বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর সংজ্ঞা নিয়ে ক্ষমতাসীনেরা বিগত বিএনপি সরকারকেই অনুসরণ করছে, এটা আশ্চর্যের কথা। প্রজ্ঞাপন জারি করে সরকার প্রশাসনসহ সবাইকে ‘আদিবাসী’ শব্দটি পরিহার করে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি শব্দ ব্যবহার করতে বলা বিশ্ব আদিবাসী দিবস অস্বীকারেরই শামিল। গত বছর নওগাঁসহ দেশের বিভিন্ন স্থানে আদিবাসী দিবস পালনে পুলিশের বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।
এ দেশে বাংলা ও উর্দু ভাষাভাষীর বাইরের যে জনজাতিসমূহের পাহাড়ে ও সমতলে বসবাসের সুদীর্ঘ ইতিহাস রয়েছে, তাদের নামকরণ তারাই করবে। জাতিসংঘ বিশ্বের দেশে দেশে বসবাসকারী প্রান্তিক কিন্তু ঐতিহ্যবাহী জনগোষ্ঠীকে বিশেষ কিছু শর্তে আদিবাসী হিসেবে সংজ্ঞায়িত করে তাদের বিশেষ অধিকার সংরক্ষণের কথা বলেছে। এই সংজ্ঞায়ন যে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ মেনে নিয়েছিল, তার প্রমাণ তাদের ২০০৮ সালের নির্বাচনী ইশতেহার। ইশতেহারের ১৮.১ অনুচ্ছেদে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ‘ধর্মীয় সংখ্যালঘু, ক্ষুদ্র জাতিসত্তা, আদিবাসী ও চা-বাগানে কর্মরত শ্রমজীবী জনগোষ্ঠীর ওপর সন্ত্রাস, বৈষম্যমূলক আচরণ এবং মানবাধিকার লঙ্ঘনের চির অবসান, তাদের জীবন, সম্পদ, সম্ভ্রম, মানমর্যাদার সুরক্ষা এবং রাষ্ট্র ও সমাজজীবনের সর্বক্ষেত্রে সমান অধিকারের বাস্তব প্রয়োগ নিশ্চিত করা হবে। আদিবাসীদের জমি, জলাধার এবং বন এলাকায় সনাতনী অধিকার সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ ভূমি কমিশন গঠন করা হবে।’
বাংলাদেশের আদিবাসী জনজাতিসমূহের দাবি আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারের বাইরে কিছু নয়। তাহলে কেন সরকার তার ঘোষিত অবস্থান থেকে সরে এল? কেনই বা পঞ্চদশ সংশোধনীতে তাদের ভিন্ন নামে পরিচিত করা হলো?
আদিবাসী দিবস পালন মানে কিছু বাণীবর্ষণ নয়। আদিবাসীদের বাংলাদেশের নাগরিক অধিকার ও আত্মপরিচয়ের মর্যাদা বাস্তবায়নের অঙ্গীকারই এই দিবসের কাজ। প্রজ্ঞাপন জারি করে ‘আদিবাসী’ শব্দটি সরকারিভাবে বাতিল করে সরকার তাদের জাতিপরিচয় ভূলুণ্ঠিত করছে এবং নিজের অঙ্গীকার ভঙ্গ করছে। জাতিগত নিপীড়নের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা বাংলাদেশের কি এমন বৈষম্য করার কথা ছিল?