খাল কেটে কুমির আনার কথা প্রবাদে আছে। আর বাংলাদেশে একশ্রেণীর কুমির নদী, খাল, বিল খেয়ে ফেলছে। তাঁরা সব সময় ক্ষমতাসীন দল বা বিরোধী দলের প্রভাবশালী নেতা বা ডানপিটে কর্মী। দলের পৃষ্ঠপোষকতায় তাঁরা শক্তি সঞ্চয় করেন। বুড়িগঙ্গার তিন কিলোমিটার অংশে গত ছয় মাসে ২২৫টি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। দক্ষিণ কেরানীগঞ্জের কান্দাপাড়া এলাকায় নদীর দেড় হাজার বর্গফুট অংশ ও তীরভূমি দখলের অভিযোগ যে ব্যক্তির বিরুদ্ধে উঠেছে, তিনি নিজেকে আইনানুগ মালিক বলে দাবি করেন। কারণ, তাঁর জমি কেনার দলিল আছে। কিন্তু নদীর জমি কি কেউ বিক্রি করতে পারে? বিআইডব্লিউটিএ থেকে নোটিশ দেওয়া হলেও তিনি মানতে নারাজ। প্রভাবশালী খুঁটির জোর না থাকলে সরকারের নির্দেশ অমান্য করা কি সম্ভব?বুড়িগঙ্গার তীরজুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান আবার শুরু হয়েছে। এটা হয়তো কিছুদিন চলবে। কিন্তু তাতে কি কাজ হবে? উচ্ছেদ অভিযান আগেও অনেকবার চলেছে। সরকারের খাজাঞ্চিখানার টাকা ব্যয়ে কার্পণ্য থাকে না। অভিযানের নামে ধুমধাম চলে কিছুদিন। কিন্তু এরপর সব চুপচাপ।বুড়িগঙ্গার তীরে গড়ে তোলা হয়েছে মাঝি শ্রমিক লীগ ও যুবলীগের দোকানঘর বা ক্লাবঘর। মঙ্গলবার প্রকাশিত প্রথম আলোর খবরে এসবের বিস্তৃত বিবরণ আছে। গত রোববার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল আবার দখলের খবর বেরিয়েছে। আওয়ামী লীগের স্থানীয় নেতা, ইউপি সদস্যসহ অনেক প্রভাবশালীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মাত্র ছয় বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এই খাল দখলবাজদের হাত থেকে উদ্ধার করেছিল। খনন করে খালে নৌকা চলাচলের ব্যবস্থাও হয়েছিল। কিন্তু এখন আবার দখল হয়ে গেছে। বেড়া ফসল খেলে আটকাবে কে?আইন আছে, কিন্তু প্রয়োগ দুর্বল। হাইকোর্টের আদেশও প্রভাবশালীরা মানেন না। এর একটাই ওষুধ—কঠোর ব্যবস্থা। বিচার ও কঠিন শাস্তি। উচ্ছেদের পর কেউ যেন নদী দখল করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি রাখতে হবে। নদী না বাঁচালে মানুষ বাঁচবে না।