শুভ নববর্ষ। চল্লিশের দশকের এক বামপন্থী কবি লিখেছেন: প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য,/ ধ্বংসের মুখোমুখি আমরা।/ কিন্তু গোটা দুনিয়া ধ্বংস হওয়ার দিনক্ষণ ধার্য হওয়ার পরেও যখন পৃথিবী টিকে আছে, সুতরাং সহজে আমরা ধ্বংস হচ্ছি না। এক্সটেনশনে থাকলেও এ জগৎ আরও কিছুকাল থাকবে। সুতরাং, ৩৬৫ দিনের কোনো একটি দিনে ফুলের মূল্য দেওয়া উচিত। পৃথিবীতে ফুলও হাজার হাজার রকম, কোনো ফুল নাকফুলের সমান ছোট্ট। তেমন ফুল আমার টবেও ফোটে। খোঁপায় গোঁজার মতো ফুলের সংখ্যাই বেশি। তবে বিরাটাকার ফুলও পৃথিবীতে আছে। তা প্রতিদিন যেখানে সেখানে ফোটে না, বছরের শেষ সপ্তাহে একটি ফুটেছিল ব্রাজিলে। সেটিকে বলতে পারি এ বছরের বিশ্বফুল। এবার নববর্ষে লাল গোলাপের শুভেচ্ছা নয়, জানাই সেই বিরাটাকার বিশ্বফুলের শুভেচ্ছা। মত প্রকাশের প্রচুর স্বাধীনতা যেসব গণতান্ত্রিক দেশে আছে, সেখানকার কাগজের সম্পাদক ও কলাম লেখকেরা চিরতা ভেজানো পানি ও করলার ভর্তা খাওয়া মানুষ। সরকার ও বিরোধী দলের নিকুচি করা ছাড়া জগতে আরও যে কত বিষয়বস্তু রয়েছে, তা তাঁরা খুঁজে পান না। প্রাতঃস্মরণীয় নেতাদের নিয়ে তাঁরা করেন তাঁদের পত্রিকার পাতায় খিস্তিখেউর। লেখেন শত শত কোটি টাকা ঘুষ আদান-প্রদানকারীদের বিরুদ্ধে। রচনা লেখেন বড় বড় চাপাতি ও দীর্ঘতম রামদা এস্তেমালকারীদের নিন্দা করে। লেখেন টেন্ডার ছিনতাইকারীদের মতো নিরীহ লোকজন সম্পর্কে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্রের অধিনায়কদের কার্যকলাপ নিয়ে। কলাম লেখকদের বহু রচনায় আগে কাটারাইফেল, হাতবোমা ও নব নব আবিষ্কৃত অস্ত্র ও আগ্নেয়াস্ত্রের কথা। ফুলের মতো দৃষ্টিনন্দন, নরম, পেলব ও সুগন্ধি বস্তু পত্রিকার সম্পাদকীয় পাতার লেখার বিষয়বস্তু হওয়ার সুযোগই পায় না। টিভি টক শোতে প্রতিপক্ষের চোখ তুলে নেওয়ার কথা কাগজে যত গুরুত্ব পায় অথবা চাপাতির কথা যত লেখা হয়—চুম্বনের কথা তত নয়। বছরের প্রথম দিনটিতে, সেটি আবার এবার পড়েছে মঙ্গলবারে, আজ ওসব দিকে যেতে মন সায় দিচ্ছে না। কটুকাটব্য যাঁর খুশি তিনি করুন, যাঁর যাঁকে খুশি তেল মারার তেল মারুন, আমি আজ ওদিকে যাব না। ফুল খেলবার দিন হোক অদ্য, যার যত খুশি লিখে যাক প্রেমপ্রীতির পদ্য। এ সপ্তাহে ক্রিসমাসের দিন ফুটতে শুরু করে ব্রাজিলের এক বোটানিক্যাল গার্ডেনে একটি ‘টাইটান অ্যারাম’। প্রস্ফুটিত এই ফুলটির উচ্চতা প্রিয়াঙ্কা চোপড়া বা বিপাশা বসুর প্রায় সমান। ফুলটি জন এব্রাহামের চেয়েও বিশেষ কম লম্বা নয়। ব্রাজিলে যে টাইটান অ্যারামটি ফুটেছে, এটির উচ্চতা ১৬৭ সেন্টিমিটার অর্থাৎ, পাঁচ ফুট