বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামা করলে অভ্যন্তরীণ বাজারে সে অনুযায়ী সমন্বয় করার যে স্বীকৃত ও স্বয়ংক্রিয় পদ্ধতি রয়েছে, বাংলাদেশে তা কার্যকর নেই। ফলে জ্বালানি তেলের দামের বিষয়টি সরকারের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার যুক্তিতে সরকার একসময় দাম বাড়িয়েছে, কিন্তু দাম কমে যাওয়ার পর এখন আর তা কমানো হচ্ছে না। বিশ্ববাজারে তেলের দাম বাড়ার চাপ যদি জনগণকে নিতে হয়, তবে দাম কমে যাওয়ার পর তার সুফল তারা কেন পাবে না? সরকারের এই আচরণ স্পষ্টতই অনৈতিক।
বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম ১২০ ডলারেরও বেশি, তখন বর্তমান অভ্যন্তরীণ দাম ঠিক করা হয়েছিল। গত বছরের মাঝামাঝি সময় দাম কমতে শুরু করে এবং অর্ধেকেরও নিচে নেমে যায়। এখন তা ৭৫ ডলারে এসে স্থির রয়েছে। বাজার পর্যবেক্ষকদের ভবিষ্যদ্বাণী হচ্ছে, আপাতত দাম উল্লেখযোগ্যভাবে বাড়ার আশঙ্কা নেই এবং বাড়লেও তা আগের পর্যায়ে যাবে না। ফলে অভ্যন্তরীণ বাজারে তেলের দামের সমন্বয় হবে, সেটাই প্রত্যাশিত। কিন্তু সে ধরনের কোনো পদক্ষেপ না নিয়ে সরকার কার্যত জোরজবরদস্তি করে বাড়তি পয়সা নিচ্ছে। তেলের দামের সঙ্গে সামগ্রিকভাবে মানুষের জীবনযাত্রার ব্যয়ের সম্পর্ক রয়েছে এবং এ জন্য জনগণকে বাড়তি চাপ নিতে হচ্ছে।
তেলের দাম না কমানোর পক্ষে যে যুক্তি দেওয়া হয়, তা গ্রহণযোগ্য নয়। দাম কমালেও পরিবহন ব্যবসায়ীরা ভাড়া কমাবেন না বা সেচের ক্ষেত্রে পাম্পমালিক পানির দাম কমাবেন না বলে যে বাস্তবতার কথা বলা হয়, সেটা আসলে সরকারের শাসন পরিচালনার ব্যর্থতা। জনগণ এই ব্যর্থতার দায় নেবে কেন? আর ফার্নেস অয়েলের দাম কমালে তো বিদ্যুৎ উৎপাদনের খরচ কমবে। সে ক্ষেত্রে জনগণকে বেশি দামে বিদ্যুৎ কিনতে হবে না।
আমরা আশা করব, সরকার এ ধরনের অনৈতিক ও গণবিরোধী অবস্থান ধরে না রেখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমাবে।