সিলেটে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) গোটাটিকর ও খাদিমনগর শিল্পনগরে ১৫টি কারখানা বন্ধ থাকলেও কর্তৃপক্ষ নিয়ম মেনে সেগুলোর জন্য বরাদ্দকৃত প্লট বাতিল করছে না, যদিও অনেকেই এগুলো কেনার আগ্রহ দেখিয়েছেন। কর্তৃপক্ষের এই উদ্যোগহীনতায় নতুন উদ্যোক্তারা সুযোগ পাচ্ছেন না। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। প্রবৃদ্ধির হার ৬ থেকে ৭-এর ঘরে নিতে হলে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, প্রবৃদ্ধির হার ৭-এর ঘরে নিতে হলে বিনিয়োগের পরিমাণ হতে হবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩২-৩৩ শতাংশ, যেটা এ মুহূর্তে ২৯ শতাংশের মতো।
বিনিয়োগের পরিমাণ বাড়াতে দেশে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন হয়ে গেল। এর মূল লক্ষ্য ছিল, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি জোর দিতে হবে। শিল্পে বিনিয়োগের অন্যতম প্রধান শর্ত হচ্ছে জমি এবং জমির অভাবে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। এই বাস্তবতায় সবচেয়ে জরুরি কাজ হচ্ছে খালি ও বন্ধ হয়ে যাওয়া শিল্প প্লট অন্য উদ্যোক্তার কাছে হস্তান্তর করা।
শিল্পনগরের কর্মকর্তারা বলছেন, তাঁরা প্রায়ই বন্ধ কারখানার প্লটমালিকদের চিঠি দিচ্ছেন। মালিকদের মধ্যে অনেকেই কথা দিয়েছেন, তাঁরা শিগগিরই অন্য মালিকদের কাছে প্লট বিক্রি করে দেবেন। কর্মকর্তারা বলছেন, মানবিক কারণে তাঁরা এসব প্লটের বরাদ্দ বাতিল করছেন না। কারণ, এতে মালিকেরা তাঁদের টাকা ফেরত পাবেন না। আবার এসব শিল্পনগরের অবকাঠামোগত সুযোগ-সুবিধাও খুব নিম্নপর্যায়ের। খাদিমনগর শিল্পনগরে সীমানাপ্রাচীরও নেই, ফলে সেখানে নিরাপত্তার অভাব আছে। সেখানে বর্জ্য পরিশোধনের ব্যবস্থা না থাকায় শিল্পবর্জ্য আশপাশের ডোবানালায় গিয়ে পড়ছে, এতে পরিবেশ দূষিত হচ্ছে।
এই পরিস্থিতিতে প্রথমত, এসব শিল্পনগরের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, যাতে উদ্যোক্তারা নির্বিঘ্নে উৎপাদন করতে পারেন। আর দ্বিতীয়ত, বন্ধ কারখানা চালু করার বা সেগুলোর প্লট নতুন উদ্যোক্তাদের কাছে হস্তান্তর করার জন্য বিসিককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।