ব্যাপারটা নাক চেয়ে নরুন পাওয়ার মতোই। ফল খেতে গিয়ে ফরমালিন খেতে হচ্ছে রাজধানীর মানুষকে। পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর ৯৫ শতাংশ আমেই রয়েছে ফরমালিন। লিচু ও জাম তো শতভাগ ফরমালিন মিশ্রিত। ব্যবসার নামে এ রকম গণবিষাক্ত করার আয়োজন দিব্যি চলতে পারছে। এ বিষয়ে সরকারের তৎপরতা অপ্রতুল কেন? মৌসুমি ফল নিয়ে পবার অনুসন্ধানে যাবতীয় ফল আর সবজিতে কমবেশি ফরমালিনের অস্তিত্ব পাওয়া গেছে। ফল ও অন্যান্য খাদ্যদ্রব্যে ফরমালিন রয়েছে কি না, সেটা পরীক্ষা করে দেখার কথা সংশ্লিষ্ট সংস্থার। তারা তৎপর না হলেও পবা নিজ উদ্যোগে এই জরুরি কাজটি করেছে। এভাবে অবাধে যদি ফলমূলের মাধ্যমে ফরমালিন মানবদেহে প্রবেশ করে, তাহলে তো দীর্ঘমেয়াদি স্বাস্থ্য-বিপর্যয় ঘটার কথা। হয়তো সেটাই ঘটছে। জটিল ও বিচিত্র সব ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। অথচ এসব নিয়ে গবেষণা নেই, প্রতিকারের স্থায়ী উদ্যোগ নেই। বিষ ও ক্ষতিকারক রাসায়নিকের হুমকির মুখে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে রয়েছে মানবদেহ।দিনের পর দিন এভাবে খাদ্যদ্রব্যের মাধ্যমে মানবদেহে ফরমালিন প্রবেশ করছে, দিনের পর দিন একশ্রেণীর ব্যবসায়ী ফরমালিনের কারবার চালিয়ে যাচ্ছে, অথচ সরকার মাঝেমধ্যে লোক দেখানো কিছু অভিযানের বাইরে আর বিশেষ কিছু করছে না। ফরমালিনের দাম বাড়িয়ে যে লাভ হবে না, তা গোপনে আমদানি করা থেকেই বোঝা যাচ্ছে। প্রয়োজন উৎসে তদারকি, অর্থাৎ এই রাসায়নিকটি বৈধ ব্যবহারের নিমিত্তে ছাড়া যাতে কেউ আমদানি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এর ব্যবহারকারীকে কঠোর শাস্তি দিতে হবে। একসঙ্গে অনেক ব্যবহারকারীকে আইনের হাতে সোপর্দ করা গেলে যে দৃষ্টান্ত তৈরি হবে, তা ফল ও খাদ্যে বিষ মেশানোর প্রবণতা কমাতে পারে।খাদ্যে দূষণ ব্যক্তিগত সমস্যা নয়, তা এখন জাতীয় সমস্যা। এর কারণে দীর্ঘমেয়াদি জাতীয় স্বাস্থ্যের ক্ষতি হবে। এমনকি প্রজন্ম-প্রজন্মান্তরে এর কুপ্রভাব ছড়িয়ে যেতে পারে। সামাজিক নিরাপত্তার মতো স্বাস্থ্য নিরাপত্তাও অতি জরুরি বিষয়। ফরমালিন বিষয়ে তাই একটা হেস্তনেস্ত হওয়া খুবই দরকার।