২০১০ সাল থেকে বাংলাদেশ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরের ছাত্রছাত্রীদের বিনা মূল্যে বই বিতরণ শুরু করার আগ পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রতিবছর শুধু প্রাথমিক স্তরে বিনা মূল্যে বই বিতরণ করত। দেশীয় মুদ্রণপ্রতিষ্ঠানগুলো বই ছেপে সরকারের সংশ্লিষ্ট বিভাগে পৌঁছে দিত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিনা মূল্যে মাধ্যমিক স্তরসহ পাঠ্যপুস্তক বিতরণের সিদ্ধান্ত নিলে হিসাব করে দেখা যায়, যেখানে আগে নয় কোটি বই লাগত, এখন সেখানে ১৯ কোটি বই ছাপানোর প্রয়োজন হচ্ছে। এই হঠাৎ বৃদ্ধির কারণ, আগের বছরগুলোতে বই পুনরায় ব্যবহার করা হতো, তাই চাহিদাও ছিল কম। তা ছাড়া ইতিমধ্যে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুরও পরিবর্তন আনা হয়। ২০০৯ সালে সরকার যখন ঘোষণা দেয় যে পরের বছর ১৯ কোটি বই ছাপানো হবে, তখন মুদ্রণপ্রতিষ্ঠানগুলো এই দ্বিগুণসংখ্যক বই প্রকাশে সক্ষম ছিল না। কারণ, রাতারাতি প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি তখন সম্ভব হয়ে ওঠেনি। দেশের মুদ্রণপ্রতিষ্ঠানগুলোর মুদ্রণের মান, কাজের দ্রুততা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাররঙা পাঠ্যপুস্তক ছাপার জন্য আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করে; ভারতীয় প্রতিষ্ঠান মুদ্রণের কাজ পায়।মনে হতে পারে, দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নেই বলে নিরুপায় হয়েই সরকার আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করেছে। কিন্তু সরকার কাজটি সুপরিকল্পিতভাবে করলেই সমস্যাটি মোকাবিলা করা যেত। অর্থাৎ পরিকল্পনাটি করার সময় যদি মুদ্রণশিল্পের স্বার্থটাও মূল্যায়ন করা হতো, তাহলে মুদ্রণপ্রতিষ্ঠানগুলো এর জন্য পূর্বপ্রস্তুতি নিতে পারত। কিন্তু সরকার তা করেনি। ফলে গত কয়েক বছরে মুদ্রণপ্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে যখন প্রায় সক্ষম হয়ে উঠল, তত দিনে তাদের কাজের একটি বড় অংশের সুযোগ চলে গেল বিদেশি প্রতিষ্ঠানের হাতে।বর্তমানে দেশে প্রায় ১৬ হাজার ছাপাখানা ও বাঁধাই প্রতিষ্ঠান আছে। এর মধ্যে এক হাজার প্রেস-মালিক এনসিটিবির বই ছাপার কাজ করে। পাঠ্যপুস্তকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। মুদ্রণশিল্প সমিতির দেওয়া হিসাব অনুযায়ী, ২০১২ সালে ২৩ কোটি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। এর মধ্যে তিন কোটি ছাপা হয়ে আসে ভারত থেকে। ২০১৩ সালে ২৭ কোটি পাঠ্যপুস্তকের প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। মুদ্রণশিল্প সমিতির মতে, সুষ্ঠু প্রতিযোগিতার ভিত্তিতে যদি ছাপানোর কাজটি দেওয়া হয় তাহলেও মুদ্রণপ্রতিষ্ঠানগুলোর সমস্যা ছিল না। কিন্তু সম্প্রতি মুদ্রণশিল্প প্রতিষ্ঠানগুলো দাবি করছে, এই আন্তর্জাতিক টেন্ডার অব্যাহত রেখে সরকার অসম প্রতিযোগিতার পথ প্রশস্ত করছে। তারা দাবি করছে, বাংলাদেশের মুদ্রণপ্রতিষ্ঠানগুলো বিডিংয়ে প্রতিযোগিতামূলক মূল্য প্রদান করেও নানা অজুহাতে বিদেশি প্রতিষ্ঠানের কাছে সুযোগ হারাচ্ছে। কারণস্বরূপ তারা দাবি করছে, দেশি প্রতিষ্ঠানগুলোর বিডিংয়ে প্রদত্ত মূল্য বিদেশি প্রতিষ্ঠানগুলোর কর দেওয়ার আগের মূল্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর তাতে দেশি প্রতিষ্ঠানগুলো এই অসম প্রতিযোগিতায় হেরে যাচ্ছে। আমাদের মুদ্রণ ব্যবসায়ীদের সক্ষমতা থাকা সত্ত্বেও তাদের কাজ অন্যত্র দিয়ে দেওয়া হচ্ছে। তাদের এই বক্তব্যকে