ছেলেবেলায় স্কুলে বাংলা ব্যাকরণের বইতে কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ পড়েছিলাম, ‘পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলিতেছে।’ অল্প বয়সের অপাপবিদ্ধ মন নিয়ে তখন ভাবতাম, পণ্ডিতেরা পরস্পর যখন তর্ক করেন, তখন তাঁদের তর্কের বিষয়টি হয় অবশ্যই খুব উঁচু মার্গের, এক কথায় সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। পরিণত বয়সে উপনীত হয়ে এখন প্রতীতি জন্মেছে, পণ্ডিতেরাও আমাদের মতো মানুষ এবং ওনারাও প্রায়ই আমাদের ন্যায় তুচ্ছাতিতুচ্ছ বিষয় নিয়ে তর্কযুদ্ধে অবতীর্ণ হন।তা হাসির রাজ্যে ‘পণ্ডিত’-এর সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়ে থাকে যে, ‘যিনি সবকিছু পণ্ড করিয়েছেন তিনিই পণ্ডিত।’ আর এ সম্পর্কে একটি মজার উপাখ্যানও আছে:বাংলা সাহিত্যের আকাশে একসময় দুই শরৎচন্দ্র উজ্জ্বল তারার মতো জ্বলতেন—একজন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং অপরজন রসসাগর শরৎচন্দ্র পণ্ডিত, যাকে সবাই দাদাঠাকুর শরৎচন্দ্র বলে জানত। তো দাদাঠাকুর শরৎচন্দ্রের কাছে কেউ কোনো প্রশ্ন করলেই তৎক্ষণাৎ স্বতঃস্ফূর্তভাবেই যেন একটা সরস উত্তর বেরিয়ে আসত। একদিন এক ব্যক্তি তাঁকে প্রশ্ন করে বসলেন, ‘আচ্ছা, দাদাঠাকুর, আপনি পণ্ডিত উপাধিটা পেলেন কোত্থেকে?’‘কী জানতে চাইছ তুমি?’‘আজ্ঞে, আপনার উপাধি পণ্ডিত হলো কী করে?’দাদাঠাকুর তখন সহাস্যে বললেন, ‘আরে মূর্খ, এও বোঝো না? শোনো তবে। বস্তু খণ্ড খণ্ড হয়ে গেলে ওটাকে কী বলে?’‘আজ্ঞে, খণ্ডিত বস্তু’, লোকটি প্রত্যুত্তরে বলল।দাদাঠাকুর এবারে উচ্চহাস্যে বলে উঠলেন, ‘বস্তুর খণ্ড অবস্থার রূপ হচ্ছে খণ্ডিত, আর যে সবকিছু পণ্ড করে দেয় সে হচ্ছে পণ্ডিত। আমার পণ্ডিত উপাধিটা এসেছে ওদিক থেকে।’আর হ্যাঁ, পণ্ডিতে পণ্ডিতে যখন তর্ক করেন, তখন প্রায়ই হাস্যরসের অবতারণা হয়। কেননা, তাঁদের কথার মধ্যে থাকে ‘উইট’ তথা বুদ্ধিদীপ্ত রসিকতা; যে কারণে ইংরেজি ভাষায় একটি পরিচিত শব্দগুচ্ছই আছে ‘ব্যাটল অব উইটস’ (Battle of wits), অর্থাৎ বুদ্ধিদীপ্ত রসিকতার লড়াই। এ স্থলে অতঃপর আমি এটার গুটিকয় উদাহরণ বা উপাখ্যান কোনো টীকা-টিপ্পনী ছাড়াই দিতে যাচ্ছি। তবে তার আগে সুহূদ পাঠকদের বলে রাখি, আমি এই ইহজীবনে ৬৮টি শীতকাল অতিক্রম করে ৬৯টিতে পদার্পণ করলেও স্রষ্টার অশেষ মেহেরবানিতে স্মৃতিশক্তি এখনো অম্লান আছে; কিন্তু বিগত এক যুগেরও অধিক কাল যাবৎ বর্তমান কলামটি লিখে আসছি বিধায় কোনো কোনো ক্ষেত্রে হয়তো দ্বিরুক্তি ঘটতেও পারে। তজ্জন্য আমাদের এই ঋণ-জর্জরিত গরিব দেশের বর্তমান এক মন্ত্রী তাঁর অফিস-চেম্বারকে জৌলুশপূর্ণভাবে সাজিয়ে সাংবাদিকদের যে বলেছিলেন ব্যাপারটা ‘ক্ষমাসুন্দর’ চোখে