বিসিএস পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ সময়ে বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হওয়ায় এটাই প্রমাণিত হলো যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে কয়েক দিন ধরে যে আলোচনা চলছিল, তার বিশ্বাসযোগ্যতা রয়েছে। এ ধরনের একটি পরীক্ষার আয়োজনের ক্ষেত্রে যেমন দীর্ঘ প্রস্তুতির ব্যাপার রয়েছে, তেমনি প্রশ্নপত্র প্রণয়ন ও ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার কথা। এর পরও এই প্রশ্নপত্র কীভাবে ফাঁস হলো বা কারা এ ধরনের অপকর্ম করার সাহস পেল, সেটা সত্যিই এক বড় প্রশ্ন।বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র হিসেবে বিভিন্ন বিষয়ের চার থেকে পাঁচ সেট প্রশ্নপত্র সপ্তাহ দুয়েক ধরেই পরীক্ষার্থীদের কাছে বিক্রি করা হচ্ছিল। শুধু হাতে লেখা প্রশ্নপত্র নয়, এর লিখিত উত্তরও অর্থের বিনিময়ে লেনদেন হচ্ছিল। সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমাদের জিজ্ঞাসা, কিছুদিন ধরে এই যে প্রশ্নপত্র বিক্রি ও লেনদেনের ঘটনা ঘটছে, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের কেন ধরার কোনো উদ্যোগ নেওয়া হলো না?সরকারি কর্মকমিশন (পিএসসি) শুরুতে বিষয়টিকে গুজব বলে বাতিল করে দিয়েছিল। তাদের যুক্তি ছিল, পরীক্ষার কিছুক্ষণ আগে সিদ্ধান্ত নেওয়া হবে কোন প্রশ্নপত্রে পরীক্ষা হবে, সুতরাং ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু প্রশ্নপত্রের সব সেটই যে ফাঁস হতে পারে এমন আশঙ্কা কেন তারা করতে পারল না? দেখা গেল যে চার-পাঁচ সেট প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছে বিক্রির চেষ্টা হচ্ছে। আমাদের কথা হচ্ছে, এই প্রশ্নপত্রগুলো যদি ভুয়া হয়েও থাকে তার পরও প্রশ্নপত্র বাণিজ্যের খবরকে গুজব বলে উড়িয়ে না দিয়ে পিএসসির উচিত ছিল কারা এই লেনদেন করছে, তাদের চিহ্নিত করা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ধরার চেষ্টা করা।অতীতেও বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। তবে গত চার বছরে প্রশ্নপত্র ফাঁসের মতো কোনো অঘটন আমরা দেখতে পাইনি। বলা যায়, এই সময়ে পিএসসির কাজকর্মে শৃঙ্খলা ও গতিশীলতা ফিরে আসার পরিস্থিতি তৈরি হয়েছে। নিয়মিত পরীক্ষা ও ফল প্রকাশ হয়ে আসছে। এই পরিস্থিতিতে প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের অভিযোগ এবং এ জন্য পরীক্ষা বাতিলের ঘটনা একটি বড় বিপর্যয়।প্রশ্নপত্র ফাঁস হয়েছে—এমন কিছু পিএসসি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তারা বলেছে, এ নিয়ে বিভ্রান্তি দূর করতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা আশা করব, শুধু পরীক্ষা স্থগিত করে পিএসসি তাদের দায়িত্ব সারবে না। বরং সত্যিই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে কি না, সেটা তদন্ত করে দেখবে এবং ঘটনা সত্যি হয়ে থাকলে কারা এর পেছনে দায়ী, সেটা বের করে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করবে। আর কোনো গোষ্ঠী যদি ভুয়া প্রশ্নপত্র বানিয়ে তা বিক্রির চেষ্টা করে থাকে, তবে সেই গোষ্ঠীকেও শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা এ ব্যাপারে পিএসসির কঠোর অবস্থান প্রত্যাশা করছি।