রাজশাহীতে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার দুই আসামি তাঁদের পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের যে অভিযোগ করেছেন, তা কার্যত সুপ্রিম কোর্টের দেওয়া সাম্প্রতিক রায় বাস্তবায়নের প্রয়োজনীয়তাই নির্দেশ করে। কারাগার থেকে পাঠানো চিঠিতে পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগকে সঠিক বা অভ্রান্ত মনে করার কোনো কারণ নেই। অভিযোগের সত্যতা এবং অভিযোগ উত্থাপন—দুটিরই সত্যতা যাচাইসাপেক্ষ।
কিন্তু যা নিয়ে সন্দেহের অবকাশ কম এবং জঙ্গিবাদ ও উগ্রবাদবিরোধী লড়াইয়ে আইন প্রয়োগকারী সংস্থার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো এ ধরনের অভিযোগ ওঠার পরে সে সম্পর্কে জনমনে সম্ভাব্য কী কী ধারণা বা সংশয় সৃষ্টি হতে পারে, সেটা বিবেচনায় নেওয়া। এটা অপ্রিয় সত্য যে, আইন প্রয়োগকারী বাহিনীর প্রতি জনমনে বিশ্বাসের ঘাটতি উপেক্ষণীয় নয়।
প্রথম আলোর প্রাথমিক অনুসন্ধানে কারাগারে অন্তরীণ ওই দুই আসামি, যাঁরা সম্পর্কে পিতা-পুত্র, তাঁদের পরিবারের সঙ্গে সন্দেহভাজন জেএমবি ঘাতকের যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করা চলে। কিন্তু তাঁরা হত্যাকাণ্ডে জড়িত কি না কিংবা তাঁদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি যথাযথ কি না, তা তদন্তের বিষয়। তবে এ প্রসঙ্গে আমরা উদ্বেগের সঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই যে, দেশের ফৌজদারি বিচারব্যবস্থায় পুলিশি রিমান্ডের পর্বে আসামিদের দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং পরে মামলার বিচার চলাকালে তা অস্বীকার করা অনেকাংশে রেওয়াজে পরিণত হয়েছে। কোনোভাবে অভিযোগপত্র দাখিল করতে পারলেই পুলিশ কোনো মামলায় তাদের দায়িত্ব পালনকে শেষ মনে করে। আর পরে তারা সাক্ষ্য দিতে উদাসীন থাকে।
নিজের বিরুদ্ধে জবরদস্তি সাক্ষ্য দিতে এবং বন্দীর সঙ্গে নিপীড়নমূলক কোনো আচরণ না করার বিষয়ে সংবিধান যে বাধানিষেধ আরোপ করেছে, সেটা সর্বতোভাবে মেনে চলা উচিত। পুলিশি রিমান্ড বিষয়ে সুপ্রিম কোর্ট নির্দেশিত গাইডলাইনের অনুসরণ সংবিধানের ওই বিধানাবলির সঙ্গে সংগতিপূর্ণ। আসামি বা বিচারাধীন বন্দীর প্রতি পুলিশের আচরণ সম্পর্কে জনমনে আস্থার সংকট ঘোচাতে সরকারের কাছে সতর্কতা কাম্য।