বিষাক্ত ফরমালিন নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ফরমালিন ব্যবহার দীর্ঘ সময় আগে চিহ্নিত হলেও এ পর্যন্ত তা মোকাবিলায় সরকারি প্রশাসন উপযুক্ত কৌশল কিংবা পন্থা অবলম্বন করতে পারেনি। প্রস্তাবিত ফরমালিন নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য আইনে সর্বোচ্চ শাস্তির বিধান আমরা গ্রহণযোগ্য মনে করি। কিন্তু মনে রাখতে হবে, বহু ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির বিধান চালু করেও তা সংশ্লিষ্ট সামাজিক অপরাধ দমনে তেমন কার্যকর হয়নি। গত ২৭ ফেব্রুয়ারি প্রথম আলো আয়োজিত ‘শিশু পুষ্টি ও নিরাপদ খাদ্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এফবিসিসিআইয়ের একজন মুখপাত্র যে সুপারিশ করেছেন, তা বিবেচনার দাবি রাখে। কারণ, প্রতিরোধ সব সময়ই প্রতিষেধকের চেয়ে উত্তম। ওই মুখপাত্র তথ্য দেন, বাংলাদেশে বছরে দরকারি কাজে ফরমালিনের চাহিদা মাত্র ৬০ থেকে ৭০ টন। আর সেখানে খোলাবাজারে বিকিকিনি ঘটে ৬০০ থেকে ৭০০ টন। তিনি ফরমালিন আমদানির দায়িত্ব টিসিবিকে দিয়ে ফরমালিন হস্তান্তর-প্রক্রিয়া তদারকির সুপারিশ করেন। অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মনে করেন, যেহেতু ফরমালিন খুব অল্প পরিমাণে লাগে, তাই সরকার এর দাম ৫০ গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এতে যথেচ্ছ ব্যবহার বন্ধ হবে।আমরা মনে করি, এ ধরনের পদক্ষেপ নেওয়াই যুক্তিযুক্ত ও সমীচীন। বর্তমানে খাদ্যে ভেজাল প্রতিরোধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতগুলো ফরমালিনবিষয়ক বিষক্রিয়ার দিকটিও দেখভাল করছেন। কিন্তু এই আদালতের কার্যক্রম সীমিত। অসাধু ব্যবসায়ীরা ফরমালিন ছাড়াও ক্যালসিয়াম কার্বাইড ও ইথেফেনের মতো রাসায়নিক দ্রব্যও অহরহ ব্যবহার করছেন। সে ক্ষেত্রে উপযুক্ত আইন ও তার প্রয়োগ, আমদানি ও খোলাবাজারে সহজলভ্যতা নিয়ন্ত্রণ, জনসচেতনতা বাড়ানো—এর সব কটিই সমন্বিতভাবে নিতে হবে। ফরমালিন খুবই বিষাক্ত। পানি ও ফরমালডিহাইডের (বর্ণহীন গ্যাসবিশেষ) দ্রবণ হলো এটি। মাত্র ৩০ মিলিগ্রাম ফরমালিনে যদি শতকরা ৩৭ ভাগ ফরমালডিহাইড থাকে, তাহলে তা কারও মৃত্যু ঘটাতে পারে। সমীক্ষায় দেখা গেছে, এই রাসায়নিক দ্রব্য ও শ্বেতকণিকার আধিক্যজনিত রক্তাল্পতা রোগের (লিউকেমিয়া) মধ্যে সম্পর্ক আছে। এসব বিষয়ে জনসাধারণকে সতর্ক ও সচেতন করতেও পদক্ষেপ নিতে হবে।