দেখতে, আমিও তেমনিভাবে অনুরোধ জানাব কি না ভাবছি। যা হোক, কথা আর না বাড়িয়ে সরাসরি উদাহরণে চলে আসি—জর্জ বার্নার্ড শ তাঁর বিখ্যাত নাটক সেইন্ট জোয়ান (St. Joan) মঞ্চস্থ হওয়ার কালে স্যার উইনস্টন চার্চিলকে প্রথম রাতের প্রদর্শনীতে দুটো সৌজন্য টিকিট পাঠান—চার্চিল তখন ব্রিটেনের ‘চ্যান্সেলর অব এক্সচেকার’ তথা অর্থমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো টিকিটের সঙ্গে শ একটি চিরকুটে লিখে দেন: একটি টিকিট আপনার জন্য ও অপরটি আপনার বন্ধুর জন্য, অবশ্য যদি আপনার কোনো বন্ধু থাকে। চার্চিল টিকিট দুটো ফেরত পাঠালেন দুঃখ প্রকাশ করে যে, তিনি আসতে পারবেন না। তবে সেই সঙ্গে তিনিও চিরকুটে একটি কথা জুড়ে দিলেন: আমি দ্বিতীয় রাতের দুটো টিকিট পেলে খুশি হব, অবশ্য যদি আপনার নাটকটি দ্বিতীয় রাতেও মঞ্চস্থ হওয়ার উপযোগী হয়ে থাকে।রবীন্দ্রনাথ ১৯১৩ সালে তাঁর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পাওয়ার পর এক পশ্চিমা সাহেব যে তাঁকে বলেছিলেন, ‘টেগোর, তোমার গীতাঞ্জলি বইটা দারুণ হয়েছে, কিন্তু আমি ভাবছি, ওটা তোমাকে কে লিখে দিল’ এবং তদুত্তরে কবিগুরু যে বলেছিলেন, ‘তার আগে তুমি বলো, গীতাঞ্জলির মতো কাব্য কে তোমাকে পড়ে দিয়েছে।’ এই উপাখ্যানটি বহুল কথিত। তো বারান্তরে রবীন্দ্রনাথ ইউরোপে গেলে আইনস্টাইনের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটে। আইনস্টাইন রবীন্দ্রনাথকে উদ্দেশ করে, ‘আপনাকে চিনেই ভারতবর্ষকে চিনলাম।’ বলতেই কবিগুরু বলে উঠলেন, ‘ভুল হলো; বলুন ভারতবর্ষকে চিনতে পেরেছেন বলেই আমাকে চিনলেন।’ আইনস্টাইন অতঃপর বললেন, ‘যথার্থই বলেছেন—আপনি হলেন ভারতবর্ষের মধ্যমণি, ভারতবর্ষের রবি।’কবিগুরু হেসে বললেন, ‘আপনার দেশে কি রবির উদয় হয় না?’ ‘আমার দেশে রবির প্রভাব সব সময়ই কম’, সহাস্যে জবাব দিলেন আইনস্টাইন, ‘রবি দূরে এবং পার্শ্বে হেলে থাকেন কি না!’ কবিগুরু অতঃপর মৃদুহাস্যে যোগ করলেন, ‘এখন থেকে দূরে নয়, পাশে পাশেই থাকব।’আব্রাহাম লিংকন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৮৬০ সালে, তৎপূর্বে ১৮৪৬ সালে কংগ্রেসে নির্বাচনের প্রাক্কালে একদা তিনি বিশপ পিটার কার্টরাইট কর্তৃক পরিচালিত একটি প্রার্থনাসভায় যোগদান করেছিলেন। তো প্রার্থনার একপর্যায়ে কার্টরাইট সমবেত প্রার্থনাকারীদের মধ্যে যাঁরা স্বর্গে যেতে চান, তাঁদের উঠে দাঁড়াতে বললেন। লিংকন ছাড়া সবাই উঠে দাঁড়ালেন। অতঃপর যাঁরা নরকে যেতে চান না, তাঁদেরকে তিনি উঠে দাঁড়াতে বললে এবারও লিংকন ঠায় বসে রইলেন। কার্টরাইট এটা লক্ষ করে বলতে লাগলেন, ‘আমি আশ্চর্যান্বিত! মি. লিংকন স্বর্গেও যেতে চান না এবং নরক থেকেও পরিত্রাণ চান না। তাহলে তিনি কোথায় যেতে চান?’