তিন ইঞ্চি। তবে এই প্রজাতির ফুল সুমাত্রা দ্বীপেও কিছু দেখা যায়। সেগুলোর কোনো কোনোটির উচ্চতা ১০ ফুটের বেশি। যখন বিপাশার সঙ্গে সম্পর্ক মধুর ছিল তখনো এর একটি ফুল দিয়ে জন এব্রাহামের মতো পেশিবহুল নায়ক প্রেম নিবেদন করতে পারতেন—তা বিশ্বাস করা কঠিন। এ ফুলের যেমন উচ্চতা, তেমনি ওজন। আমার মতো তিনজনের পক্ষেও সম্ভব নয় এর একটি ফুল উঁচিয়ে ধরে কাউকে উপহার দিই। পশ্চিমের উদ্ভিদতত্ত্ববিদেরা প্রাচ্যের উপসম্পাদকীয় লেখকদের মতো রসকষহীন বা বেরসিক নন। আদিরসের রসিক তাঁরা কিছুমাত্র কম নন। এই ফুলটির তাঁরা বৈজ্ঞানিক নামকরণ করেছেন amorphophallus titan। এর আক্ষরিক অর্থ বলতে লজ্জা লাগছে। এই ফুলের বৈজ্ঞানিক নামের আক্ষরিক অর্থ ‘কদাকার পুরুষাঙ্গ’। এই ফুলের আরেকটি নাম রয়েছে, তা হলো ‘শবকুসুম’—‘Corpse flower’। এ নামকরণের কারণ, এই ফুলের গন্ধ পচা মাংসের গন্ধের মতো এবং সেই গন্ধও ভয়ংকর গন্ধ। সেই গন্ধের আকর্ষণে গুবরেপোকা থেকে যত মারাত্মক পোকামাকড় আছে, সব তার দিকে ছুটে যায়। টাইটান অ্যারাম চাষ করা খুবই কষ্টসাধ্য। ছয় বছর লাগে। আমাদের যশোরের ঝিকরগাছায় এ ফুলের চাষ সম্ভব নয়। কারণ, তাৎক্ষণিক লাভের সম্ভাবনা নেই। চারা রোপণ করে যদি ছয় বছর বসে থাকতে হয় ফুল ফোটা পর্যন্ত, তাহলে চাষিদের কপালে হাত। তবে হলফ করে বলতে পারি, এ ফুলের ক্রেতার অভাব হবে না বাংলাদেশে। একটি ফুলের দাম যদি এক কোটি টাকা ধরা হয়, ক্রেতার ভিড় ঠেকাতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হবে। যে হারে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ জালিয়াতি হচ্ছে, তাতে যেকোনো মূল্যে এ ধরনের একটি ফুল কেনার মানুষ আজ বাংলার মাটিতে হাজার হাজার। টাইটান অ্যারামের মতো ফুল। ব্রাজিলের মতো ভুল জায়গায় ফুটেছে, তার উপযুক্ত কদর হতো বাংলার মাটিতেই। যে দেশে একটি কোরবানির গরু বা উট বিক্রি হয় পাঁচ থেকে ১০ লাখ টাকায়। দক্ষিণ ভারতীয় লেহেঙ্গা লাখ লাখ টাকা দিয়ে কেনার মতো ক্রেতানী বঙ্গদেশে আজ অগণিত। শীতে একটি কম্বল অথবা গরম কাপড়ের অভাবে মৃতের সংখ্যা ভাগ্যবতী লেহেঙ্গা ক্রেতানীদের চেয়ে বরং অনেক কম। অর্থাৎ ২০৫০ সালের আগেই আমরা অবলীলায় পশ্চিমের দেশগুলোকে ছাড়িয়ে যাচ্ছি। বিশ্বফুলের দেশ হোক বাংলাদেশ। প্রিয়জনকে ভালোবাসা নিবেদন করতে প্রয়োজন পুষ্পের। সে ফুল গোলাপই হোক বা বেলিই হোক বা গাঁদাই হোক অথবা কোনো বুনোফুল হোক। ফুল ছাড়া আরও একভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। তা হলো চুম্বন। বাবা-মা তাঁদের সন্তানকে যে চুমু দেন তার ধরন এক রকম। তাতে প্রকাশ পায় স্বর্গীয় সৌন্দর্য। বড় ভাইবোন আদরের ছোট ভাইবোনদের যে চুমু দেয় তা আরেক রকম। ফিল্মের নায়ক-নায়িকার চুমু কৃত্রিম। হঠকারী বে-আক্কেল পুরুষ পরিণতির কথা না ভেবে কোনো তরুণীকে আড়ালে পেয়ে চুমু দিয়ে চপেটাঘাত খায়—সেটা আরেক জিনিস। কিন্তু বর্তমান বিশ্ব-পরিস্থিতিতে রাজনৈতিক চুম্বনের গুরুত্ব গভীর ও দক্ষ কূটনৈতিক তৎপরতার চেয়ে কিছুমাত্র কম নয়। এক দেশের সঙ্গে আরেক দেশের আন্তর্জাতিক চুক্তি হতে দেখেছি। সেদিন দেখলাম এক আন্তর্জাতিক চুম্বনের দৃশ্য। একুশ শতকের দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ চুম্বন। বিশ্বনেতা বারাক ওবামা এসেছিলেন ব্রহ্মদেশ বা মিয়ানমারে। এসে পশ্চিমপন্থী গণতন্ত্রী নেত্রী সু চিকে গভীর চুমুতে ভরিয়ে দেন। দীর্ঘদিন সু চি ছিলেন নিঃসঙ্গ। পুরুষ সান্নিধ্য থেকে বঞ্চিত। বিশ্বের প্রবলতম পুরুষের সেই আন্তর্জাতিক চুম্বনটি ছিল দীর্ঘস্থায়ী। ৬-৭ রিখটার স্কেলের ভূমিকম্পও কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী হয় না। ওবামার ওই ঐতিহাসিক চুম্বনটির স্থায়িত্ব ছিল এক মিনিটের বেশি। মার্কিন-মিয়ানমার বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে ওই চুম্বন। এ তো চুমু নয়, দুই দেশের মধ্যে একটা চুক্তি হয়ে গেল। আজ দ্বিপক্ষীয় স্বার্থ ও আন্তরাষ্ট্রীয় রাজনীতি আর ব্যক্তিগত সুখানুভূতি একাকার হয়ে গেছে। রাজনীতি ছাড়া রাষ্ট্র অচল। প্রাচ্যের রাজনীতিতে এত দিন রক্তপাত ছিল—রক্ত পরীক্ষা ছিল না। এবার তাও যোগ হতে যাচ্ছে। একালে চিকিৎসকেরা পরামর্শ দেন বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করিয়ে নিলে ভালো। কিন্তু এখন দেখছি গণতান্ত্রিক রাজনীতিতে বড় বড় দলের নেতাদের রক্ত পরীক্ষাও জরুরি। কার রক্তের গ্রুপ কী, তা জনগণের জানা অপরিহার্য। নেতাদের রক্ত পরীক্ষার পরামর্শ পশ্চিমের কোনো দেশ থেকে আসেনি। তাঁরা রক্ত পরীক্ষা ছাড়াই রাজনীতিতে বেশ ভালো করছেন। এই পরামর্শ এসেছে প্রাচ্যের সূর্যোদয়ের দেশ জাপান থেকে। সে দেশের সাবেক মন্ত্রী রাইয়ু মাতসুমোতোর প্রিয়তমা পত্নীর কাছে আমরা এ জন্য কৃতজ্ঞ। মাননীয় মাতসুমোতো জাপানের পুনর্গঠন মন্ত্রী হয়েছিলেন। জাপানিরা কাজ করেন বেশি, কথা বলেন কম, অসুন্দর ও বেহুদা কথা বলেন আরও কম। ২০১১ সালের মার্চে জাপানে ভূমিকম্প ও সুনামি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। সেখানকার পুনর্বাসন-তৎপরতা নিয়ে বলতে গিয়ে ওই প্রদেশের গভর্নর সম্পর্কে নবনিযুক্ত মন্ত্রী গালাগালও নয়, অশালীনও নয়, কিছু অবিবেচনাপ্রসূত মন্তব্য করেন। ভদ্র ও সুসভ্য জাতি জাপানিরা তার নিন্দা করে। দুঃখ প্রকাশ করে, মাথা নুইয়ে মাফ চেয়ে এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করেন মন্ত্রী। