বিশ্বজিৎ হত্যার অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের ডাকা অবরোধ কর্মসূচির সময় পুরান ঢাকায় কুপিয়ে ও পিটিয়ে বিশ্বজিৎকে হত্যার অভিযোগে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই হত্যাকাণ্ড খুবই আলোচিত। কারণ, এর সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্ত ব্যক্তিরা ছাত্রলীগের নেতা-কর্মী। অন্যদিকে বিশ্বজিৎকে প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে, তা দেশবাসীকে স্তম্ভিত করেছে। এই হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করার বিষয়টি আমরা একটি অগ্রগতি হিসেবেই বিবেচনা করতে চাই। একই সঙ্গে আমাদের বেশ কিছু উদ্বেগ ও আশঙ্কার বিষয়ের প্রতিও আমরা সবার মনোযোগ আকর্ষণ করতে চাই।বিশ্বজিতের খুনের ঘটনাটি গোপনে সংঘটিত কোনো হত্যাকাণ্ড নয়। দিনের আলোয়, শত শত লোক, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এ ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডের ভিডিওচিত্র ও স্থিরচিত্র গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে। ফলে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় সবার সামনে স্পষ্ট হয়ে যায়। এই মামলা নিয়ে আশঙ্কা ও উদ্বেগের কারণ হচ্ছে, শুরু থেকেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বাঁচাতে সরকারের বিভিন্ন মহলের চেষ্টা। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন, বিশ্বজিতের হত্যাকারীরা ছাত্রলীগের কর্মী নন।এ ছাড়া ময়নাতদন্তের রিপোর্ট নিয়েও প্রশ্ন উঠেছে, যা মামলাকে দুর্বল করতে পারে বলে আইনজ্ঞরা অভিযোগ করেছেন। বিশ্বজিতের পরিবারের পক্ষ থেকেও ময়নাতদন্তের সঙ্গে জড়িত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলে বিষয়টি আবার যাচাই করে দেখার আবেদন জানানো হয়েছে। এখন অভিযোগপত্র দাখিলের পর দেখা যাচ্ছে, আলামত হিসেবে আদালতে যেসব উপস্থাপন করা হয়েছে, তার মধ্যে বিশ্বজিতের পরনের শার্টটি নেই। অথচ এই শার্ট গুরুত্বপূর্ণ আলামত। এই শার্ট দেখে বিশ্বজিতের ওপর আঘাতের বিষয়গুলো সম্পর্কে নিশ্চিত হওয়া যেত। শার্টটি কোথায় গেল, তার কোনো জবাব নেই পুলিশের কাছে। তদন্তকারী কর্মকর্তা বলছেন, যিনি সুরতহাল রিপোর্ট করেছেন, তিনি বলতে পারবেন এ ব্যাপারে। আমাদের কথা হচ্ছে, সুরতহাল রিপোর্ট যিনি করেছেন, তাঁর কাছ থেকে এ ব্যাপারে তথ্য নেওয়ার কাজটিও তো তদন্তকারী কর্মকর্তার। এসব নানা ঘটনায় এটা মনে হওয়া খুবই স্বাভাবিক, এই মামলাটি দুর্বল করার চেষ্টা অব্যাহত রয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।পুলিশ যে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে, তাঁদের মধ্যে ১৪ জন এখনো পলাতক। পলাতকদের মধ্যে প্রধান ঘাতক হিসেবে অভিযুক্ত রাজন তালুকদার রয়েছেন। আমরা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি দেখতে চাই। একই সঙ্গে মামলাটি দুর্বল হতে পারে, এমন যেসব বিষয় এরই মধ্যে ঘটেছে বা ঘটানো হয়েছে, সেগুলোর ব্যাপারে তদন্ত প্রয়োজন, বিশেষ করে ময়নাতদন্তের রিপোর্ট ও আলামত হিসেবে বিশ্বজিতের শার্ট উপস্থাপন না করার বিষয়টি। ইচ্ছাকৃতভাবে সব করা হয়ে থাকলে সংশ্লিষ্ট চিকিৎসক বা সুরতহালকারী কর্মকর্তার শাস্তি হওয়া উচিত। বিশ্বজিতের হত্যাকারীরা যেন কোনো অছিলাতেই লঘু শাস্তি বা পার পেয়ে না যায়, তা নিশ্চিত করতে হবে।