আপনার শিশুসন্তানের জ্বর এল; আপনি তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। চিকিৎসক তাকে দেখে প্যারাসিটামল সিরাপ সেবনের পরামর্শ দিলেন। আপনি চিকিৎসকের পরামর্শপত্র দেখিয়ে দোকান থেকে তা কিনে আনলেন। সন্তানের কষ্ট লাঘব ও দ্রুত আরোগ্যের আশায় আপনি তাকে সে ওষুধ খাওয়ালেন। তারপর যা ঘটল, তা আপনার জন্য বিভীষিকাময় দুঃস্বপ্নেরও বেশি। আপনার আদরের শিশুসন্তানের প্রস্রাব বন্ধ হয়ে গেল; কিডনি বিকল হয়ে তার অকালমৃত্যু ঘটল।
কল্পকাহিনি নয়। ২০০৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসে রিড ফার্মাসিউটিক্যালস নামের এক ওষুধ কোম্পানির তৈরি প্যারাসিটামল সিরাপ সেবনের ফলে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ২৮টি শিশুর অকালমৃত্যু ঘটেছে। পরীক্ষা করে দেখা গেছে, তাদের প্যারাসিটামল সিরাপে ডাই-ইথাইল গ্লাইকল নামে বিষাক্ত রাসায়নিক পদার্থ ছিল, যা ওই শিশুদের কিডনি বিকল হওয়ার জন্য দায়ী।
কিন্তু ২৮ শিশুর অমন দুঃখজনক অকালমৃত্যুর জন্য যাঁরা দায়ী, রিড ফার্মাসিউটিক্যালস কোম্পানির সেই পরিচালকদের কোনো শাস্তি পেতে হচ্ছে না। তাঁদের অভিযুক্ত করে সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর ঢাকার ড্রাগ আদালতে যে মামলা দায়ের করেছিল, গত ২৮ নভেম্বর সেই মামলার নিষ্পত্তি হয়েছে আসামিদের বেকসুর খালাসের মধ্য দিয়ে। কারণ, আদালতের ভাষ্য অনুযায়ী, অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়নি। আদালতের রায়ে সুস্পষ্ট ভাষায় ঔষধ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতির উল্লেখ থাকা সত্ত্বেও সেই কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্বাস্থ্যসচিব বলেছেন, তিনি রায়ের কপি হাতে পাননি; পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যদি ঔষধ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কথিত গাফিলতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় গাফিলতি কোনোভাবেই মানা যায় না। রায়ের কপি না পাওয়ার অজুহাত গ্রহণযোগ্য নয়। সংবাদপত্রে রায়ের বিবরণ ছাপা হতে পারলে স্বাস্থ্য কর্তারা কেন আদালতের রায়ের কপি পান না, তার কোনো ব্যাখ্যা নেই। তাঁদের গাফিলতির পেছনে যদি রিড ফার্মাসিউটিক্যালসের অভিযুক্ত পরিচালকদের সঙ্গে তাঁদের অনৈতিক লেনদেনের সম্পর্ক কাজ করে থাকে, তাহলে তাঁদের অবশ্যই কঠোর শাস্তি হওয়া উচিত।
কিন্তু তার ফলে তো মূল অপরাধের বিচার সম্পন্ন হবে না: ২৮ শিশুর মর্মান্তিক অকালমৃত্যুর আইনি প্রতিকার হবে না, তাদের মা-বাবারা ন্যায়বিচার পাবেন না। কিন্তু এই ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই তো আমাদের প্রধান দায়িত্ব। তাই মামলাটির পুনঃতদন্ত হওয়া উচিত। প্রায় হত্যাযজ্ঞের শামিল ২৮ শিশুর অকালমৃত্যুর জন্য কারও কোনো শাস্তি হবে না—এমন নিষ্ঠুর-নির্বিকার বিচারহীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।