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, পদত্যাগের পরে তাঁকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে বেতন-ভাতা, সুযোগ-সুবিধা দিয়ে রাখা হয়নি।মন্ত্রিত্ব হারিয়ে তিনি তাঁর আচরণের কারণ ব্যাখ্যা করেন। মাতসুমোতো বলেন, তাঁর ওই অবিবেচনামূলক আচরণের জন্য দায়ী তাঁর রক্তের গ্রুপ। তিনি বলেন, তাঁর রক্তের গ্রুপ বি। এই গ্রুপের মানুষ সহজেই উত্তেজিত হয়ে যেতে পারে। বিষয়টি তাঁর নিজের জানা ছিল না। এই গুরুত্বপূর্ণ তথ্যটি তাঁকে অবগত করেছেন তাঁর প্রিয়তমা স্ত্রী। তিনি বলেন, ‘আমার বি গ্রুপের রক্তের কারণে গিন্নি আমাকে আগেই কথাবার্তায় সতর্ক থাকতে বলেছিলেন। ওদিন আমি তাঁর উপদেশ ভুলে একটু বেসামাল হয়ে গিয়েছিলাম।’একজন মন্ত্রী একজন আঞ্চলিক শাসক সম্পর্কে অবিবেচনাপ্রসূত মন্তব্য করায় তাঁর মন্ত্রিত্ব খোয়াতে হয়। দুনিয়ায় এমন অনেক দেশ আছে, যেখানে ২৪ ঘণ্টা প্রতিপক্ষের চৌদ্দগুষ্টি উদ্ধার করলেও কোনো পদ হারাতে হয় না। বরং পদ আরও পোক্ত হয়। নেতৃত্বের কাছে দাম বাড়ে। তবে এমন দেশও আছে, যেখানে সম্ভবত জনগণের ৯৯ শতাংশেরই রক্তের গ্রুপ বি। অবশ্য কোনো কোনো দেশে এমনও হতে পারে, রক্তের বি গ্রুপ কোনো ব্যাপার নয়। এ গ্রুপ, বি গ্রুপ, এবি গ্রুপ এবং ও গ্রুপ সবই সমান। আসলে সে জাতির রক্তেরই দোষ।পৃথিবীর বহু দেশেই রক্তের বি গ্রুপের নেতারাই বছরের পর বছর মন্ত্রিত্ব ও দলের নেতৃত্ব দিচ্ছেন। সব দেশেরই জনগণের উচিত নেতাদের রক্তের গ্রুপের গুরুত্ব উপলব্ধি করা। বিশেষ করে যেসব দেশে আগামী এক-দেড় বছরের মধ্যে নির্বাচন হওয়ার কথা, সেখানে যেন বড় দলগুলো প্রার্থী নির্বাচনে সতর্ক হয়। প্রার্থী হওয়ার আবেদনপত্র দলের নিবেদিত, যোগ্য ও সৎ নেতাদের থেকে আহ্বান করার প্রয়োজন নেই। বড় ব্যবসায়ী ও কালোটাকার মালিকেরাও যদি প্রার্থী হতে চান তো হতেই পারেন, বস্তুত তাঁরাই হবেন এবং তাঁদের মনোনয়ন দেওয়াও দোষের নয়। তবে আবেদনকারী মনোনয়নপ্রার্থীদের থেকে যতটা বেশি রক্তের বি গ্রুপওয়ালাদের বাদ দেওয়া যায়। ভোটারদের কাছে আমাদের আবেদন, ভোট দেওয়ার সময় যেন তাঁরা লক্ষ রাখেন প্রার্থীর রক্তের গ্রুপটা কী? প্রার্থীরাও যেন বাহারি পোস্টারের মার্কার পাশেই বড় বড় অক্ষরে লিখে রাখেন: ‘আমার রক্তের গ্রুপ বি নয়’।খ্রিষ্টীয় নববর্ষে বিধাতার কাছে প্রার্থনা করি, জগতের যেকোনো জাতিকেই যেন রক্তের বি গ্রুপওয়ালাদের থেকে তিনি রক্ষা করেন।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।