শিক্ষা ও বাণিজ্য দুই মেরুর বিষয় বলে ছেলেবেলায় শেখানো হতো। আমাদের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক জ্ঞানবাবু স্যার বলতেন, যারা সরস্বতীকে বেছে নেবে, তারা লক্ষ্মীর কৃপা পাবে না। জ্ঞানার্জন একটা কঠিন কাজ। এ জন্য জগতের অনেক মোহ এবং অর্থবিত্তের হাতছানিকে না বলতে হবে। সরস্বতীর অনুসারী আমাদের জ্ঞানবাবু স্যারকে দেখে সেই ধারণাটা পোক্ত হতো। জীবনযাপনে অত্যন্ত সাধারণ, দারিদ্র্যের চক্রে দিশেহারা স্যারের চোখ দুটি থাকত বইয়ের পাতায়। প্রায় অষ্টপ্রহর। ক্লাস সিক্সে উঠে দেখলাম, বাণিজ্য না হোক, অর্থবিত্তের সঙ্গে শিক্ষার একটা সম্পর্ক রয়েছে। আমাদের বলা হলো—লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। লেখাপড়া আমাদের স্যারেরা প্রচুর করতেন কিন্তু তাঁরা কেউ গাড়ি চড়ার সুযোগ পাননি। বরং আমাদের শহরে যে ২০-২২টির মতো গাড়ি ছিল, সেগুলোর অন্তত তিনটির মালিক যে কোনো দিন স্কুলে যাননি, সে রকম জনশ্রুতি ছিল। সে জন্য ওই ‘লেখাপড়া করে যে’ ইত্যাদি আপ্তবাক্যকে কূটাভাসের নজির হিসেবে ধরে নিয়ে আমরা লেখাপড়া চালিয়ে গেছি। কিন্তু স্কুলের এক ক্লাস উঁচুতে উঠেই বুঝেছি, শিক্ষার সঙ্গে বাণিজ্যেরও একটা সম্পর্ক আছে। তখন আমার এক বন্ধু বলল, তার বড় ভাই বাণিজ্য পড়ছেন। যাঁরা বাণিজ্য পড়তেন, তাঁরা লেখাপড়াকে গাড়ি চড়ার একটা উপায় হিসেবে নিশ্চয় দেখতেন। তার পরও বাণিজ্য পড়াটা একটা পড়া, কঠিন পড়াই বটে। পড়াটাই সেখানে আসল, বাণিজ্যটা আসে পরে। কিন্তু স্বাধীনতার পর থেকে আস্তে আস্তে অনেক কিছুর মতো শিক্ষাও বাণিজ্য হয়ে গেল। বিরাট বাণিজ্য। এই বাণিজ্য করে অনেক লোক হাসতে হাসতে ব্যাংকে যায়। এবং একসময় এসব হাস্যোজ্জ্বল মানুষ শিক্ষাপ্রতিষ্ঠানকে ব্যাংকের পর্যায়েই নামিয়ে আনল। বাংলাদেশে এখন সবচেয়ে ভীতিকর শব্দ হচ্ছে ব্যাংক। বিশ্বব্যাংক এক বছর ধরে আমাদের ঘাড়ে ভূতের মতো নিশ্বাস ফেলছিল। ওই ভূতকে ঢিলটিল ছুড়ে, রাগিয়ে দিয়ে আমাদের ঘাড় মটকানোর সুযোগ করে দিলেন যে মন্ত্রী-উপদেষ্টা, শেষ পর্যন্ত তাঁদের তাড়ানোয় ওই ভূতের রাগ কমেছে। এখন দুদক-টুদক মিলে ওঝাগিরি করে যদি ভূতটাকে শান্ত রাখা যায়! বাংলাদেশে আরেক ভীতির নাম গ্রামীণ ব্যাংক, অন্তত লাখ লাখ ক্ষুদ্র আমানতকারীর জন্য, যাঁদের বেশির ভাগ নারী। তাঁরা এখন ব্যাংকটা হারাতে বসেছেন। কিন্তু এসব ভীতিকে ম্লান করে সোনালী ব্যাংক তথা হলমার্ক ব্যাংক লুটপাটের ঘটনা দেশটাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ব্যাংক-বাণিজ্য, এমনকি সরকারি ব্যাংক-বাণিজ্যও যে কতটা লাভজনক হতে পারে, বিশেষ করে এগুলোর কর্মকর্তা এবং তারকা কাস্টমারদের জন্য, সোনালীর কর্মকাণ্ড তারই প্রমাণ। আরেকটা প্রমাণ হচ্ছে ব্যাংক ব্যবসা চালু করতে সব সরকারের আমলে ক্ষমতাসীন দলের ভাইবেরাদরদের দৌড়-ঝাঁপ। কিছুদিন আগে ছয়টা ব্যাংক খোলার অনুমতি দিয়েছে সরকার। আমরা এখন অপেক্ষা করছি লাইন দিয়ে সেগুলোতে অ্যাকাউন্ট খোলার এবং সময়মতো হাজার হাজার কোটি টাকার ভেলকিবাজি দেখার। তত দিনে সরকার পরিবর্তন হলে, নতুন সরকার ক্ষমতায় এলে, হয়তো প্রধান কুশীলবদের পরিবর্তন হবে। কিন্তু