অমূলক ধারণা করে বিষয়টিকে নিতান্ত অর্থনীতির তুলনামূলক সুবিধা বা প্রতিযোগিতার যুক্তি দিয়ে বিবেচনা করলে হবে না। কারণ, যে প্রতিযোগিতা অনুপ্রাণিত করার ও অর্থনৈতিক সাশ্রয়ের অজুহাত দেখিয়ে সরকার এই আন্তর্জাতিক টেন্ডারকে স্বাগত জানাচ্ছে, তা প্রকৃতপক্ষে নিজের পায়ে কুড়াল মারার শামিল। কেননা এখানে ভুলে গেলে চলবে না যে এই কাজের সুযোগ বিদেশি কোম্পানিকে দিয়ে সরকার যতটুকু লাভবান হচ্ছে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ দেশের পুঁজির সুষ্ঠু ব্যবহার এবং কর্মসংস্থানের সুযোগ। অর্থনৈতিক বিশ্বায়নের এই যুগে মুদ্রণপ্রতিষ্ঠানগুলোর উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। প্রথমত, মুদ্রণ ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার প্রশ্ন উঠলে দেখা যায়, সরকার কাগজে-কলমে ঠিকই কিছু সুবিধা দিচ্ছে। যেমন—আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করলে দেশীয় কোম্পানিগুলো বিদেশি কোম্পানির প্রদত্ত দামের চেয়ে ১৫ শতাংশ বেশি দামে বিডিং করতে পারবে। কিন্তু মুদ্রণপ্রতিষ্ঠানগুলোর মতে, এই সুবিধার কথা বলা থাকলেও নানা অজুহাত দেখিয়ে এই সুবিধার ফল পাওয়া থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। দ্বিতীয়ত, সরকার পাঠ্যপুস্তক বিনা মূল্যে বিতরণের কাজ হাতে নিয়ে তা সুপরিকল্পিতভাবে বাস্তবায়ন না করে বহু শ্রমিকের কর্মসংস্থানের পথ বন্ধ করে দিচ্ছে। মুদ্রণশিল্প সমিতির মতে, প্রায় তিন কোটি পাঠ্যপুস্তক প্রকাশের দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দিয়ে প্রায় এক লাখ শ্রমিক ও কর্মজীবীর চার মাসের কর্মসংস্থানকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। পরের বছর এ রকম হলে আরও বেশি শ্রমিক কাজের সুযোগ হারাবে। তৃতীয়ত, বিদেশি কোম্পানিকে সুযোগ দেওয়ার ফলে দেশি মুদ্রণপ্রতিষ্ঠানগুলোর আমদানিকৃত যন্ত্রপাতির পূর্ণ ব্যবহারও অনিশ্চিত হয়ে পড়বে। কিছু মেশিন যা শুধু পাঠ্যপুস্তক প্রকাশের জন্যই আমদানি করা হয়েছে, সেগুলো অকেজো হয়ে পড়ে থাকতে পারে এবং যেগুলো ব্যবহার করা হবে, তা পর্যাপ্ত ব্যবহার না হলে উৎপাদনক্ষমতা অব্যবহূত থেকে যাবে। চতুর্থত, পাঠ্যপুস্তক বিনা মূল্যে বিতরণের ২০ শতাংশ অর্থায়ন আসছে বিশ্বব্যাংক থেকে। এবং বিশ্বব্যাংক মুদ্রণে প্রতিযোগিতা নিশ্চিত করতে গিয়ে যে শর্ত আরোপ করছে, তা মুদ্রণবাজার উন্মুক্ত করার পক্ষে। এ কারণে ব্যবসায়ীদের উদ্বেগ আরও বেড়ে চলেছে। সরকারের দেওয়া সুবিধাও প্রতিযোগিতার জোর হাওয়ায় টিকছে না।বর্তমানে দুই লাখের বেশি শ্রমিক ও কর্মজীবী মুদ্রণশিল্পের সঙ্গে জড়িত। বিশ্বায়নের সঙ্গে সঙ্গে মুদ্রণশিল্পের প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে এই শিল্পকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তাও। এসব শ্রমিকের কর্মসংস্থান কি আমরা বিপন্ন করব? দেশীয় মুদ্রণশিল্পকে সাহায্য করা এবং এর মান উন্নয়নে সরকারকে মনোযোগী হতে হবে। খতিয়ে দেখতে হবে কেন দেশি প্রতিষ্ঠানগুলোকে স্বল্প মূল্যে বিডিং করেও বিদেশি প্রতিষ্ঠানের কর সংযোজনের আগের মূল্যের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে হচ্ছে। বিশ্বায়নের এই যুগে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে দেশের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে, অন্য কোনো শক্তিকে প্রাধান্য দিয়ে নয়। মোশাহিদা সুলতানা: শিক্ষক, ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ঢাকা বিশ্ববিদ্যালয়।