বিশ্বব্যাংকের প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ফিরেছে—পুরো দেশের জন্য এ এক বড় স্বস্তির খবর। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার এ ব্যাপারে যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছতে পেরেছে, তাকে আমরা স্বাগত জানাই। তবে এই প্রকল্পে বিশ্বব্যাংকের ফেরার সিদ্ধান্তের পাশাপাশি ভবিষ্যতে পালনীয় কিছু শর্তও রয়েছে। অনেক কিছুই আবার নতুন করে শুরু করতে হবে। ফলে এই প্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু করা এবং শর্তগুলো পালনে বাংলাদেশের কার্যকর অবস্থানের ওপর অনেক কিছু নির্ভর করছে।সম্ভাব্য দুর্নীতি বা দুর্নীতির আশঙ্কা রোধে দেওয়া কিছু শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে তাদের প্রতিশ্রুত ঋণসহায়তা চুক্তি থেকে সরে আসে। তারপর এ নিয়ে শুরু হয় দীর্ঘ অচলাবস্থার পর্ব। শেষ পর্যন্ত সরকার বিশ্বব্যাংকের শর্তগুলো মেনে নেওয়ায় এই আশার আলো দেখা দিয়েছে। এই প্রক্রিয়া সহজ ছিল না। শেষ পর্যন্ত বিষয়টি যে একটি সফল পরিণতি পেয়েছে, সে জন্য সরকারের অন্তত দুজনকে আলাদাভাবে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে শেষ পর্যন্ত সঠিক লক্ষ্যে পৌঁছতে পেরেছেন। তাঁদের আমরা সাধুবাদ জানাই।বিশ্বব্যাংক স্পষ্ট করেই এটা বলেছে যে বাংলাদেশ সরকার ভবিষ্যতে স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়নে সম্মত হওয়াতেই নতুন করে তারা এই প্রকল্পে যুক্ত হয়েছে। একই সঙ্গে তারা এই প্রকল্পে দুর্নীতির ব্যাপারে কোনো ধরনের ছাড় না দেওয়ার কথাও জোরের সঙ্গে বলেছে। বিশ্বব্যাংকের এই অবস্থানের সঙ্গে দ্বিমত করার কোনো সুযোগ নেই। এসব নিশ্চিত করাই এখন বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতে যাতে কোনো ধরনের অনিয়ম না হতে পারে, তা নিশ্চিত করার জন্যও বিশ্বব্যাংক কিছু শর্ত দিয়েছে। যেগুলোর মধ্যে রয়েছে: প্রকল্পের নতুন ক্রয় ব্যবস্থা ব্যাপক ও নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ; দুর্নীতির যে অভিযোগ উঠেছে তার সুষ্ঠু, অবাধ ও দ্রুত তদন্ত অব্যাহত রাখা; তদন্ত পর্যালোচনা করে সরকার ও বিশ্বব্যাংকের কাছে তথ্য প্রদানের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিদের নিয়ে একটি দল গঠন। আমরা মনে করি, এই পদক্ষেপগুলো প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে কোনো ধরনের দুর্নীতির আশঙ্কা কমাবে। আর এই প্রকল্পের প্রতিটি দরপত্রের প্রক্রিয়ায় বিশ্বব্যাংকসহ অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোর সরাসরি যুক্ত করার যে বিধানের কথা বলা হয়েছে, সেটাকে আমরা ইতিবাচক হিসেবে বিবেচনা করছি। দরপত্র-প্রক্রিয়ায় বিশ্বব্যাংক বা অর্থায়নকারী গোষ্ঠীগুলো যুক্ত থাকলে দরপত্র যাচাই-বাছাই ও মূল্যায়নের ক্ষেত্রে তাদের বিশেষজ্ঞ-জ্ঞানকেও কাজে লাগানো যাবে।পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ফিরে আসার মধ্য দিয়ে যে আশার আলো দেখা দিয়েছে, তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটি এখন সরকারের। জানা যাচ্ছে, বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল এসব নানা দিক ঠিক করতে শিগগিরই ঢাকায় আসছে। আমরা আশা করব, সরকারের তরফে এ ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না। এরই মধ্যে অনেক সময়ক্ষেপণ হয়েছে, এ ধরনের প্রকল্পে বিলম্ব মানেই হচ্ছে খরচ বেড়ে যাওয়া।