বিশ্বব্যাংকের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্প আর বিশ্বব্যাংক—এই দুটির মধ্যে যোগসূত্র আনুষ্ঠানিকভাবে ছিন্ন হয়ে গেছে। এই প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্রের যে অভিযোগ উঠেছিল, তার বিশ্বাসযোগ্য তদন্ত না হলে ঋণ নয়—বিশ্বব্যাংকের এই কঠোর অবস্থানের পর সরকার নিজেই পদ্মা সেতু প্রকল্পে সংস্থাটির অর্থায়নের অনুরোধ প্রত্যাহার করে নেয়। এখন সরকার নিজস্ব অর্থায়ন বা অন্য কোনো দাতা দেশ বা সংস্থার কাছ থেকে অর্থ জোগাড় করে এই সেতু নির্মাণের উদ্যোগ নেবে বলে জানা যাচ্ছে। সরকারের এ অবস্থান কতটুকু যৌক্তিক, সে প্রশ্নও উঠে আসছে।পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর বিশ্বব্যাংকের দাবি ছিল, এর বিশ্বাসযোগ্য তদন্ত। সরকার প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে বিশ্বব্যাংকের সব শর্তই মেনে নিয়েছিল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সর্বশেষ অনুসন্ধানে দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণও মিলেছে, মামলা হয়েছে। কিন্তু মূল অভিযোগ যাঁর বিরুদ্ধে, সেই সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকেই মামলার আসামি করা হয়নি। বিশ্বব্যাংক নিযুক্ত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে দুদকের এই অবস্থান সংগত কারণেই গ্রহণযোগ্য হয়নি।সংশ্লিষ্টদের মতে, সরকার যেহেতু শুরু থেকেই আবুল হোসেনকে বাঁচাতে মরিয়া ছিল, সে কারণে দুদকের পক্ষে এই প্রভাবশালীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বিশ্বব্যাংকের ঋণ ছাড়ের বিষয়টি আবুল হোসেনকে ছাড় দেওয়া না-দেওয়ায় এসে ঠেকেছিল। শেষ পর্যন্ত সরকার যে সিদ্ধান্ত নিল, তাতে দেশ ও জনগণের স্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থই অগ্রাধিকার পেল। বিশ্বব্যাংকের কাছ থেকে অর্থ নিয়ে সেতুটি তৈরি করতে পারলে তা হতো আমাদের জন্য সবচেয়ে সহজ ও লাভজনক। সরকারের ইচ্ছাও সে রকমই ছিল। এখন নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলে সরকার যতই একটি দেশপ্রেমমূলক অবস্থান নিক না কেন, দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ দুদকের তদন্তে প্রমাণিত হওয়ার পর পুরো বিষয়টি মূল্যহীন হয়ে পড়েছে। সরকার যদি শুরু থেকেই নিজস্ব অর্থায়নে এ প্রকল্পটি করার কথা বিবেচনা করত, তখন বিষয়টি ভিন্নভাবে দেখার সুযোগ ছিল। অন্যদিকে নিজস্ব অর্থায়ন বা অন্য কোনো সূত্র থেকে অর্থ জোগাড় করে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরুর যে উদ্যোগের কথা সরকার বলছে, সেটা কতটুকু বাস্তবসম্মত, সে প্রশ্ন তুলেছেন অনেক বিশেষজ্ঞ, আবার এ ক্ষেত্রে ভিন্নমতও রয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সঙ্গে পদ্মা সেতুর বিষয়টি জড়িত। দ্রুতই এই সেতুর নির্মাণকাজ শুরু হোক, সেটা দেশবাসীরও চাওয়া। সরকার কীভাবে দেশবাসীর এই চাওয়া এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে, সেটাই এখন দেখার বিষয়। এ জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু মাঝে যে বছর দুয়েক সময় নষ্ট হলো এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজনকে বাঁচাতে সরকার কার্যত দেশের স্বার্থের বিরুদ্ধে যে অবস্থান নিল, সেটা দেশের ইতিহাসে একটি মন্দ উদাহরণ হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।