৃদ্ধি। হরতাল-অবরোধ ইত্যাদি রাজনৈতিক কর্মসূচির সময় বিরোধী দলগুলো যখন নাশকতা-সহিংসতায় লিপ্ত হয়, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংগতভাবেই তাদের দমন করার চেষ্টা করে। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচি বানচাল করতে সরকারপন্থী সংগঠনগুলোর নেতা-কর্মীরা যখন সহিংসতায় মেতে ওঠেন, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দমন করে না। সেদিন যেসব তরুণ বিশ্বজিৎ দাসকে অবরোধ-সমর্থক ভেবে তাঁর ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়েছেন, নারকীয় পৈশাচিকতায় তাঁর প্রাণ হরণ করেছেন, তাঁদের দমন করার দিকে পুলিশের দৃষ্টি থাকলে এ রকম ট্র্যাজেডি ঘটা সম্ভব ছিল না। সরকারবিরোধী নাশকতাকারীদের আক্রমণ চোরাগোপ্তা, আক্রমণ করেই তারা চটজলদি পালিয়ে যায়। কিন্তু বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে বীরদর্পে, অনেকটা সময় ধরে ওই তরুণেরা তাঁকে কুপিয়ে, খুঁচিয়ে, পিটিয়ে হত্যা করেছেন। সে সময় পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের আশপাশের এলাকাটি যেন বাংলাদেশের সব আইন-আদালতের ঊর্ধ্বে উঠে গিয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ব্যবস্থা বলে যেন কিছুই ছিল না।বিশ্বজিতের হত্যাকারীদের পরিচয় যা-ই হোক না কেন, তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে—এটি স্বস্তির বিষয়। কিন্তু গ্রেপ্তারই শেষ কথা নয়, তাঁদের বিচার সম্পন্ন করে কঠোর শাস্তি কার্যকর করাই চূড়ান্ত কথা। আমরা দেখতে চাই যে সেটা করা হয়েছে। আইনের শাসনের প্রতি এই সরকারের শ্রদ্ধা আছে—এটা প্রমাণ করতে হলে সরকারকে ন্যায়বিচার প্রতিষ্ঠার এই পরীক্ষায় পাস করতে হবে।