বিশ্ববিদ্যালয়ে কু-রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষামুখী রাজনীতি চলছে না, সে কথা খোদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদই স্বীকার করেছেন। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত এক সেমিনারে তিনি বলেছেন, ‘আগে ছাত্র-শিক্ষকেরা আন্দোলন করতেন দেশের জন্য কিংবা কোনো অধিকার আদায়ের জন্য। তখন এটাকে ছাত্র-শিক্ষক আন্দোলন বলা হতো। কিন্তু এখন বলা হয় ছাত্র-শিক্ষক রাজনীতি। এর মধ্যে আবার বিশ্ববিদ্যালয়ে কু-রাজনীতি এসে পড়েছে। কিছু শিক্ষক যে এর সঙ্গে জড়িত, সেটিও অস্বীকার করার উপায় নেই।’শিক্ষামন্ত্রী অনেকটা রয়েসয়ে কিছু শিক্ষকের কু-রাজনীতিতে জড়িত থাকার কথা বলেছেন। বাস্তবে এ-দলে ও-দলে ভাগ হয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই এই কু-রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। কেন এমনটি ঘটেছে? পূর্বাপর সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় সমর্থকগোষ্ঠী তৈরি করতে সচেষ্ট থেকেছে। অনির্বাচিত বা সামরিক সরকারের এ ধরনের গণবিরোধী কর্মকাণ্ড চালানোর যুক্তি থাকতে পারে। ক্ষমতায় থাকার জন্য তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে দালালগোষ্ঠী তৈরির প্রয়োজন আছে। কিন্তু গণতান্ত্রিক সরকারগুলো যখন তাদের পদাঙ্ক অনুসরণ করে, তখন উদ্বেগের মাত্রা আরও বেড়ে যায়। বিশ্ববিদ্যালয়গুলো হলো জ্ঞানচর্চার আধার। সেখানে বিদ্যানুশীলনই হওয়া উচিত শিক্ষকদের ধ্যানজ্ঞান। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞানচর্চার চেয়ে দলীয়করণচর্চাই প্রধান হয়ে দাঁড়িয়েছে।স্বাধীনতার আগে স্বায়ত্তশাসনের জন্য শিক্ষকেরা আন্দোলন করেছিলেন এবং সেই আন্দোলনের ফসল হিসেবে সব কটি না হলেও অন্তত চারটি বিশ্ববিদ্যালয় সেই স্বায়ত্তশাসন ভোগ করছে। স্বায়ত্তশাসনের লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ে সরকারের হস্তক্ষেপ বন্ধ করা এবং স্বাধীনভাবে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করা। কিন্তু শিক্ষকেরা যখন ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে সেই আইনের অপব্যবহার করেন এবং প্রশাসন ক্ষমতাসীনদের পক্ষে জয়ধ্বনি দিতে ব্যস্ত থাকে, তখন উচ্চশিক্ষালয়ে কু-রাজনীতি গেঁড়ে বসতে বাধ্য। বর্তমানে প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই দুর্নীতি ও অনিয়ম মহামারি আকারে দেখা দিয়েছে। এতে যে কেবল শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তা-ই নয়, দেশের উচ্চশিক্ষার মানেরও অবনতি ঘটছে। উচ্চশিক্ষালয়গুলোতে মেধা ও জ্ঞানানুশীলনের চেয়ে দলীয় রাজনীতির চর্চাই বেশি পরিলক্ষিত হচ্ছে।শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের কাছ থেকে কোনো প্রস্তাব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাহলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞ শিক্ষকেরা কী করছেন? তাঁরা কি ক্যাম্পাসে শুধু আওয়ামী লীগ-বিএনপির ঝগড়া জিইয়ে রাখতে সচেষ্ট? যাঁরা বর্তমান সরকারের আমলে নিজেদের বঞ্চিত মনে করছেন, ক্ষমতার হাতবদলের পর তাঁরা সুদে-আসলে উসুল করতে ব্যস্ত হয়ে পড়বেন, সন্দেহ নেই। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এই দলীয় মনোবৃত্তি তথা কু-রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে প্রত্যাশা থাকবে, সরকারও বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রমে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবে। সবশেষে বলব, বিশ্ববিদ্যালয়গুলোতে যদি শিক্ষামন্ত্রীর ভাষায় কু-রাজনীতি ঢুকেই থাকে, তার দায় কিন্তু সরকার বা শিক্ষামন্ত্রী হিসেবে তিনিও এড়াতে পারেন না। এখন দেখার বিষয়, সেই কু-রাজনীতি বন্ধে সরকার কী ব্যবস্থা নেয়।