‘আমি কংগ্রেসে যেতে চাচ্ছি’, লিংকন আস্তে করে জবাব দিলেন।হাসির রাজা মার্ক টোয়েন আমেরিকার হার্টফোর্ড শহরে বসবাসকালে স্থানীয় চার্চের বিশপ ড. দোয়ানের ‘সারমন’ তথা ধর্মীয় বক্তৃতা শুনতে মাঝেমধ্যে চার্চে যেতেন। তো একদিন ‘সারমন’ শেষে তিনি এগিয়ে গিয়ে বললেন, ‘ড. দোয়ান, আমি আপনার বক্তৃতাটা খুব উপভোগ করেছি। তবে আমার বাসায় একটা বই আছে, যেটায় আপনার সারমনের প্রতিটা শব্দ পাওয়া যাবে।’ ‘এটা হতেই পারে না’, ড. দোয়ান তীব্র প্রতিবাদ জানিয়ে বললেন। ‘অবশ্যই হতে পারে। আমি আগামীকালই বইখানা আপনার কাছে পাঠিয়ে দেব, তাহলেই আপনি বুঝতে পারবেন।’ এই বলে মার্ক টোয়েন বিদায় নিলেন।পরদিন তিনি বাহক মারফত ড. দোয়ানের কাছে যে বইটি পাঠালেন, সেটা ছিল নোয়াহ ওয়েবস্টার (Webster) কর্তৃক সম্পাদিত একটি সম্পূর্ণ ডিকশনারি।প্রখ্যাত ফরাসি লেখক আলেকজান্ডার ডুমার কাছে একবার এক উদীয়মান লেখক তাঁর একটি উপন্যাসের পাণ্ডুলিপি পাঠিয়ে জানতে চাইল, তিনি তাঁর সহযোগী হতে রাজি আছেন কি না। ডুমা নবীন লেখকের ঔদ্ধত্যে বিস্মিত হয়ে লিখে পাঠালেন, ‘আমি ঘোড়া ও গাধা মিলে একসঙ্গে কাজ করার পক্ষপাতী নই।’ প্রত্যুত্তরে নবীন লেখক লিখে পাঠাল, ‘আপনি আমার সঙ্গে কাজ করতে চান না, সেটা আলাদা কথা। কিন্তু তাই বলে দয়া করে আমাকে ঘোড়া বানাবেন না।’ ডুমা পত্রপাঠে খুশি হয়ে লেখককে সম্মতিসূচক উত্তর পাঠালেন।ফার্সি ভাষার বরেণ্য কবি শেখ সাদী একবার তাঁর শহর সিরাজ থেকে পারস্যের অন্যতম শহর তাব্রিজে গেলে ওখানকার এক ‘হাম্মাম’ তথা গোসলখানায় স্থানীয় বিখ্যাত কবি হুমাম তাব্রিজির সঙ্গে আকস্মিক সাক্ষাৎ ঘটল। তাঁরা পরস্পরের পরিচয় না জেনেই কথোপকথনে প্রবৃত্ত হলেন। হুমাম শেখ সাদীর জন্মস্থান সিরাজ শহর জানতে পেরেই মজা করার উদ্দেশ্যে বললেন, ‘তাব্রিজ শহরে কুকুরের চেয়ে সিরাজিদের (অর্থাৎ মূলত সিরাজে জন্মগ্রহণকারীদের) সংখ্যা বেশি।’ প্রত্যুত্তরে শেখ সাদী বললেন, ‘সিরাজ শহরে অবস্থা সম্পূর্ণ বিপরীত। সেখানে তাব্রিজিদের কুকুরের চেয়ে কম মনে করা হয়’ (এখানে ‘কম’ কথাটা কিন্তু দ্ব্যর্থবোধক)। তা হুমাম জানতেন যে, সিরাজ শহরের লোকদের মাথায় খুব তাড়াতাড়ি টাক পড়ে যায়; তাই শেখ সাদীর মাথার টাক লক্ষ্য করে তিনি তাঁর ওজুর বদনা উপুড় করে বলে উঠলেন, ‘আমি বুঝতে পারি না আপনারা সব সিরাজিদের মাথা এটার তলদেশের মতো মসৃণ কেন হয়!’ প্রত্যুত্তরে শেখ সাদী তাঁর নিজের বদনার খালি ভেতরটার দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ‘আমিও বুঝতে পারি না, এ কেমন করে হয় যে তাব্রিজিদের মাথা এটার মতো খালি।’অতঃপর একে অন্যের পুরোপুরি পরিচয় পেয়ে পরস্পর আলিঙ্গনে আবদ্ধ হলেন।আতাউর রহমান: রম্য লেখক। ডাক বিভাগের সাবেক মহাপরিচালক।