২২ শতাংশ শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত থাকলে কী উপায়ে, কতটা পড়াশোনা হয়; পড়াশোনা যা হয়, তার গুণগত মান কেমন তা খতিয়ে দেখার বিষয়। কিন্তু এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে পাঠদান, ল্যাবরেটরির ভেতরের ও বাইরের গবেষণাসহ সামগ্রিক শিক্ষার প্রকৃত অবস্থা নিরূপণ করে কোনো ঘাটতি থাকলে সেগুলো দূর করাসহ সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করার কার্যকর প্রয়াস লক্ষ করা যায় না।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদন বলছে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গড়ে ২২ শতাংশ শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত আছেন। এঁদের মধ্যে কিছু শিক্ষক অনুপস্থিত আছেন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই। অনুমোদনসহ সর্বোচ্চ কত শতাংশ শিক্ষক শিক্ষাছুটি, লিয়েনে বা চুক্তির ভিত্তিতে অন্যান্য প্রতিষ্ঠানে চাকরি ইত্যাদি কারণে কর্মস্থলে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে না—এটা নির্ধারণ করা দরকার। গড়ে ২২ শতাংশ শিক্ষকের অনুপস্থিতি অত্যধিক। এতে স্বাভাবিক পাঠদান, গবেষণা, পরীক্ষা পরিচালনাসহ সার্বিক শিক্ষা কার্যক্রমে ঘাটতির সম্ভাবনা বেশি। অনুপস্থিত শিক্ষকদের দায়িত্ব অন্য শিক্ষকদের পালন করার ফলে তাঁদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হওয়ার কথা এবং শিক্ষার গুণগত মানের ওপর তার প্রভাব অবশ্যই নেতিবাচক।
শিক্ষাছুটির কারণে শিক্ষকদের অনুপস্থিতির পাশাপাশি কর্তব্যরত শিক্ষকদের দায়িত্ব পালনে অবহেলা, যেমন নিয়মিত ক্লাস না নেওয়া, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে সময়ক্ষেপণ, অন্যান্য প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করা এবং সেই কারণে নিজের বিশ্ববিদ্যালয়কে সময় কম দেওয়া ইত্যাদি সমস্যাও রয়েছে। ইউজিসি শিক্ষকদের দায়িত্ব পালনসহ সার্বিক আচরণ বিষয়ে একটা সামগ্রিক নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে। কিন্তু ইউজিসির দায়িত্ব শুধু সুপারিশ তৈরিতেই কি সীমাবদ্ধ থাকবে? সেগুলোর বাস্তবায়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব তো তাদেরই।
শিক্ষকদের দায়িত্ব পালনের এমন হতাশাব্যঞ্জক চিত্র সত্ত্বেও ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দুই পালায় শিক্ষাদানের প্রস্তাব করেছে। প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে চান; দুই পালা চালু হলে তাঁদের অনেকেই স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ পাবেন, এটা ঠিক। কিন্তু এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পেছনে ছোটার পরিবর্তে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার দিকে যাওয়া উচিত।