বিশ্ববাজারে তেলের দাম কমেছে এবং প্রায় অর্ধেকে নেমে এসেছে, কিন্তু বাংলাদেশের জনগণ এর সুফল পাচ্ছে না। তাদের আগের দামেই তেল কিনতে হচ্ছে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, মূল্য সংস্কারের মাধ্যমে তেলের দাম বাজারনির্ভর করার বিষয়টি নিয়ে সরকার দ্বিধাদ্বন্দ্বে আছে। আমরা মনে করি, কিছু বিষয় বিবেচনায় নিয়ে সরকারকে অবশ্যই মূল্য সংস্কার করতে হবে। তেলের দাম বাড়ার দায় যখন জনগণকে নিতে হয়, তখন দাম কমার সুফলও তাদের ভোগ করতে দিতে হবে।
গত জুলাইয়ের পর থেকে বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে। আন্তর্জাতিক তেলের বাজার পর্যবেক্ষকেরা বলছেন, আপাতত এই দাম বাড়ার কোনো সুযোগ নেই। ফলে বাংলাদেশে মূল্য সংস্কারের মাধ্যমে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়কে দ্রুতই বিবেচনায় নিতে হবে।
বিশ্ববাজারে তেলের দাম অর্ধেক, দেশে কমাচ্ছে নাবিশ্ব তেলের বাজারে দাম ওঠা-নামার বিষয়টি বিবেচনায় নিয়ে একে বাজারনির্ভর করার কথা ভাবতে হবে। বিশেষ ক্ষেত্র ও পরিস্থিতি ছাড়া জ্বালানি তেলে ভর্তুকি দেওয়ার নীতি না নেওয়া ভালো। ফলে দাম বাজারনির্ভর করা হলে দাম বাড়া ও কমা—দুটি ক্ষেত্রেই জনগণকে সঙ্গে রাখা যাবে। আর শুল্ক আরোপ ও তা নিয়ন্ত্রণের বিষয়টি যেহেতু সরকারের হাতে রয়েছে, তাই সমস্যা হওয়ার কথা নয়। ভারতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফা তেলের দাম কমানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারে যে হারে জ্বালানি তেলের দাম কমেছে, নানা বাস্তবতার বিবেচনায় সেই হারে হয়তো বাংলাদেশে কমানো সম্ভব নয়। কিন্তু যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে সমস্যা কোথায়? দাম কমানোর ক্ষেত্রে দুই প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের জ্বালানি তেলের দামের বিষয়টি অবশ্যই বিবেচনায় নিতে হবে, যাতে তেল পাচার হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয়। আর বিদ্যুতের দাম বাড়ানোর পথ না ধরে এর উৎপাদন খরচ কমাতে ফার্নেস তেলের দাম কমানোর ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেওয়া উচিত।