ব্যাংক-বাণিজ্য যে বন্ধ হবে না, এ কথা নিশ্চয় বলা যায়। ব্যাংক খোলার অনুমতি চেয়ে অনেকেই আবেদন করেছেন। ব্যাংক ব্যবসা যে লাভজনক এবং এটি করায়ত্ত করার জন্য ক্ষমতাসীন দলের সঙ্গে সুম্পর্কিত হওয়াটা যেন প্রয়োজন, তা আবেদনকারীদের তালিকা দেখলেই বোঝা যায়। তবে এ নিয়ে আমাদের মাথাব্যথাটা মুলতবি রাখতে পারি। মাথাব্যথাটা বরং হওয়া উচিত যখন দেখি প্রাইভেট বিশ্ববিদ্যালয় খোলার ক্ষেত্রেও ওই ব্যাংক খোলার মতোই ক্ষমতাসীন দলের সঙ্গে সুসম্পর্কিত হওয়ার আবশ্যকতাটা সামনে চলে আসে। একটা বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞান উৎপাদন ও বিতরণের জায়গা, সে রকমই আমরা বিশ্বাস করি। আমরা আরও বিশ্বাস করি, শিক্ষা সবার অধিকার এবং জ্ঞানচর্চার প্রতিষ্ঠানগুলো চলবে জনসেবার আদর্শ অনুযায়ী; সেখানে বাণিজ্য বিষয়টি বড়জোর পাঠ্যক্রমের একটি অংশ হয়েই থাকবে, সেগুলোর নিয়ন্তা এবং চালিকাশক্তি হিসেবে নয়। কিন্তু আমাদের এই বিশ্বাস ক্রমাগত হোঁচট খাচ্ছে এবং খেতে খেতে ভোঁতা হয়ে যাচ্ছে। বাংলাদেশের উচ্চশিক্ষার দৃশ্যপটে যেদিন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ঢুকল, সেদিন থেকেই উচ্চশিক্ষার সঙ্গে বাণিজ্যের একটা সম্পর্ক দাঁড়াল। তার পরও কিছু কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানসম্পন্ন শিক্ষা দিতে শুরু করলে মানুষের মনে আশা জাগল, এগুলো ভারত ও অন্যত্র যেসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী প্রতিবছর প্রচুর পয়সা খরচ করে পড়তে যায়, সেসবের বিকল্প হতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে, অনেক মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্ত পরিবারের সন্তানরাও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা অপ্রতুল। তাই বলে এগুলো নিয়ে রমরমা ব্যবসা হবে? আমরা যেখানে আশা করছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেতন-টেতন যৌক্তিক করা হবে, বৃত্তির সংখ্যা ও পরিমাণ বাড়বে, এগুলোর কাঠামোয় পরিবর্তন আসবে এবং বিশ্ববিদ্যালয়গুলো প্রকৃত শিক্ষাবান্ধব হবে, সেখানে এগুলো নিয়ে কেন বাণিজ্য-প্রতিযোগিতা? ২৪ সেপ্টেম্বরের যুগান্তর জানিয়েছে, নতুন আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আসছে, সেগুলোর মালিকদের মধ্যে রয়েছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীর স্ত্রী, সাংসদ, আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক প্রমুখ। ২৩ সেপ্টেম্বরের প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মালিকানা নিয়ে চরম দ্বন্দ্ব চলছে। বোঝাই যাচ্ছে, এই ব্যবসা এখন কতটা লাভজনক। আমার মনে হয়, এখন সময় এসেছে এই খাতকে ব্যবসা হিসেবে ঘোষণা দেওয়ার। তা হলে বাণিজ্য নিয়ে রাখঢাকটা যাবে, যেসব বিশ্ববিদ্যালয় শুধু বাণিজ্য করতে চায়, তারা কোমর বেঁধে নামবে। একসময় স্টক মার্কেটে সেগুলো ঢুকে পড়লে মোটা লাভ হবে এবং মালিকেরা হাসতে হাসতে ব্যাংকে যাবেন। মন্দ কী?সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক। অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।