বিসিএসে সময় ক্ষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরির প্রতি অনেকেরই আশায় গুড়ে বালি করে দিচ্ছে বিসিএসের মাত্রাতিরিক্ত দীর্ঘসূত্রতা। গত এক যুগে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চাকরিতে যোগদানের গেজেট প্রকাশের মধ্যে সময়ের ব্যবধান গড়ে প্রায় দুই বছরের কিছু কম। এর মধ্যে ৩৪তম বিসিএসের এই প্রক্রিয়া শেষ করতে সময় লেগেছে তিন বছর চার মাস। বিসিএসের এই সময়জটের কারণে হাজারো তরুণের স্বর্ণ সময় জীবন থেকে হারিয়ে যায়। এ ব্যাপারে তাই আমরা বলতে চাই, যথেষ্ট হয়েছে, আর নয়।
প্রতিবছর গড়ে প্রায় দুই লাখ তরুণ-তরুণী বিসিএস পরীক্ষায় অংশ নেন। তাঁরা জাতির শিক্ষিত ও মেধাবী অংশ। একে তো শিক্ষাব্যবস্থার সমস্যার কারণে সাধারণ মানের উচ্চশিক্ষা অর্জন করতেই তাঁদের বয়স হয়ে যায় ২৪-২৫ বছর। অন্যদিকে বিসিএস পরীক্ষা দেওয়ার বয়সসীমা ৩০ বছর। এ অবস্থায় একটি বিসিএসের জন্যই তাঁদের প্রায় দুই বছর সময় খোয়ানো মানে অমনোনীত পরীক্ষার্থীদের জন্য একাধিকবার বিসিএস দেওয়া ও জীবনের আরও অনেক সুযোগ ক্রমেই কমে আসা।
এদিকে মৌখিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় চার মাস হয়ে গেলেও এখনো ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়নি। প্রিলিমিনারির ফল প্রকাশের ছয় মাস পেরোলেও ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা এখনো শুরুই হয়নি। এভাবে মূল্যবান সময়ের অপচয়ে কেবল বিসিএসপ্রত্যাশী তরুণেরাই ক্ষতিগ্রস্ত হন না, অপচয় হয় শিক্ষিত শ্রমশক্তিরও।
এ বিষয়ে রোববারের প্রথম আলোর সংবাদে কিছু কারণ চিহ্নিত করা হয়েছে। হাতে পরীক্ষার খাতা দেখা, পরীক্ষকদের গাফিলতি এবং কোটার হিসাবনিকাশে ত্রুটিবিচ্যুতি সংশোধন করতে গিয়ে এ বিলম্ব হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এগুলো কি অলঙ্ঘনীয় কোনো সমস্যা? যথাসময়ে পরীক্ষা ও ফল প্রকাশিত হলে একদিকে উত্তীর্ণ তরুণদের যেমন কর্মজীবন শুরু হতে পারে, অন্যদিকে অনুত্তীর্ণ তরুণেরাও পরেরবারের জন্য অথবা অন্য কোনো পরিকল্পনা নিয়ে জীবনে অগ্রসর হতে পারবেন। সরকারি প্রতিষ্ঠানের ব্যর্থতায় হাজারো তরুণের জীবন ব্যর্থ হতে দেওয়া যায় না।