বিসিএস উত্তীর্ণদের নিয়োগ না হওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষিত বেকারত্ব ও কর্মসংস্থানের তীব্র অভাবের দেশে ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১৩৪৮ জন (৮৯৮ প্রধান শিক্ষক ও ৪৫০ সহকারী শিক্ষক) তরুণ অহেতুক অনিশ্চয়তার কবলে খাবি খাচ্ছেন। এটা সবারই জানা যে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বড় সংকট রয়েছে। ৩৩৩টি মাধ্যমিক স্কুলের প্রায় ২ হাজার শিক্ষকের পদ শূন্য। শিক্ষকের অভাব ও শিক্ষার্থীদের পাঠদানে টানাপোড়েন তৈরি হলে তা কার্যত জাতি গঠন প্রক্রিয়াকেই ব্যাহত করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা স্বীকার করছেন যে সব থেকে বেশি সমস্যা ইংরেজি, গণিত ও বাংলায়। কিন্তু নানা জটিলতায় ২০১২ সালের জানুয়ারি থেকে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না।

আর ওই ১৩৪৮ জনের মধ্যে ৪৫০ উচ্চশিক্ষিত তরুণ এক বছরের বেশি সময় আগে মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগলাভের সব রকম আনুষ্ঠানিকতা শেষ করেও কাজে যোগ দিতে পারছেন না। এর পেছনের অভাবনীয় সত্য হচ্ছে, কতিপয় পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত খামখেয়ালির জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অচলাবস্থার দ্রুত অবসান হওয়া দরকার। একই সঙ্গে এই দায়িত্বহীন কর্মকর্তাদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে গত বছরের ১০ আগস্টে সরকারি কর্ম কমিশনের সুপারিশ করা প্রাথমিক স্কুলের ৮৯৮ জন প্রধান শিক্ষকের কাজে যোগ না দিতে পারার কারণ হিসেবেও পুলিশ প্রতিবেদন না পাওয়াকেই চিহ্নিত করা হয়েছে।

আমরা লক্ষ করি, কতিপয় প্রভাবশালী ব্যক্তি সরকারের কথিত ভাবমূর্তির বিষয়ে সময়ে সময়ে যথেষ্ট স্পর্শকাতরতা দেখিয়ে থাকেন। কিন্তু তাঁদের এ ধরনের কৃত্রিম সংকট নিরসনে কোনো ধরনের বিশেষ হস্তক্ষেপ বা কর্মতৎপর হতে দেখা যায় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বড় কর্তা বিস্ময় প্রকাশ করে বলেছেন, কোনো ভেরিফিকেশনে এত দিন লাগার কথা নয়। আবার ওই ৪৫০ জনের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষ হওয়ার পর তাঁরা কবে কাজে যোগ দিতে পারবেন,
তা কারও জানা নেই। জনপ্রশাসনে চাকরি যেখানে সোনার হরিণ, সেখানে নিশ্চিত চাকরি হওয়ার পরও তাতে যোগ দিতে না পারার মানসিক যন্ত্রণা অপরিসীম। আমাদের মেধাবী সন্তানদের কর্মজীবনের শুরুতে এ রকম তিক্ত অভিজ্ঞতা হতে দেওয়া অনভিপ্রেত। একই সঙ্গে শিক্ষকসংকট দীর্ঘায়িত হওয়ায় শিক্ষা কার্যক্রমের ক্ষতিও মেনে নেওয়া যায় না।