বুড়িগঙ্গা দখলমুক্ত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাম্প্রতিক অভিযানে অনেক ক্ষমতাবান ব্যক্তির অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু তাদের এ অভিযান নদীর আদি চেহারা ফিরিয়ে আনতে পারবে কি না, তা নির্ভর করছে সরকারের পরবর্তী পদক্ষেপের ওপর। এর আগেও সংস্থাটি দখলদারদের বিরুদ্ধে অনেক অভিযান চালিয়েছে। কিন্তু আইনের ফাঁকফোকর কিংবা গায়ের জোরে প্রভাবশালী ব্যক্তিরা নদীর দখল অব্যাহত রেখেছেন।
গত রোববার ও সোমবার বিআইডব্লিউটিএ পরিচালিত অভিযানে ঢাকা-৭-এর সাংসদ হাজি সেলিমের একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ ছাড়া ইমামগঞ্জ ও সোয়ারীঘাট এলাকায় আরও অনেক প্রভাবশালী ব্যক্তির অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়। এসব অবৈধ স্থাপনার কারণে বুড়িগঙ্গার আদি চ্যানেল মরে গিয়েছিল। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে বিআইডব্লিউটিএ এলাকার সব অবৈধ স্থাপনা ভাঙতে পারেনি।
কেবল বুড়িগঙ্গা নয়, ঢাকার আশপাশের অন্যান্য নদী—শীতলক্ষ্যা, তুরাগ ও বালু দখল হয়ে যাচ্ছে। উচ্চ আদালতের নির্দেশনা, সরকারের আইন কিংবা অভিযান কোনো কিছুই কাজে আসছে না। বিআইডব্লিউটিএ গত ২২ ও ২৩ নভেম্বরও বাবুবাজার এলাকায় আরেক দফা উচ্ছেদ অভিযান চালিয়েছিল। তাই নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অনেকটা চোর-পুলিশ খেলায় পরিণত হয়েছে বললেও খুব একটা ভুল হবে না। একদিকে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান চালাচ্ছে, অন্যদিকে উচ্ছেদ হওয়া জায়গায় প্রভাবশালী ব্যক্তিরা আবার স্থাপনা তৈরি করছেন। এই প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে যেমন ব্যবসায়ী আছেন, তেমনি আছেন রাজনীতিক, জনপ্রতিনিধিও। বুড়িগঙ্গা দখলের সঙ্গে অন্তত দুজন সাংসদের নাম এসেছে—হাজি সেলিম ও আসলামুল হক। হাজি সেলিমের দখলবাজি অবশ্য শুধু নদীতে সীমিত নয়, তিনি শহরের ভেতরেও অনেক সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি ও বাড়িঘর দখল করেছেন। অন্যদিকে, নদী দখলের ঘটনা ফাঁস হওয়ার পর সাংসদ আসলামুল হক খোদ নদী কমিশনকেই চোখ রাঙাচ্ছেন।
উচ্চ আদালতের রায় অনুযায়ী নদী জীবন্ত সত্তা। এই জীবন্ত সত্তাকে রক্ষার কাজটি কেবল বিআইডব্লিউটিএর নয়। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সব সংস্থা তথা সর্বস্তরের মানুষের সহায়তা প্রয়োজন। প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ। দখলের পাশাপাশি বুড়িগঙ্গা দূষণেরও শিকার। বুড়িগঙ্গার পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলার কারণে। নদীর তলদেশ পলিথিনে ভরে যাওয়ায় ঠিকমতো খননকাজও করা যাচ্ছে না।
সম্প্রতি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দখলদারের নাম-ঠিকানা জানতে চেয়েছেন। দুই সাংসদ নিজেরাই তাঁদের নাম জানিয়ে দিয়েছেন। আরও অনেকের অবৈধ স্থাপনা আছে। নদীর সীমারেখা ধরে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। ভবিষ্যতে যাতে কেউ নতুন করে নদী দখল করতে না পারে, তা–ও নিশ্চিত করতে হবে। ঢাকার চার নদীর অবৈধ দখল বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ করতে হাইকোর্ট ২০০৯ সালের মে মাসে ৯ দফা নির্দেশনা দিয়েছিলেন, তার বাস্তবায়ন জরুরি বলে মনে করি।
দখলদারদের হাত থেকে নদীকে রক্ষা করতে উচ্ছেদ অভিযান ছাড়াও নদীর পাড় ঘিরে ওয়াকওয়ে তৈরি ও বাগান করার উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। কিন্তু দখলদারদের থাবা স্থায়ীভাবে বন্ধ করতে না পারলে তাদের কোনো উদ্যোগই সফল হবে না।